বেলিস-শরণে ইংল্যান্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মনে হচ্ছিল, জেসন গিলেস্পি কোচ হয়েই গেছেন, ঘোষণাটাই শুধু বাকি। শেষ পর্যন্ত গিলেস্পি নন, অনেকটা পেছন থেকে উঠে এসে দানটা জিতলেন ট্রেভর বেলিস। ইংল্যান্ডের নতুন ক্রিকেট কোচ হলেন নিউ সাউথ ওয়েলসের বর্তমান কোচ। কাল ইংলিশ ক্রিকেট বোর্ড (ইসিবি) এক বিবৃতিতে জানিয়েছে, জুলাই থেকে শুরু অ্যাশেজ থেকেই দায়িত্ব নেবেন ৫২ বছর বয়সী এই অস্ট্রেলিয়ান। ইংল্যান্ড দলে পুরোনো সহকারী পল ফারব্রেসের সঙ্গে পুনর্মিলনীও হচ্ছে বেলিসের।

কাল এক বিবৃতিতে ইসিবির ক্রিকেট পরিচালক অ্যান্ড্রু স্ট্রাউস বেলিসকে কোচ নিয়োগ করার সপক্ষে যুক্তি দিয়েছেন, ‘কোচ হিসেবে ট্রেভরের রেকর্ড অসাধারণ, নিজেকে ঘরোয়া ও আন্তর্জাতিক ক্রিকেটে প্রমাণ করেছেন। মানব-ব্যবস্থাপনার জন্য তাঁর সুনাম আছে, তিনটি সংস্করণেই কীভাবে দলকে জেতাতে হয়, সেটাও জানেন।’ ২০১১ সালে শ্রীলঙ্কাকে বিশ্বকাপ ক্রিকেটের ফাইনালে নিয়ে গিয়েছিলেন বেলিস। কলকাতা নাইট রাইডার্সকে দুবার আইপিএল জিতিয়েছেন, সিডনি থান্ডারকে বিগ ব্যাশ জিতিয়েছেন একবার। সংক্ষিপ্ত সংস্করণের এই অভিজ্ঞতাও যে বেলিসের পক্ষে কাজ করেছে, স্ট্রাউস সেটাও নিশ্চিত করেছেন, ‘পরের চার বছরে আইসিসির তিনটি বড় টুর্নামেন্ট আছে। ২০১৬ সালে ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ, ২০১৭ ও ২০১৯ সালে ইংল্যান্ড ও ওয়েলসে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি ও বিশ্বকাপ ক্রিকেট। আশা করি এগুলোতে ভালো করার জন্য তাঁর সংক্ষিপ্ত সংস্করণের অভিজ্ঞতা আমাদের কাজে আসবে।’
২০১১ বিশ্বকাপে ফারব্রেস ছিলেন বেলিসের সহকারী। পিটার মুরসের বিদায়ের পর আপাতত দলটাকে তিনিই সামলাচ্ছেন। ইসিবি জানিয়েছে, বেলিস দায়িত্ব নেওয়ার পরও ফারব্রেস দলের সঙ্গে থাকবেন। এএফপি।