বেলিসই বদলে দিলেন কুকদের!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লর্ডসে ধ্বংস হয়েছিল ইংল্যান্ড। দ্বিতীয় ইনিংসে মাত্র ৩৭ ওভারে অলআউট হয়ে হেরেছিল ৪০৫ রানে। ১০ দিন পর শুরু হওয়া এজবাস্টন টেস্টে ছবিটা বদলে গেল। এবার প্রথম ইনিংসে অস্ট্রেলিয়াই অলআউট ৩৬.৪ ওভারে। দ্বিতীয় ইনিংসে আবার অস্ট্রেলিয়ার ব্যাটিং বিপর্যয়। দুই দিনের মধ্যেই ইংল্যান্ডের সামনে উঁকি দিয়েছিল জয়ের সম্ভাবনা! তা অবশ্য হয়নি। তবে কোন মন্ত্রবলে হঠাৎই বদলে গেল ইংল্যান্ড? অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার ও বর্তমান নির্বাচক মার্ক ওয়াহ এক অস্ট্রেলীয়কেই দিচ্ছেন এই কৃতিত্ব। সেই অস্ট্রেলীয় ট্রেভর বেলিস, ইংল্যান্ডের নতুন কোচ।
লর্ডসে বড় জয়ের পর সিরিজটাও সহজে জিতে নেবে অস্ট্রেলিয়া—এ রকমই ভাবছিলেন ওয়াহ যমজদের ছোটজন। পরশু দ্বিতীয় দিনের খেলার পর সেই ওয়াহই প্রশংসায় ভাসালেন বেলিস ও তাঁর দলকে, ‘ইংল্যান্ডকে কৃতিত্ব দিতেই হয়। এই টেস্টে ওরা দারুণভাবেই ফিরে এসেছে। আমি মনে করি আমাদের অস্ট্রেলীয় কোচ ট্রেভর বেলিস ওদের দলে ভালোই ছাপ ফেলেছেন। সেটা ওদের চিন্তাভাবনা ও খেলাতেই পরিষ্কার।’
প্রথম ইনিংসের পর দ্বিতীয় ইনিংসেও ব্যর্থ ব্যাটসম্যানরা। ওয়াহকে উদ্বিগ্ন করছে অস্ট্রেলিয়ার ব্যাটিং, ‘বোলিংটা একটু খারাপ হয়েছে। তবে সত্যি হলো, আমাদের ব্যাটিং সুইং বোলিং সামলাতে পারেনি। কীভাবে আউট হলাম—এই চিন্তাটা প্রত্যেক ব্যাটসম্যানেরই করা উচিত।’ ক্রিকেট অস্ট্রেলিয়া।