বোতলে তোলপাড়, বোতলে সতর্কতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কটকে পানির​ বোতলের বৃষ্টি। গত ম্যাচের ছবি।
কটকে পানির​ বোতলের বৃষ্টি। গত ম্যাচের ছবি।

পানির অপর​ নাম জীবন। আর এই মুহূর্তে ভারতীয় ক্রিকেটে পানির বোতলের অপর নাম জীবন-মরণ সমস্যা! কটকে দর্শকদের ছোড়া পানির বোতলে লজ্জায় মাথা কেটেছে ভারতের। এ নিয়ে এখনো তোলপাড় চলছে। সতর্কতা হিসেবে প্রখর গ্রীষ্মের বোতল নিয়ে গ্যালারিতে প্রবেশ নিষিদ্ধ ঘোষণা করেছে পরের ম্যাচগুলোর আয়োজক ভেন্যু।
বিষয়টি নিয়ে মুখ খুলেছেন শচীন টেন্ডুলকারও। টেন্ডুলকার বলেছেন, ‘গত ম্যাচে যা ঘটল, ক্রিকেটের জন্য সেটি মোটেও ভালো কিছু নয়। এর আগেও এসব হয়েছে। ভুল থেকে আমাদের শিখতে হবে। আমরা সবাই খেলাটিকে ভীষণ ভালোবাসি। খেলাটির প্রতি আমাদের আবেগ এত বেশি, কখনো কখনো হতাশায় ভেঙে প​ড়ি। সেই হতাশা প্রকাশের অনেক উপায় আছে। কটকে যেভাবে তা করা হয়েছে, অবশ্য সেটি সেই উপায়ের মধ্যে পড়ে না। যা ঘটে গেল, এ নিয়ে সবাইকে ভেবে দেখার অনুরোধ করছি। অনুরোধ করছি মানসিক পরিপক্বতা দেখাতে। হতাশা প্রকাশের আরও ভালো উপায় আছে।’
গ্যালারি থেকে ছুড়ে মারা সম্ভব এমন কিছু নিয়েই সাধারণত স্টেডিয়ামে দর্শকদের ঢুকতে দেয় না নিরাপত্তাকর্মীরা। আইসিসিও এ ব্যাপারে বিধিমালা বেঁধে দিয়েছে। ভারতীয় ক্রিকেট বোর্ডের নতুন প্রধান শশাঙ্ক মনোহর ওডিশা ক্রিকেট সংস্থার কাছে জানতে চেয়েছেন, এই নিয়ম ভঙ্গ করে কেন দর্শকদের বোতল নিয়ে ঢুকতে দেওয়া হলো। রাজ্য ক্রিকেট সংস্থা অবশ্য আগেই বলেছে, প্রচণ্ড গরমের কথা ভেবেই দর্শকদের পানির বোতল আনার অনুমতি দেওয়া হয়েছিল।
টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ম্যাচে আগামীকাল ইডেন গার্ডেনে মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা ও ভারত। এই মাঠই ক্রিকেটে দর্শক হাঙ্গামার সবচেয়ে কলঙ্কিত অধ্যায়ের সাক্ষী। ইডেনে বোতল নিয়ে ঢোকার সুযোগ তো থাকছেই না, প্রথম ওয়ানডের ভেন্যু কানপুরও জানিয়ে দিয়েছে, দর্শকদের পানির বোতল সঙ্গে করে আনা চলবে না। স্টেডিয়ামের ভেতরেই থাকবে জলপানের সুযোগ।