বোনের বিয়েতেই অনুপস্থিত!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিউজিল্যান্ডকে ফাইনালে তুলে গ্রান্ট এলিয়ট নিজেই পড়ে গেলেন এক সমস্যায়। রোববার এমসিজিতে ফাইনাল, কাল মেলবোর্নে উড়ে যেতে হয়েছে এলিয়টদের। কিন্তু শুক্রবার যে তাঁর বোনের বিয়ে! উপায় নেই, থাকতে পারবেন না। এলিয়ট ‘আগাম ক্ষমা’ চাইতে তাই সাংবাদিকদের দ্বারস্থ হলেন, ‘এটি দুর্ভাগ্যজনক, আমি থাকতে পারব না। যদি আপনারা আমার হয়ে তাকে একটু বলতেন যে, আমি “স্যরি”।’ ইডেন পার্কে সেদিন পরিবারের সঙ্গে বোনও খেলা দেখেছেন। দেখেছেন ভাইয়ের কীর্তি। দেখছেন ভাই কীভাবে গুরুত্বপূর্ণ চরিত্র হয়ে উঠছেন নিউজিল্যান্ডের ইতিহাসে। তবে ভাই থাকতে পারছেন না তাঁর জীবনের মহাগুরুত্বপূর্ণ একটি দিনে। এলিয়ট অবশ্য বোনকে আশ্বাস দিয়েছেন বিশেষ কিছু উপহার দেওয়ার, ‘আমার মনে হয়, তাকে বিশেষ একটা উপহারই দিতে যাচ্ছি আমি।’ উপহারটা যদি ‘বিশ্বকাপ’ হয়, বোনের নিশ্চয়ই কোনো খেদ থাকবে না! ক্রিকইনফো।