প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলিয়ে সবচেয়ে বেশি—৬৬৪টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন শচীন টেন্ডুলকার—তথ্যটা প্রায় সবারই জানা। কিন্তু সব ধরনের প্রথম শ্রেণি, লিস্ট ‘এ’ ও স্বীকৃত টি-টোয়েন্টি ম্যাচ হিসেবে নিলে ভারতীয় গ্রেট শীর্ষ বিশেও থাকেন না। ২৫ বছরের ক্যারিয়ারে আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে মাত্র ২৯৩টি স্বীকৃত ম্যাচ খেলায় টেন্ডুলকারের মোট ম্যাচ ৯৫৭। সবচেয়ে বেশি ম্যাচ খেলাদের তালিকায় টেন্ডুলকার আছেন ২২ নম্বরে। ১ হাজার ২১৪ ম্যাচ খেলে তালিকায় সবার ওপরে ইংল্যান্ডের সাবেক ক্রিকেটার গ্রায়েম হিক। ১৯৮৩ থেকে ২০০৮ সালের মধ্যে ১ হাজার ২১৪টি স্বীকৃত ম্যাচ খেলেছেন ইংল্যান্ডের হয়ে ৬৫টি টেস্ট ও ১২০টি ওয়ানডে খেলা এই ক্রিকেটার। এক হাজারের ওপরে ম্যাচ খেলা ক্রিকেটার মাত্র ১৪ জন। এঁদের মধ্যে শুধু ক্যারিবীয় গ্রেট ভিভ রিচার্ডসই ইংল্যান্ডের নন।