বোর্ড প্রধানকে 'গর্দভ' বললেন ব্রাভো!

এমন মন্তব্যের পর তাঁকে যদি দল থেকে বাদ দেওয়া হয়, তাহলে খুব একটা দোষ দেওয়া যায় না ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডকে। খোদ বোর্ড প্রধানকে ‘ইডিয়ট’ বললে এর মাশুল তো দিতেই হবে ড্যারেন ব্রাভোকে।
বোর্ডের সঙ্গে ব্রাভোর সম্পর্কটা বেশ কয়েক দিন ধরেই দা-কুমড়া যাচ্ছে। বাজে পারফরম্যান্সের কারণে সম্প্রতি উইন্ডিজ ক্রিকেট বোর্ডের কেন্দ্রীয় চুক্তিতে গ্রেড ‘সি’তে ফেলা হয়েছে এই বাঁ হাতি ব্যাটসম্যানকে। সেই ক্ষোভ থেকেই হয়তো টুইটারে বোর্ড প্রধান ডেভ ক্যামেরনকে সরাসরি ‘গর্দভ’ বলে ফেললের ব্রাভো। ফলে জিম্বাবুয়ের তিন জাতি সিরিজের দল থেকে তাঁকে বাদ দিয়ে নেওয়া হয়েছে জেসন মোহাম্মদকে।
টুইটারে বোর্ড প্রধানকে ‘ইডিয়ট’ বলে চুক্তির নীতিমালাই ভঙ্গ করেছেন ব্রাভো। সেটি গত শুক্রবার এক ই-মেইলের মাধ্যমে তাঁকে মনে করিয়ে দিয়েছেন বোর্ডের ক্রিকেট পরিচালকের দায়িত্বে থাকা রিচার্ড পাইবাস। সেই মেইলে পাইবাস ব্রাভোকে জানিয়ে দিয়েছেন, খুব শিগগিরই ব্রাভোকে টুইটার থেকে এই মানহানিকর টুইটটি মুছে দিতে হবে। একই সঙ্গে ক্ষমা চাইতে হবে। নয়তো বোর্ডের শৃঙ্খলা বিষয়ক কমিটি আরও কঠোর ব্যবস্থা নেবে।
চুক্তির নীতিমালা অনুযায়ী কোনো ক্রিকেটার এমন কোনো মন্তব্য করতে পারবেন না, যার মাধ্যমে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের কোনো কর্মকর্তা, খেলোয়াড় ও বোর্ডের সম্মানহানি হয়।
ব্রাভোকে ‘সি’ গ্রেড দেওয়ার কারণ ব্যাখ্যা করে ক্যামেরন এক সাক্ষাৎকারে বলেছেন, ‘গত দুই বছরে ওর ব্যাটিং গড় ভালো নয়।’ পরে ব্রাভো টুইট করেন, “চার বছর ধরেই আপনি ব্যর্থ। কেন পদত্যাগ করছেন না? আপনার জ্ঞাতার্থে বলছি, কখনোই আমাকে বোর্ড ‘এ’ গ্রেড দেয়নি। বড় একটা গর্দভ!”
এর পর জিম্বাবুয়ে সফরের দল থেকে সরিয়ে নেওয়া নয় তাঁকে। সূত্র: ক্রিকইনফো।