বেসবল কোচের সঙ্গে এক সেশন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিডনিতে যাওয়া সবার অ্যালবামেই হয়তো আছে ছবিটা। আছে মুশফিকুর রহিমের অ্যালবামেও। তবু সতীর্থদের নিয়ে সিডনি অপেরা হাউসকে পেছনে রেখে ছবিটা আরেকবার তুললেন মুশফিকুর রহিম l সৌজন্যে: ফেসবুক
সিডনিতে যাওয়া সবার অ্যালবামেই হয়তো আছে ছবিটা। আছে মুশফিকুর রহিমের অ্যালবামেও। তবু সতীর্থদের নিয়ে সিডনি অপেরা হাউসকে পেছনে রেখে ছবিটা আরেকবার তুললেন মুশফিকুর রহিম l সৌজন্যে: ফেসবুক

জন ডিবলিকে কারও চেনার কথা নয়। ভদ্রলোক অস্ট্রেলিয়া জাতীয় বেসবল দলের কোচ। হঠাৎ এই জন ডিবলিকে চেনানোর কারণ, সিডনির অনুশীলন ক্যাম্পে বাংলাদেশ দলের সাময়িক সঙ্গী হয়েছেন এই অস্ট্রেলিয়ান কোচও।
অস্ট্রেলিয়া বাংলাদেশ দল আছে অ্যাডিনা নরওয়েস্ট নামের একটি সার্ভিস অ্যাপার্টমেন্টে। কাল নিয়ে মাঠে অনুশীলন হয়েছে দুই দিন। তবে পুরো দল এখনো একসঙ্গে অনুশীলন করেনি। ১০ ডিসেম্বর দ্বিতীয় ভাগে যাওয়া খেলোয়াড়েরা কাল বিশ্রামে ছিলেন। তাঁরা অনুশীলন শুরু করবেন আজ। এই দুই দিন অনুশীলন করেছেন শুধু প্রথম দফায় যাওয়া খেলোয়াড়েরা।
কাল ও ১৬ ডিসেম্বর বিগ ব্যাশের দুই দল সিডনি সিক্সারস ও সিডনি থান্ডারের বিপক্ষে দুটি টি-টোয়েন্টি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ দল। এর বাইরে ব্যাটিং অনুশীলন চলছে ব্ল্যাকটাউন ইন্টারন্যাশনাল স্পোর্টস পার্কের মাঠ আর ইনডোরে। সিডনি থেকে কাল মুঠোফোনে টিম ম্যানেজার সাব্বির খান জানালেন, ‘এখানে অনুশীলনের সুযোগ-সুবিধা খুবই ভালো। ইনডোরে ও বাইরে একসঙ্গে অনুশীলন চলছে। দু-একজন বিশেষজ্ঞ কোচেরও পরামর্শ নিচ্ছি আমরা।’
সে রকমই এক বিশেষজ্ঞ জন ডিবলি। কালকের অনুশীলনে তাঁর সঙ্গে ভালো একটা সেশন কাটিয়েছেন ক্রিকেটাররা, যার নাম হতে পারত ‘থ্রো করার সহজ কৌশল শিক্ষা’। বেসবলের অভিজ্ঞতা আর কৌশল মিলিয়ে ফিল্ডিংয়ের সময় সহজে থ্রো করার কিছু টোটকা শেখানোর চেষ্টা করেছেন তিনি হাতে-কলমে। সময় পেলে বাংলাদেশের ক্রিকেটারদের সঙ্গে ডিবলি আরও একটি সেশন কাটাবেন বলে জানিয়েছেন সাব্বির।
সিডনিতে দলের সঙ্গে কাল যোগ দিয়েছেন মনোবিদ ফিল জনসিও। এর আগেও বিভিন্ন সময় বাংলাদেশের ক্রিকেটারদের নিয়ে কাজ করেছেন এই অস্ট্রেলিয়ান। ক্রিকেট দলে সাধারণত বাজে সময়েই মনোবিদদের আগমন দেখা যায়। কিন্তু বাংলাদেশ দল তো এখন নিজেদের আলোয় আলোকিত! সবাই উত্তুঙ্গ আত্মবিশ্বাসী। তাঁদের আবার মনোবিদ-শরণ কেন! জানা গেল, ইতিবাচক মানসিকতাটা কীভাবে ধরে রাখতে হয়, কীভাবে প্রতিকূল পরিবেশ-পরিস্থিতিতেও লক্ষ্যে অবিচল থাকা যায়; জনসির এবারের সিলেবাসে এসবই আছে।
সাবেক অস্ট্রেলিয়ান উইকেটকিপার ব্র্যাড হাডিনেরও একদিন আসার কথা ছিল বাংলাদেশ দলের অনুশীলন ক্যাম্পে। তাঁর মাধ্যমে মুশফিকুর রহিম-নুরুল হাসানদের কিপিংয়ের কিছু বাড়তি কলাকৌশল শেখানোর ইচ্ছে ছিল চন্ডিকা হাথুরুসিংহের। কিন্তু ব্যক্তিগত ব্যস্ততায় আসতে পারেননি হাডিন। সময় পেলে হয়তো বাকি দিনগুলোর মধ্যে একদিন আসবেন। সিডনির ক্যাম্প শেষ করে বাংলাদেশ দলের নিউজিল্যান্ডের উদ্দেশে রওনা দেওয়ার কথা ১৯ ডিসেম্বর।
সিডনিতে দলের সঙ্গে সর্বশেষ যোগ দিয়েছেন সাকিব আল হাসান। দু-এক দিনের মধ্যে যাওয়ার কথা রুবেল হোসেন ও মেহেদী মারুফের। মোহাম্মদ শহীদ চোটে পড়ায় দলে ফেরা রুবেল আত্মবিশ্বাসী বিপিএলের ছন্দ ধরে রাখার ব্যাপারে, ‘বিপিএলে যে রকম বল করেছি, আমার মনে হচ্ছে সব ঠিক আছে। মনে হচ্ছে আগের জায়গায় ফিরতে পেরেছি। আসলে আত্মবিশ্বাসই মূল বিষয়। কয়েকটি ম্যাচে সঠিক ছন্দে বল করতে পারলে এমনিতেই আত্মবিশ্বাস চলে আসে। এখন মাঠে তা দেখাতে হবে।’
নিউজিল্যান্ডে নিজের প্রথম সফরেই সুখের স্মৃতি আছে রুবেলের। ২০১০ সালে হ্যামিল্টন টেস্টের প্রথম ইনিংসে পেয়েছিলেন ৫ উইকেট। ব্ল্যাক ক্যাপদের বিপক্ষে তাঁর ভালো বোলিং করার অভিজ্ঞতা আছে দেশেও। এটাও আত্মবিশ্বাসী করছে রুবেলকে, ‘নিউজিল্যান্ডে আমি খেলেছি। ওখানকার কন্ডিশনে বোলিং করাটা এখন চ্যালেঞ্জ এবং সেটাই আমাকে নিতে হবে। অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইংল্যান্ডে পেসারদের জন্য বল করাটা সব সময়ই সুবিধাজনক। পেস বোলিংয়ে আমরা সেই জোর নিয়েই যাচ্ছি।’