বেল না পড়িলে ডেলের কী!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভাগ্যে সওয়ার হয়ে ফিফটি তুলে নিয়েছেন মুশফিক। ছবি: প্রথম আলো
ভাগ্যে সওয়ার হয়ে ফিফটি তুলে নিয়েছেন মুশফিক। ছবি: প্রথম আলো

বেল ‘পাকিলে’ যেমন কাকের কোনো লাভ নেই, তেমনই বল গিয়ে স্টাম্পে আঘাত করার পরও যদি বেল না পড়ে, লাভ নেই বোলারের। আজ এই কথাটা আরও একবার টের পেলেন ডেল স্টেইন। ডেলকে হতাশা উপহার দিল বেল!
স্টেইনের করা ৩৯তম ওভারের শেষ বলটা অফস্টাম্পের বাইরেই ছিল। খেলতে গিয়ে টাইমিং ঠিকঠাক হলো না। ব্যাটকে ফাঁকি দিয়ে বল চলে গেল। স্টাম্পে আলতো চুমু খেয়ে চলে গেল উইকেটরক্ষকের হাতে। বেল পড়লই না!
স্টেইন ভাগ্যকে দুষতেই পারেন। বলতে পারেন, ‘আমার বেলায়ই কেন এমন ঘটে!’ ২০১১ সালের জানুয়ারিতে কেপটাউন টেস্টে ভারতের প্রথম ইনিংসে এমন ঘটনা ঘটেছিল। সেটাও ওভারের শেষ বল ছিল। বলটা হরভজন সিং রক্ষণাত্মক ভঙ্গিতেই খেলেছিলেন। কিন্তু ব্যাটে লেগে অফ স্টাম্প ছুঁয়ে সেটি চলে গেল উইকেটরক্ষক মার্ক বাউচারের গ্লাভসে। জোরালো আবেদনের পরও আম্পায়ারের সাড়া মেলেনি। হতাশায় রীতিমতো ফুঁসতে থাকলেন স্টেইন। ৬ রানে জীবন পাওয়া হরভজন খেলেছিলেন ৪০ রানের এক সময়ের দাবি মেটানো এক ইনিংস। সপ্তম উইকেটে শচীন টেন্ডুলকারের সঙ্গে গড়েছিলেন ৭৬ রানের জুটি। এ জুটির কল্যাণে লড়াই জমিয়ে তুলেছিল ভারত। টেস্টটা শেষ অবধি ড্র হয়েছিল।
বল স্টাম্পে লাগার পরও বেল না পড়ার ঘটনা ক্রিকেটে নেহাত কম নয়। টেস্ট ইতিহাসে এমন নজির খুঁজে পাওয়া যাচ্ছে ২৬টি। প্রথম ঘটে ইংলিশ ব্যাটসম্যান উইলিয়াম স্কটনের ক্ষেত্রে। ১৮৮৫ সালের মার্চে সিডনি টেস্টে ৩ রানের মাথায় ফ্রেডরিক স্পোফোর্থের বল পায়ে লেগে গড়িয়ে স্টাম্পে লাগলেও বেল পড়েনি। অবশ্য ইনিংসটি বড়ও হয়নি স্কটনের। ৪ রানেই ফিরেছিলেন বাঁ-হাতি ইংলিশ ব্যাটসম্যান।
টেস্টে এমন ঘটনার নজির আছে মাইকেল ক্লার্ক-জ্যাক ক্যালিসের মতো ব্যাটসম্যানদের ক্ষেত্রেও। ২০০৯ সালে বার্মিংহাম টেস্টে নিজেদের দ্বিতীয় ইনিংসে স্টুয়ার্ট ব্রডের বল স্টাম্প ছুঁলেও ক্লার্কের বেল পড়েনি। ৯২ রানে জীবন পাওয়া ক্লার্ক সেঞ্চুরি করে ফিরেছিলেন। ম্যাচটাও হয়েছিল ড্র। ২০০৮ সালে আহমেদাবাদ টেস্টে দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংসে হরভজনের করা ৭০তম ওভারের শেষ বলটা গড়িয়ে স্টাম্পে লাগলেও ক্যালিসের বেল ছিল অনড়! ৬১ রানে জীবন পাওয়া প্রোটিয়া অলরাউন্ডার খেলেছিলেন ১৩২ রানের দারুণ এক ইনিংস।

বেল হাওয়ায় ভেসে আবার বসে গেল জায়গায়। বেঁচে গেলেন জয়েস। গত বিশ্বকাপে। ফাইল ছবি
বেল হাওয়ায় ভেসে আবার বসে গেল জায়গায়। বেঁচে গেলেন জয়েস। গত বিশ্বকাপে। ফাইল ছবি


সর্বশেষ, এমনটা ঘটেছিল ২০১৩ সালে অকল্যান্ড টেস্টে, নিউজিল্যান্ড-ইংল্যান্ড ম্যাচে। ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংসে ১০০তম ওভারের শেষ বলে ওয়াগনারের শর্ট বল প্রায়রের গায়ে লেগে এক বাউন্সে স্টাম্পে লাগলেও বেল পড়েনি! ভাগ্যের ছোঁয়ায় ২৯ রানে বেঁচে যাওয়া প্রায়র শেষ পর্যন্ত ফেরেন সেঞ্চুরি করে । ম্যাচটাও হয় ড্র।
বাংলাদেশের ক্ষেত্রে এমন ঘটনার কথা বললে অবশ্যই আসবে ২০০৫ সালে নটিংহামে ইংল্যান্ডের বিপক্ষে সেই ওয়ানডের কথা। ৩৯২ রানের লক্ষ্যে খেলতে নেমে অভিষিক্ত ইংলিশ পেসার ক্রিস ট্রেমলেটের পরপর দুই বলে ফিরে যান শাহরিয়ার নাফীস ও তুষার ইমরান। ওয়ানডে অভিষেকেই হ্যাটট্রিকের সামনে ট্রেমলেট। নতুন ব্যাটসম্যান মোহাম্মদ আশরাফুলও ফিরে যেতে পারতেন। কিন্তু ট্রেমলেটের শর্ট বলটা ঠিক বেলের ওপর গিয়ে পড়লেও আলসে বেল বাবাজি জায়গা থেকে নড়লেন না। শূন্য রানে জীবন পাওয়া আশরাফুল সেদিন খেলেছিলেন ৫২ বলে ৯৪ রানের অসাধারণ এক ইনিংস।
বেল না-পড়ার সর্বশেষ আলোচিত ঘটনা গত বিশ্বকাপে। সেটিও একটি নয়, দু-দুটি ঘটনা। বিশ্বকাপে এলইডি লাইটের স্টাম্প ব্যবহার করা হয়েছিল। বল গিয়ে লাগলেই জ্বলে উঠত। ফলে স্টাম্প আর বেল জ্বলতে দেখলেই বোলার বুঝে যেতেন উল্লাস করার সময় এসেছে। কিন্তু এই উল্লাস করতে গিয়ে বোকা বনে গিয়েছিলেন। এক বিশ্বকাপে দুবার এমন ভাগ্যের ছোঁয়া পাওয়া দুই ব্যাটসম্যানের নাম এড জয়েস ও মিসবাহ-উল হক।
টেস্টে এমন ঘটনায় জীবন পাওয়া বেশির ভাগ ব্যাটসম্যানই বড় ইনিংস খেলে ফিরেছেন। ম্যাচও হয়েছে ড্র। মুশফিকুর রহিমের ক্ষেত্রেও কি তাই ঘটতে যাচ্ছে? ১০ রানে জীবন পাওয়া মুশফিক এরই মধ্যে তুলে নিয়েছেন ফিফটি। মুশফিকের ইনিংস গাড়ি তিন অঙ্ক ছুঁতে পারে কিনা, সেটিই এখন দেখার।

আশরাফুলের বেঁচে যাওয়ার সেই ভিডিওটি দেখুন