বোর্ড বনাম মুরালির লড়াইয়ে শান্তি প্রস্তাব সাঙ্গাকারার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বোর্ডের সঙ্গে সমস্যায় সাঙ্গাকারাকে পাশেই পাচ্ছেন মুরলিধরন। ছবি: ফাইল ছবি
বোর্ডের সঙ্গে সমস্যায় সাঙ্গাকারাকে পাশেই পাচ্ছেন মুরলিধরন। ছবি: ফাইল ছবি

শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডের সঙ্গে সম্পর্কটা খুব খারাপ যাচ্ছে মুত্তিয়া মুরালিধরনের। সাবেক এই স্পিন জাদুকর এই মুহূর্তে অস্ট্রেলীয় ক্রিকেট দলের পরামর্শক হিসেবে কাজ করছেন। শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের (এসএলসি) সঙ্গে সংঘাতটা তাঁর এটা নিয়েই। দুই পক্ষই পাল্টাপাল্টি অভিযোগ নিয়ে কথার যুদ্ধে নেমেছে। এবার সেই যুদ্ধে যোগ দিলেন কুমার সাঙ্গাকারাও।

পাল্লেকেলে টেস্ট শুরু হওয়ার আগে বোর্ডের অনুমতি না নিয়ে অস্ট্রেলিয়া দলকে মাঠে নিয়ে গিয়ে অনুশীলন করানোর জের টানছেন মুরালি। তাঁকে তো পারলে ‘দেশদ্রোহী’ হিসেবেই হাজির করে এসএলসি। মুরালিও পাল্টা অভিযোগ করেছেন, বোর্ডের নীতিনির্ধারকদের নিয়ে বলেছেন নিজের নানা আপত্তির কথাও।

গোটা ব্যাপারটাই অরুচিকর ঠেকছে আরেক লঙ্কান কিংবদন্তি কুমার সাঙ্গাকারার কাছে। তিনি বলেছেন, ‘মুরালিধরন শ্রীলঙ্কার অন্যতম সেরা সন্তান। তার আত্মপক্ষ সমর্থনের কোনো প্রয়োজন নেই। আমরা জানি সে দেশকে কী পরিমাণ ভালোবাসে। ও যেকোনো দলের পরামর্শক হতেই পারে। এটা সম্পূর্ণ তার ব্যাপার।’

মুরালিধরনকে কেন শ্রীলঙ্কা ক্রিকেট দলের সঙ্গে কাজ করার কথা বলা হয়নি, সেটাই ভাবছেন সাঙ্গাকারা, ‘মুরালি সব সময়ই শ্রীলঙ্কান ক্রিকেটকে সহায়তা করার জন্য প্রস্তুত। বোর্ড যদি তাকে কোচ হওয়ার প্রস্তাব দিত, সে তা ফিরিয়ে দিত বলে আমি মনে করি না। যেকোনো দলের পরামর্শকও হওয়াটা তার জন্য ক্রিকেটের জন্য কাজ করাই। এই ক্রিকেট থেকেই তো ও কত কিছু পেয়েছে। ও সব সময়ই মাঠে এবং মাঠের বাইরে দেশকে নিজের সেরাটা দিয়েছে। ও দেশের জন্য সব সময়ই প্রস্তুত হয়ে আছে, বোর্ডকে কেবল এ ব্যাপারে তাকে একটা প্রস্তাব দিতে হবে।’

মুরালি শুধু টাকার জন্য অস্ট্রেলিয়ার হয়ে কাজ করছেন, এমনটাও মনে করেন না সাঙ্গা, ‘ও আমাদের সবার গর্ব। যদি কোনো লঙ্কান স্পিনার তার কাছে সাহায্য চায়, ও কোনো দিনই ফিরিয়ে দেবেন না। নিজের দেশের খেলোয়াড়দের সাহায্যের ব্যাপারে ওই হবে প্রথম ব্যক্তি, যে নিজে এগিয়ে আসবে, বিনে পয়সায় কাজটা করবে।’

সব শেষে সাঙ্গাকারা চান লঙ্কান ক্রিকেট বোর্ড যেন খুব দ্রুতই মুরালির সঙ্গে সমস্যাটা মিটিয়ে ফেলে, ‘যদি কোনো সমস্যা থাকে, তাহলে দুই পক্ষেরই উচিত একসঙ্গে বসে ব্যাপারটা সমাধান করে ফেলা।’ সূত্র: ইয়াহু স্পোর্টস।