বোনকে মুমিনুলের উপহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুমিনুল কি হাসলেন...!
ইনিংসের মাত্রই শুরু। শিঙ্গি মাসাকাদজাকে তিন বলে দুটি চার মারলেন কাভার ড্রাইভে, টাইমিং-প্লেসমেন্ট আর সৌন্দর্যের অপূর্ব মিশেল। চার দুটির পর হেলমেটের ফাঁক গলে ক্ষণিকের জন্য দেখা গেল যেন মুমিনুলের হাসি মুখ। দৃশ্যটি এতটাই অবিশ্বাস্য যে টিভি রিপ্লেতে তীক্ষ্ণ নজর রাখতে হলো। না, শীতের বার্তাবাহী সকালের মায়াবী বিভ্রম নয়, সত্যিই হেসেছেন মুমিনুল!
নিজের যে ভাবমূর্তি গড়ে তুলেছেন, সেটির সঙ্গে ভীষণ রকমই বেমানান দৃশ্যটি। এমনিতে সাফল্যের খুশি বা ব্যর্থতার হতাশা—কোনোটাই ফুটে ওঠে না তাঁর চেহারায়। সেঞ্চুরি করে ব্যাট তুলতে চান না, বাজেভাবে অল্পতে আউট হলেও ব্যাট ঠোকেন না মাটিতে। নানা সময়ে নানা আবেগ নিশ্চয়ই দোলা দেয় মনে, তবে সেটার প্রকাশে মাঠের ভেতরে-বাইরে আশ্চর্যরকম নির্লিপ্ত। সেই মুমিনুল কাল হাসলেন ২২ গজে। ওই একবারই নয়, উইকেটে কাল আরও একবার দেখা গেছে মুমিনুলের হাসি! সেটাও ক্ষণিকের চোরা হাসি নয়, আবেগ আর ভালো লাগার মিশেলে দীপ্তি ছড়ানো ঝলমলে হাসি!
প্রথমবারের হাসি ছিল ‘নিখুঁত’ শটের তৃপ্তিতে, পরেরটি প্রিয় একজন মানুষকে মনের মতো একটি উপহার দিতে পেরে! কদিন আগেই গেছে প্রিয় বোন মুমুর জন্মদিন। মুমিনুলের ব্যাটিংয়ের সবচেয়ে বড় ভক্ত, সবচেয়ে বড় সমালোচক। মুমিনুলের ব্যাটিংয়ের নানা খুঁত ধরেন যিনি, ফিফটি করে আউট হলে বলেন, ‘ভাইয়া, সাঙ্গাকারার মতো ব্যাটিং করতে পারো না, অমন ঠান্ডা মাথায়, লম্বা সময় নিয়ে!’ এবার সেই আদরের বোনের জন্মদিনে উপহারের কথা বলতেই বোন বলেছিলেন, ‘কিছু চাই না ভাইয়া, আমাকে শুধু একটা সেঞ্চুরি উপহার দিয়ো।’
বোনকে সেই উপহার দিতে পারার তৃপ্তিতেই কাল ভেঙে পড়েছে মুমিনুলের নিরাবেগের দেয়াল। সেঞ্চুরির পর তাঁর ওই হাসিতে লুকিয়ে ছিল বোনের প্রতি ভালোবাসা, ‘হাসলাম বোনের জন্য, ওর চাওয়ামতো উপহার তো দিতে পারলাম! আমি জানি আমার ছোট বোন অনেক খুশি হয়েছে। এ জন্য খুব ভালো লাগছে।’
ওই হাসি যদি হয় বোনের জন্য, সেঞ্চুরি উদ্যাপনের বাকিটুকু অবশ্যই স্বস্তির বহিঃপ্রকাশ। সেঞ্চুরির পর ব্যাট তুলতে যাঁর জগতের অনীহা, ব্যাট তোলেন স্রেফ ‘লোকে কী মনে করবে’ ভেবে, সেই মুমিনুল কাল হেলমেট খুলে, ব্যাট তুলে, দুহাত উঁচিয়ে উদ্যাপন করলেন বেশ কিছুক্ষণ ধরে। স্বস্তি, নিজের স্বাভাবিক রানে ফেরার। তাঁর স্বাভাবিক রানই যেন সেঞ্চুরি!
বাংলাদেশের আর সব ব্যাটসম্যানের জন্য এই ভাবনাটাই বিলাসিতা। কিন্তু ক্যারিয়ারের হাঁটি হাঁটি পা পা করার সময়েই যেভাবে উড়তে শুরু করেছেন, মুমিনুলের মানদণ্ড হয়ে দাঁড়িয়েছেন তিনি নিজেই। গত ফেব্রুয়ারিতে সেঞ্চুরি করেছেন। পরের ৯ ইনিংসে চারটি ফিফটি, আছে ৪৮, ৩৫ রানের ইনিংস। বাংলাদেশের আর যেকোনো ব্যাটসম্যান এই রেকর্ডে বর্তে যাবেন। কিন্তু মুমিনুলের মাত্র এই কয় ইনিংস সেঞ্চুরি না পাওয়া হয়ে যাচ্ছিল প্রায় জাতীয় সমস্যা। তিনি নিজেও বেশ কবার বলেছেন, ‘সেঞ্চুরি যে কেন হচ্ছে না...!’
সেই প্রশ্নের উত্তর মেলার দিনে স্বস্তিটাও অনেক থাকা স্বাভাবিক। মুমিনুলের মতে অবশ্য সমস্যাটা জটিল কিছু ছিল না, ‘সমস্যা হচ্ছিল মনোযোগে, হঠাৎ করেই আউট হয়ে যাচ্ছিলাম। এ জন্যই ঠিক করেছিলাম প্রতিটি বল বুঝে খেলব, সেশন বাই সেশন খেলব।’
মনোযোগের দৃঢ়প্রতিজ্ঞায় মুমিনুল আবার চেনা চেহারায়। ক্যারিয়ারের এমন উড়ন্ত সূচনা হয়েছে যে প্রায় প্রতি ইনিংসেই ধরা দিচ্ছে ছোট-বড় রেকর্ড, সঙ্গী হচ্ছে নানা অর্জন। এসবে অবশ্য বরাবরই অরুচি মুমিনুলের, তৃপ্তি পেয়ে বসে কি না এই ভাবনায় শুনতেই চান না এসবের কিছু। কাল একগাদা রেকর্ড সঙ্গী হওয়ার দিনেও মুমিনুল শোনালেন পুরোনো কথা, ‘আমি আগের ভাবনাতেই আছি। ক্রিকেট খেললে এসব রেকর্ড হবেই। ভালো করলে, সাফল্য পেলে দায়িত্ব আরও বেড়ে যায়। লোকের প্রত্যাশাও বাড়ছে। এখন যদি মাথায় ঢুকে যায় যে রেকর্ড গড়ছি, তাহলে আত্মতৃপ্তি চলে আসতে পারে। প্রত্যাশা পূরণ করা তখন কঠিন হবে।’
কঠিন কাজটা কী অনায়াসেই না করে যাচ্ছেন মুমিনুল! বোনকে উপহার দিতে সেঞ্চুরি করেন, অসুস্থ মায়ের মুখে হাসি ফোটাতে রান করেন, লোকের প্রত্যাশা পূরণ করেন।
আবেগ-অনুভূতির দুয়ার রুদ্ধ থাকুক, এভাবেই বইতে থাকুক রানের জোয়ার!