বেশ কিছু ওলটপালটের ম্যাচ

উইকেটকিপিংটা ভীষণ উপভোগ করেন বলে অনেক সমালোচনা-পরামর্শের পরও গ্লাভস জোড়া আগলে রেখেছিলেন। তারপরও মুশফিকুর রহিমের জন্য আজকের অভিজ্ঞতাটা নতুন নয়। দলের সেরা ব্যাটসম্যানটিকে অনেক সময়ই চাপ কমানোর জন্য শুধু একটি ভূমিকাতেই খেলানো হয়েছে। মুশফিকের বদলে আজ যেমন কিপিং করলেন প্রথম আন্তর্জাতিক ম্যাচ খেলতে নামা নুরুল হাসান।
সাকিব আল হাসানের জন্য কিন্তু অভিজ্ঞতাটা একেবারেই নতুন। ওয়ানডেতে দশবার ছয়ে নেমে ব্যাটিং করেছেন বটে; কিন্তু ২০০৮ সালের পর থেকে মাত্র তিনবার ছয়ে কিংবা এর পর ব্যাটিংয়ে নেমেছেন। পাঁচ নম্বর জায়গাটি মোটামুটি তাঁর জন্য পাকা। টি-টোয়েন্টিতে তো আরও ওপরে ব্যাটিং করেন। ক্যারিয়ারে ৩৯ ইনিংসে এই প্রথম ছয়ে ব্যাটিং করলেন। আজ বেশ কিছু ওলটপালট হলো বাংলাদেশের রণকৌশলে। মুশফিককেও ব্যাটিং অর্ডারে এক ধাপ নেমে যেতে হলো সাধারণত লোয়ার অর্ডারে নামা সাব্বিরকে জায়গা করে দিতে। সাব্বির আস্থার প্রতিদানও দিলেন ৪৬ রানের ইনিংস খেলে।
অধিনায়ক মাশরাফি জানালেন, ভবিষ্যতের কথা মাথায় রেখেই এই পরিবর্তন, ‘সিদ্ধান্তগুলোর দিকে তাকালে বোঝা যাবে খুব কঠিন ছিল। মুশফিক গত ১০-১২ বছর ধরে কিপিং করছে সব পর্যায়ে। সাকিবের সিদ্ধান্তটাও খুব কঠিন ছিল। তবে ভালো ব্যাপার হলো যে সিনিয়ররা ব্যাপারটি ভালোভাবেই নিয়েছে। দলের ভালোর জন্যই সবকিছু করা হয়। এখানে আমি মনে করি সাকিব ও মুশির ধন্যবাদ প্রাপ্য যে ওরা নিঃস্বার্থভাবে ছাড় দিয়েছে, দলের ভালোর কথা চিন্তা করেছে। হয়তো কোনো ম্যাচে মুশিও কিপিং করবে। সব সময় একই রকম থাকবে না।’
সিদ্ধান্তগুলো আসলেই অনেক বড় ছিল। সাকিবকে আজ ছয়ে না নামালে বাংলাদেশ হয়তো বিপদে পড়ে যেত। সাকিব ওই পরিস্থিতিতে মাথা ঠান্ডা রেখে ম্যাচ বের করে এনেছেন। অন্য কেউ এত সহজে তা পারত না। মাশরাফিও বললেন, ‘একটা বড় সিদ্ধান্ত ছিল সাকিকে ৬ নম্বরে ব্যাট করানো। ওকে ছয়ে নামানোর পেছনে পরিকল্পনা ছিল একজন অভিজ্ঞ ব্যাটসম্যান শেষ দিকে রাখা, ঠান্ডা মাথায় রান তাড়া করা, আজকে পরিস্থিতি সেরকমই ছিল। সাকিব সেটা করতে পেরেছে। আরও কিছু জায়গা ছিল, শুভাগতর ব্যাপারটা। আমাদের চাওয়া ছিল রিয়াদ চারে ব্যাট করবে। শুভাগতকে পরে পাঠানো হয়েছে। সব ম্যাচে তো বড় পরিবর্তন করা যায় না। ছোট কিছু পরিবর্তন আনতে হয়। মুশফিক যেমন পাঁচে ব্যাট করেছে।’
কিন্তু সাকিবও তো দলের সেরা ব্যাটসম্যানদের একজন। এত নিচে সব সময়ই সাকিবকে খেলতে হবে না, সেটিও জানালেন মাশরাফি। ক্রিকেটারটির নাম সাকিব বলেই বাংলাদেশ দল পরিকল্পনায় এত সহজে পরিবর্তন আনতে পারছে। অধিনায়ক বললেন, ‘সাকিবের মতো ক্রিকেটারের জন্য কঠিন এই জায়গায় ব্যাট করা। সে আমাদের সবচেয়ে সফল ব্যাটসম্যান। কিন্তু দলের ভালোর জন্যই ওকে ছয়ে নামানো হয়েছে। অবশ্যই সাকিবকে সব সময় ফ্লেক্সিবল রাখা যায়, কারণ সে সেই ধরনের ক্রিকেটার। ওকে নিয়ে পরিবর্তন করা তাই খুব কঠিন ছিল না।’
ক্রিকেটের সর্বশেষ স্কোর জানতে মোবাইল থেকে C লিখে পাঠিয়ে দিন 2221 নম্বরে