
একজন সর্বশেষ ১০ ইনিংসে একবার মাত্র ৩০ ছাড়িয়েছেন। অন্যজন ৩০ ছাড়িয়েছেন সর্বশেষ ১২ ইনিংসে একবার! বাদ দিতে হলে কাকে বাদ দেবেন? সহজ হিসাব বলে, দ্বিতীয়জন। ইংলিশ নির্বাচকেরা বাদ দিলেন প্রথম জনকে! ব্যাটসম্যানের নাম গ্যারি ব্যালান্স। তাঁর চেয়ে বাজে ফর্ম নিয়েও এজবাস্টনের জন্য যিনি টিকে গেলেন, তিনি ইয়ান বেল।
ব্যালান্স হয়তো নিজেকে দুর্ভাগা ভাবছেন। কিন্তু বেলও কি স্বস্তিতে? এই ‘টিকে যাওয়া’ তাঁর জন্য আরও বড় পরীক্ষা! গুঞ্জন রটে গেছে, বাজে ফর্মের বেলকে এজবাস্টনে শেষ সুযোগটা দিয়েছেন ইংলিশ নির্বাচকেরা। বার্তা পরিষ্কার—রান করো অথবা সরে যাও। ব্যালান্স না থাকায় এই টেস্টে সম্ভবত তাঁকেই ৩ নম্বরে খেলতে হবে। বেলের চ্যালেঞ্জটাকে যা আরও বড় করে তুলছে। ক্যারিয়ারের বেশির ভাগ সময় চার, পাঁচ আর ছয়ে ব্যাট করেছেন। গত কিছুদিন থিতু হয়ে গিয়েছিলেন চার নম্বরেই। ক্যারিয়ার গড় ৪৩.১৮ হলেও তিন নম্বরে সেটি ৩৯.২৭। বেল তৈরি তো এই চ্যালেঞ্জ নিতে? ইংলিশ ব্যাটসম্যান আত্মবিশ্বাসী, ‘আন্তর্জাতিক খেলাই খুব নিষ্ঠুর। এখানে পারফর্ম করে টিকে থাকতে হয়। আমি জানি, গত দুই মাসে আমি সামর্থ্যের সেরাটা দিতে পারিনি। এটা ভালো সুযোগ দায়িত্ব নেওয়ার এবং কিছু রান করার।’ আত্মবিশ্বাসের কারণটাও বললেন বেল, ‘এটা আমার নিজের মাঠ। এখানে খেলাটা সব সময়ই আনন্দদায়ক। আমি এই মাঠটা খুব ভালো চিনি।’
বেল সম্ভবত শেষ সুযোগটা পেলেন। কিন্তু ব্র্যাড হাডিন যে সেই সুযোগ পেলেনই না! কার্ডিফের দুই ইনিংসে ২২ ও ৭ রানের পর লর্ডস টেস্ট থেকে সরে দাঁড়িয়েছিলেন ব্যক্তিগত কারণ দেখিয়ে। তখন এটা নিয়ে নানা গুঞ্জন শোনা গেলেও পরে জানা গেছে, কারণটা আসলেই ব্যক্তিগত ছিল। অসুস্থ কন্যা মিয়া তখন লন্ডনের এক হাসপাতালে। তার পাশে থাকবেন বলেই অ্যাশেজের দ্বিতীয় টেস্টে খেলেননি হাডিন। কিন্তু তৃতীয় টেস্টে খেলতে চেয়েও পারছেন না। অস্ট্রেলিয়ান নির্বাচকেরা এবার বাদই দিয়েছেন তাঁকে। নির্বাচক রডনি মার্শ ও কোচ ড্যারেন লেম্যানের হয়ে কাল সংবাদমাধ্যমকে সিদ্ধান্তটা জানিয়ে দিয়েছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক মাইকেল ক্লার্ক।
ওয়ানডে থেকে তো বিদায় বলেছেন বিশ্বকাপের পরেই। এবার টেস্ট থেকে বাদ পড়ায় ৩৭ বছর বয়সী এই উইকেটকিপার-ব্যাটসম্যানের শেষ দেখছেন অনেকেই। হাডিনের বদলি হিসেবে লর্ডসে যিনি খেলেছেন, সেই পিটার নেভিলের পারফরম্যান্স (৭টি ক্যাচ, ব্যাট হাতে ৪৫ রান) দেখে সেটা মনে হওয়াই স্বাভাবিক। এর আগে ২০১২ সালেও কন্যা ও স্ত্রীর পাশে থাকবেন বলে ওয়েস্ট ইন্ডিজ সফর থেকে সরে দাঁড়িয়েছিলেন হাডিন। আবার দলে ফেরার জন্য অপেক্ষা করতে হয়েছিল প্রায় এক বছর। এই বয়সে বোধ হয় সেই সুযোগটা আর থাকছে না!
বেলের অগ্নিপরীক্ষা আর হাডিনকে একরকম বিদায় বলে দিয়ে যে টেস্ট শুরু হচ্ছে, সেটিতে অস্ট্রেলিয়াই শুরু করছে ফেবারিট হিসেবে। এমনিতেই সিরিজ ১-১ সমতায়। কিন্তু লর্ডসে ৪০৫ রানে হারটা ইংল্যান্ডকে যত বড় একটা ধাক্কা দিয়েছে, ততটাই মানসিকভাবে চাঙা করে দিয়েছে অস্ট্রেলিয়াকে। যদিও বেল বা জো রুটরা অনুমিতভাবেই তা মানতে চাইছেন না। বেল তো বলেছেনই, ‘সিরিজ শুরুর আগেও তো কেউ আমাদের গোনায় ধরেনি। বলেছিল, আমরা ৫-০ ব্যবধানে সিরিজ হারব। কিন্তু কার্ডিফে আমরা অসাধারণ খেলেছি। লর্ডসে পারিনি, কিন্তু এজবাস্টনে আবার ঘুরে না দাঁড়াতে পারার তো কোনো কারণ দেখি না।’
গত তিন মাসে দুবার একটা টেস্টে হেরে পরের টেস্টেই ঘুরে দাঁড়িয়ে জিতেছে ইংল্যান্ড। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টেস্টে হারের পর জিতেছে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্ট। আবার নিউজিল্যান্ডের বিপক্ষে িদ্বতীয় টেস্ট হারের পর জিতেছে অ্যাশেজের প্রথম টেস্ট। সেই স্মৃতিতেই প্রেরণা খুঁজছেন রুট, ‘পুরো গ্রীষ্মেই আমরা বড় হারের পর ভালোভাবে ঘুরে দাঁড়িয়েছি। আমাদের দলটা দারুণ আত্মবিশ্বাসী যে আমরা ওদের (অস্ট্রেলিয়া) আবার ব্যাকফুটে ঠেলে দিতে পারব।’
ক্লার্করা নিশ্চয়ই অন্যরকম ভাবছেন! ক্রিকইনফো, এএফপি।