বেসিন রিজার্ভে বোলারদের দিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাঙ্গাকারা: ১২ হাজারি ক্লাবে
সাঙ্গাকারা: ১২ হাজারি ক্লাবে

উইকেট আর কন্ডিশন আভাস দিচ্ছিল ঠিকই। কিন্তু বেসিন রিজার্ভে দিনের প্রথম সেশনে বোঝার উপায় ছিল না দিনটা বোলারদের হতে যাচ্ছে। লাঞ্চের আধঘণ্টা পরও নিউজিল্যান্ডের রানরেট চারের ওপরে। উইকেট গেছে মাত্র দুটি। সিম-সুইং দূরের কথা, তখন পর্যন্ত ব্যাটসম্যানদের রাজত্ব। কিন্তু শেষ দুই সেশনে বদলে গেল দৃশ্যপাট। ২ উইকেটে ১৪১ থেকে নিউজিল্যান্ড পরের ৮টি উইকেট হারাল ৮০ রানে। ২২১ রানে নিউজিল্যান্ডকে অলআউট করে দিয়ে শ্রীলঙ্কা অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুসের মুখে যে হাসি ছড়িয়েছিল দিন শেষে ৭৮ রানে নিজেদের ৫ উইকেট হারিয়ে সেটাও বিলীন। শেষ দুই সেশনে উইকেট পড়েছে ১৩টি! টেস্ট ক্রিকেটে পঞ্চম ব্যাটসম্যান হিসেবে ১২ হাজার রানের মাইলফলক পেরোনো কুমার সাঙ্গাকারা যদিও দিন শেষে অপরাজিত থেকে সামান্য আশা দেখাচ্ছেন শ্রীলঙ্কাকে।
হ্যাগলি ওভালের মতোই সবুজ উইকেট। কন্ডিশনও সিমারদের চোখ চকচক করে ওঠার মতো। টস জেতার পর বোলিং নিতে তাই একটুও ভাবতে হয়নি অ্যাঞ্জেলো ম্যাথুসকে। কিন্তু নিউজিল্যান্ড ব্যাট করতে নামার পর শ্রীলঙ্কান অধিনায়ক একটু ভাবনায় পড়ে যান বৈকি। দুই কিউই ওপেনার ফিরেছেন লাঞ্চের আগেই। তবে সেই ধাক্কা সামলে রস টেলর ও কেন উইলিয়ামসন রান তুলেছেন স্বছন্দে। কিন্তু ৩৩তম ওভারে নুয়ান প্রদীপের বলে টেলর বোল্ড হওয়ার পরের ওভারেই ব্রেন্ডন ম্যাককালামকে শূন্য রানে ফেরান সুরাঙ্গা লাকমাল। টেস্টে ৪০ ইনিংস পর শূন্য রানে আউট হলেন দুর্দান্ত ফর্মে থাকা ম্যাককালাম। ২০১২ সালে বেঙ্গালুরুতে ভারতের বিপক্ষে শূন্য রানে আউট হওয়ার পর থেকে কালকের শূন্য পর্যন্ত টেস্টে ৪৮.৫৩ গড়ে ১৮৯৩ রান তুলেছেন ম্যাককালাম, আছে ৫টি করে সেঞ্চুরি আর হাফ সেঞ্চুরি। কিউই অধিনায়ক আউট হতেই পাল্টে যায় ম্যাচের গতিপথও। পরের কেউ ২০ রানও করতে পারেননি।
শ্রীলঙ্কান ব্যাটিংয়ের নবম ওভারেই দিমুথ করুনারত্নে ফিরে যান ট্রেন্ট বোল্টের বলে জিমি নিশামের হাতে ক্যাচ দিয়ে। ৩ ওভার পরেই কুশল সিলভাকে বোল্ড করেন ডগ ব্রেসওয়েল। এর পর লাহিরু থিরিমান্নে আর প্রসন্ন জয়াবর্ধনেকেও ফিরিয়ে ব্রেসওয়েলই দিনের শেষে সবচেয়ে বড় ধাক্কাটা দিয়েছেন শ্রীলঙ্কাকে। ক্রিকইনফো।