বেশি দূরে তাকাতে চান না কোহলি
গত জানুয়ারিতে ৪-১ ব্যবধানে ওয়ানডে সিরিজ হারের পর টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়ার মাটিতেই স্টিভেন স্মিথদের ৩-০ ব্যবধানে উড়িয়ে দিয়েছিল ভারত। এরপর ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথমটি হারলেও পরের দুটি জিতে সিরিজটা ঠিকই নিজেদের করে নিয়েছে মহেন্দ্র সিং ধোনির দল। স্বাভাবিকভাবেই এই এশিয়া কাপেও ‘ফেবারিট’ তকমা পাচ্ছে পরপর দুটি সিরিজ জেতা ভারত।
যদিও আলাদা সংস্করণ ছিল, তবে ফেবারিট হয়েও বাংলাদেশে হওয়া সর্বশেষ দুটি এশিয়া কাপেই ভারতকে ফিরতে হয়েছে শূন্য হাতে। ২০১২ এশিয়া কাপে বিজয়ের হাসি হেসেছে পাকিস্তান, ২০১৪ সালে শ্রীলঙ্কা। এবার কি ব্যর্থতার হতাশা থেকে বেরোতে পারবেন ধোনি-কোহলিরা?
এখনই এত দূরে দৃষ্টি মেলতে চায় না ভারত। কাল ভারতীয় দলের হয়ে সংবাদ সম্মেলনে আসা বিরাট কোহলিও সে কথাই বললেন, ‘আমরা কোনো তকমা নিয়ে আসি না। এটা আপনারা আমাদের গায়ে লাগিয়ে দেন। গত দুই-তিন মাসে দল দারুণ করছে। আমরা ছন্দে আছি। তবে শিরোপা নিয়ে এখনই ভাবতে চাই না। প্রক্রিয়াটা ঠিক রাখতে হবে, তাহলে ফল আসবে। এখনই এত দূরে তাকাতে চাই না। শুধু ছন্দটা ধরে রাখতে চাই।’
২০০৭ বিশ্বকাপের পর টি-টোয়েন্টিতে বড় কোনো শিরোপা জিততে পারেনি ভারত। এবার নিশ্চয়ই সেই আক্ষেপ ঘোচাতে চাইবে ভারতীয় দল। তবে তার আগে পেরোতে হবে বেশ কটি বাধা। প্রথম বাধা তো আজ বাংলাদেশ, পরের ম্যাচেই আবার প্রতিপক্ষ চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান। এই দুই দলের মুখোমুখি হওয়া মানেই তো শ্বাসরুদ্ধকর সব মুহূর্ত, সবুজ মাঠে আগুন-গরম উত্তাপ, কান পাতলেই রণ-দুন্দুভির বাজনা!
২৭ ফেব্রুয়ারি মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আরেকটি ভারত-পাকিস্তান ম্যাচকে আর দশটা ম্যাচের মতোই দেখছেন কোহলি, ‘তারা শক্তিশালী দল। তাদের বিপক্ষে আমরা ভালো করতে চাই, যেটা অন্য দলগুলোর বিপক্ষেও করতে চাই। ম্যাচটা দারুণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণই হবে। এটা নিয়ে সমর্থকদের মধ্যে অনেক উন্মাদনা থাকে। তবে অন্য দলের সঙ্গে আমরা যেভাবে খেলি, এখানেও ব্যাপারটা তা-ই থাকে।’
সংবাদ সম্মেলন ছিল মূলত বাংলাদেশ-ভারত ম্যাচ সামনে রেখে। অথচ সেখানে ম্যাচ নিয়ে কথা হলো সামান্যই। যতটুকু বা হলো, তা শুধু বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমানকে নিয়েই। সেখানেও কোহলির কণ্ঠে শুধুই মুস্তাফিজ-বন্দনা, ‘এই ছেলেটার সামর্থ্য অন্য ধরনের। ওর জন্য ব্যাটসম্যানদের আলাদা করে প্রস্তুতি নিতে হবে, তাঁকে অন্যভাবে সামলাতে হবে। তবেই নিজের খেলার উন্নতি হবে। ওকে বিরাট কৃতিত্ব দেব। নিশ্চিত এই টুর্নামেন্টে সে বাংলাদেশের জন্য বড় ব্যাপার হয়ে দাঁড়াবে।’
আজ বাংলাদেশের বিপক্ষে ভারতের নেতৃত্ব দেবেন কে? চোটাক্রান্ত ভারতীয় অধিনায়ক ধোনি পুরোপুরি ফিট ছিলেন না কাল পর্যন্ত। আজ তাঁর চোটের অগ্রগতি দেখে সিদ্ধান্ত নেবে ভারতীয় টিম ম্যানেজমেন্ট।