বেশি বেতন পান বলেই কোহলিরা পাকিস্তানিদের চেয়ে এগিয়ে

সুযোগ-সুবিধা আর বেতনভাতা পাকিস্তানের ক্রিকেটারদের চেয়ে ভারতীয়রা বেশি পান। পাকিস্তানের সাবেক অধিনায়ক মুশতাক মোহাম্মদ মনে করেন এটাই ভারতীয়দের এগিয়ে যাওয়ার কারণ।
ভারত, নাকি পাকিস্তান—এই মুহূর্তে ক্রিকেটে কোন দল এগিয়ে? টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি; তিন সংস্করণের র্যাঙ্কিংয়ে চোখ রাখলে ভারতকেই এগিয়ে রাখতে হয়। টেস্টে এই মুহূর্তে র্যাঙ্কিংয়ের শীর্ষ আছে ভারত, পাকিস্তানের অবস্থান সাত নম্বরে। ওয়ানডেতে ভারত আছে দ্বিতীয় স্থানে, পাকিস্তান ছয় নম্বরে। টি-টোয়েন্টিতে অবশ্য পাকিস্তানই এগিয়ে, শীর্ষে রয়েছে তারা। ভারতের অবস্থান সেখানে চতুর্থ স্থানে।
পাকিস্তানের সাবেক অধিনায়ক মুশতাক মোহাম্মদ অবশ্য এসব র্যাঙ্কিং-ট্যাঙ্কিংয়ের কথা ভাবছেন না। জয়ের মানসিকতা আর খেলোয়াড়দের পারফরম্যান্স মিলিয়ে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতকেই এগিয়ে রাখছেন পাকিস্তানের হয়ে ৫৭টি টেস্ট খেলা মুশতাক। শুধু পাকিস্তানেরই নয়, অন্য অনেক দেশের চেয়েই ভারত এখন বেশ এগিয়ে বলে মনে করেন তিনি। ভারতের দুর্দান্ত এক ক্রিকেট জাতি হয়ে ওঠার পেছনে একটি কারণ দেখছেন মুশতাক—দেশটির বেশ মজবুত একটা ক্রিকেট কাঠামো আছে। ইংল্যান্ডের বার্মিংহামে বসবাস করা মুশতাক সম্প্রতি বলেছেন, ‘তারা (ভারত) পাকিস্তানসহ আরও কয়েকটি দেশের চেয়ে এগিয়ে আছে। এর কারণ, তারা সুগঠিত একটি ক্রিকেট কাঠামো তৈরি করতে পেরেছে। আর এই কাঠামোতে তারা খুব একটা পরিবর্তন আনে না।’
ভালো কাঠামো তো আছেই, সঙ্গে ভালো অর্থ-কড়িও বিরাট কোহলিদের এগিয়ে যাওয়ার অন্যতম কারণ বলে মনে করেন মুশতাক, ‘তাদের ঘরোয়া আর আন্তর্জাতিক ক্রিকেটে খেলা খেলোয়াড়েরা খুব ভালো বেতন পায়। এভাবে খেলোয়াড়দের খুব শক্তিশালী একটা দল তৈরি করতে পেরেছে।’ অস্ট্রেলিয়া, ইংল্যান্ডসহ অন্য দলের ক্রিকেটাররা বিভিন্ন দেশের ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্টে বছরজুড়ে খেলে বেড়ান। কিন্তু ভারতের ক্রিকেটারদের আইপিএল ছাড়া অন্য কোনো দেশের টি-টোয়েন্টি টুর্নামেন্টে খেলতে দেয় না বিসিসিআই।
এটাও ভারতীয় ক্রিকেটারদের ভালো করার একটি কারণ বলছেন মুশতাক, ‘এই যে অন্য দেশের ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্টে ভারতীয় ক্রিকেটারদের খেলতে দিচ্ছে না বিসিসিআই এটা ওদের জন্য ভালো। আর এই বিধিনিষেধ ভারতীয় ক্রিকেটাররা মেনে নেয়, কারণ ওদের ভালো বেতন দেওয়া হয় এবং বিসিসিআই খেলোয়াড়দের ভালো যত্নও নেয়। এ কারণে খেলোয়াড়েরা শুধুই ভারতের হয়ে খেলার দিকে মনোযোগ দিতে পারে।’
ভারতের ক্রমেই এগিয়ে যাওয়ার আরও একটি কারণ দেখছেন মুশতাক, ‘ঘরের মাঠে বা বিদেশে ওরা অনেক ম্যাচ খেলছে। এখন ওরা বিদেশ সফরেও ভালো করছে। সেই তুলনায় নিয়মিত টেস্ট সিরিজ খুব কমই খেলে পাকিস্তান।’ ভারতের অধিনায়ক বিরাট কোহলির প্রশংসাও করেছেন পাকিস্তানের ক্রিকেটে বিখ্যাত মোহাম্মদ পরিবারের এই সদস্য, ‘এটা ঠিক যে দলে এক সঙ্গে বেশ কয়েকজন প্রতিভাবান ক্রিকেটার পেয়েছে বিরাট কোহলি। কিন্তু কোহলি নিজেও ভালো একজন অধিনায়ক। টেকনিকের দিক থেকেও ভারতের ক্রিকেটাররা দিনকে দিন এগিয়ে যাচ্ছে।’