বেশি টেস্ট, নাকি বেশি আয়?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইসিসির পেছনের সারির সদস্য বাংলাদেশ। নিজের ইচ্ছা-অনিচ্ছা প্রকাশের স্বাধীনতা ততটা নেই। যাদের ছায়াতলে থেকে বেড়ে ওঠার চেষ্টা, তাদের ইচ্ছাটাই হয়ে যায় বাংলাদেশের ইচ্ছা। এডিনবরায় আজ থেকে শুরু আইসিসির সপ্তাহব্যাপী মহাগুরুত্বপূর্ণ সভায় সম্ভবত সেটাই হতে যাচ্ছে। আইসিসির দ্বিস্তরবিশিষ্ট টেস্টের প্রস্তাবে বাংলাদেশের হাত তোলা বা না তোলা নির্ভর করছে বড় বোর্ডগুলোর ওপর।
এর আগে আইসিসির প্রধান নির্বাহীদের সভায় উপস্থাপন করা হয়েছিল প্রস্তাবটি। সেখানে ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকা ছাড়া বাংলাদেশসহ বাকি সব দেশের বোর্ডই প্রস্তাবটি আইসিসির বোর্ড সভায় পাঠানোর পক্ষে মত দিয়েছে। কাল ও পরশু বসবে প্রধান নির্বাহী কর্মকর্তাদের সভা। মূল বোর্ড সভাটি হবে আগামী শনিবার। এ সভাতেই বদলে যেতে পারে টেস্ট ক্রিকেটের ভবিষ্যৎ।
প্রস্তাবটি অনুমোদিত হলে এর সরাসরি প্রভাব পড়বে বাংলাদেশের আন্তর্জাতিক ক্রিকেটে। দ্বিতীয় স্তরে থাকলে ২০১৯ সাল থেকে বাংলাদেশ চাইলেই টেস্ট খেলতে পারবে না ভারত, অস্ট্রেলিয়া বা ইংল্যান্ডের মতো বড় দলগুলোর সঙ্গে। প্রতিপক্ষ চার দলের বিপক্ষে হোম অ্যান্ড অ্যাওয়ে ভিত্তিতে দুই বছরে মোট আটটি টেস্ট খেলে যদি শীর্ষে থাকতে পারে, তাহলেই পরের চক্রে খেলতে পারবে প্রথম স্তরের দলগুলোর সঙ্গে।
বড় দলগুলোর সঙ্গে টেস্ট খেলার সুযোগ এমনিতেই কম পান বাংলাদেশের ক্রিকেটাররা। এই নিয়ম চালু হলে একটা নির্দিষ্ট সময়ের জন্য সে সম্ভাবনা আর থাকবেই না। বাংলাদেশ দলের টেস্ট সহ-অধিনায়ক তামিম ইকবাল অবশ্য এর মধ্যেও একটা ভালো দিক খুঁজে পাচ্ছেন, ‘আমার ১০ বছরের ক্যারিয়ারে মনে হয় এক বছর ছয়টা টেস্ট খেলেছিলাম, আরেক বছর সাতটা। এর চেয়ে বেশি টেস্ট কখনোই খেলিনি। সেদিক দিয়ে এই নিয়মের ইতিবাচক দিক হলো আমরা বছরে আটটি টেস্ট খেলব। টেস্টে ভালো করতে হলে বেশি ম্যাচ খেলার বিকল্পও নেই।’
বড় দলগুলোর সঙ্গে টেস্ট খেলা হবে না বলে আফসোসও আছে তামিমের। তবে সেটিকে তিনি বড় করে দেখতে চান না সুন্দর ভবিষ্যতের আশায়, ‘দ্বিতীয় স্তরে থাকলে আমরা বড় দলের বিপক্ষে টেস্ট খেলতে পারব না, এটা খারাপ দিক। তবে এখানে যদি আমরা ভালো খেলি, তাহলে তো সুযোগ থাকছে ওপরে ওঠার এবং বড় দলগুলোর সঙ্গে নিয়মিত টেস্ট খেলার। কাজেই এর ভালো-খারাপ দুই দিকই আছে।’
দ্বিস্তরবিশিষ্ট টেস্টের প্রস্তাব অনুমোদন পেলে তার প্রভাব পড়বে টেলিভিশন সম্প্রচার স্বত্ব থেকে বিসিবির আয়েও। হোম সিরিজের টেলিভিশন সম্প্রচার স্বত্ব বিসিবি তখন শুধু বাংলাদেশের অভ্যন্তরের জন্যই বিক্রি করতে পারবে। খেলাগুলো বাংলাদেশের বাইরে দেখানোর স্বত্বটা থাকবে বিভিন্ন বোর্ডের প্রতিনিধিদের নিয়ে গড়া ‘কমন পুলে’র অধীনে। অবশ্য অন্য দেশগুলোর দ্বিপাক্ষিক সিরিজের খেলা বিদেশে দেখানোর স্বত্বও থাকবে এই ‘কমন পুলের’ কাছে। সম্প্রচারকারীদের বান্ডেল কিনতে হবে তাদের কাছ থেকেই। ‘কমন পুল’ সেই আয়টা ভাগ করে দেবে সব টেস্ট খেলুড়ে দেশের মধ্যে।
আইসিসির দ্বিস্তরবিশিষ্ট টেস্টের আলোচনায় বাংলাদেশ গুরুত্ব দিচ্ছে এই দিকটাতেই। সভায় বেশির ভাগ বোর্ড যদি দ্বিস্তরবিশিষ্ট টেস্টের পক্ষে মত দেয়, তাহলে এককভাবে সেটার বিপক্ষে থেকেও কিছু করতে পারবে না বিসিবি। সে ক্ষেত্রে তারা চাইবে বেশি অর্থের নিশ্চয়তা। এ ছাড়া ‘বিগ থ্রি’ যখন প্রথম দ্বিস্তর টেস্টের ধারণা দেয়, বাংলাদেশের টেস্ট মর্যাদাও পড়ে যাচ্ছিল হুমকির মুখে। নতুন করে বিষয়টি সামনে আসার পর বিসিবি সতর্ক সেদিকেও।