বোর্ড বড়, না সিসিডিএম?
‘প্লেয়ার্স বাই চয়েস’-এর নাম এবার ‘প্লেয়ার ড্রাফট।’ বিসিবির বিশ্বাস, দলবদলের এই নিয়ম খেলোয়াড়-ক্লাব সবার স্বার্থ রক্ষা করবে। তারপরও ক্রিকেটাররা তাতে আস্থা রাখতে পারছেন না। তাঁদের জন্য বরং নতুন শঙ্কার খবর, দলবদলে খেলোয়াড়দের স্বাধীনতা কেড়ে নেওয়া এই পদ্ধতিতে খেলোয়াড়দের পক্ষে বিসিবির যেটুকু মতামত ছিল, তাতেও কাঁচি চালিয়েছে ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিটন (সিসিডিএম)।
আজ বেলা ১১টায় রাজধানীর একটি হোটেলে শুরু হবে ‘প্লেয়ার ড্রাফট’ পদ্ধতিতে প্রিমিয়ার ক্রিকেট লিগের ক্লাবগুলোর দল গোছানোর প্রতিযোগিতা। তার আগে কাল বিসিবি কার্যালয়ে কিছু বিষয় নিয়ে সভায় বসেছিল সিসিডিএম। সভা শেষে বিসিবির সহসভাপতি মাহবুবুল আনাম ‘প্লেয়ার ড্রাফট’ এবং খেলোয়াড়দের পারিশ্রমিক প্রদানের যেসব নিয়মকানুন সাংবাদিকদের সামনে তুলে ধরলেন, তার সঙ্গে কয়েকটি জায়গায় মিলছে না বোর্ডের আগে নেওয়া সিদ্ধান্ত। পরিবর্তিত এসব সিদ্ধান্তের প্রতিটিতেই ক্ষতিগ্রস্ত হচ্ছেন ক্রিকেটাররা। সিসিডিএমের সদস্য নন বলে মাহবুবুল আনাম অবশ্য সিসিডিএমের সভায়ও ছিলেন না। সংবাদ সম্মেলনে তিনি কথা বলেছেন ‘প্লেয়ার ড্রাফট কমিশনার’ হিসেবে।
‘প্লেয়ার ড্রাফট’ পদ্ধতিতে দলবদল-প্রক্রিয়ার নিয়মকানুন ঠিক করতে গত ২২ ফেব্রুয়ারির বোর্ড সভায় বোর্ড পরিচালক এনায়েত হোসেনের নেতৃত্বে একটি বিশেষ কমিটি গঠন করা হয়। কমিটির সুপারিশ ছিল, ক্লাবগুলো খেলোয়াড়দের পারিশ্রমিকের ৩০ শতাংশ দেবে চুক্তি স্বাক্ষরের আগে। ৪০ শতাংশ দেবে প্রথম পর্ব শেষে এবং অবশিষ্ট ৩০ শতাংশ লিগ শেষ হওয়ার ছয় সপ্তাহের মধ্যে। খেলোয়াড়দের অর্থপ্রাপ্তি নিশ্চিত করতে চুক্তি স্বাক্ষরের পর মোট পারিশ্রমিকের ৫০ শতাংশ ব্যাংক গ্যারান্টি হিসেবে বিসিবিকে দিতে হবে, এমন সুপারিশও ছিল কমিটির।
গত ১৪ মার্চ সিসিডিএম-প্রধানকে চিঠি দিয়ে বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা জানিয়ে দেন, কমিটির এসব সুপারিশ বোর্ড সভাপতি অনুমোদন করেছেন। ওই চিঠিতেই বিভিন্ন শ্রেণি অনুযায়ী খেলোয়াড়দের পারিশ্রমিকের চূড়ান্ত অঙ্ক জানানো হয়। আইকন খেলোয়াড়েরা পাবেন ৩০ লাখ টাকা, ‘এ’ প্লাস ২৫ লাখ, ‘এ’ ২২ লাখ, ‘বি’ প্লাস ১৮ লাখ, ‘বি’ ১৫ লাখ, ‘সি’ ১০ লাখ, ‘ডি’ ৬ লাখ এবং ‘ই’ শ্রেণির খেলোয়াড়েরা পাবেন সাড়ে ৩ লাখ টাকা করে। আইকন, ‘এ’ প্লাস এবং ‘ই’ শ্রেণি ছাড়া বাকি সব শ্রেণির খেলোয়াড়দের টাকাই পরে এক থেকে তিন লাখ টাকা পর্যন্ত কমানো হয়েছে।
‘প্লেয়ার ড্রাফট’ প্রক্রিয়ায় বিভিন্ন শ্রেণি থেকে প্রতিটি দলকে কমপক্ষে ১৫ জন খেলোয়াড় ডাকার বাধ্যবাধকতাও দিয়ে দিয়েছিল বোর্ড। কিন্তু কাল মাহবুবুল আনাম বললেন, ‘প্লেয়ার ড্রাফট’ থেকে নাকি কমপক্ষে ১০ জন করে খেলোয়াড় নিতে হবে। তাঁর কথার সঙ্গে মিলছে না খেলোয়াড়দের পারিশ্রমিক প্রদানে বোর্ড সভাপতির অনুমোদন করা নিয়মও। চুক্তি স্বাক্ষরের আগে ৩০ শতাংশ অর্থ দেওয়ার নিয়মটি ঠিক থাকলেও উল্টাপাল্টা হয়ে গেছে শেষের দুই ধাপের অঙ্ক। সিসিডিএমের নতুন ‘সিদ্ধান্ত’ অনুযায়ী লিগের প্রথম পর্ব শেষে খেলোয়াড়েরা পাবেন ৩০ শতাংশ ও লিগ শেষের ছয় সপ্তাহের মধ্যে প্রদেয় শেষ কিস্তিতে ৪০ শতাংশ। তার মানে লিগ শেষ হয়ে যাওয়া পর্যন্ত বিসিবি খেলোয়াড়দের ৭০ শতাংশ টাকা দেওয়ার কথা বললেও ক্লাবগুলো মিলে ‘সিদ্ধান্ত’ নিয়েছে ৬০ শতাংশ দেওয়ার।
বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী কাল মুঠোফোনে বোঝাতে চাইলেন, ‘আজ (গতকাল) সিসিডিএম সভায় যেসব সিদ্ধান্ত হয়েছে, সেগুলোই চূড়ান্ত। বোর্ডের অনুমোদনের জন্য পরবর্তী সভায় এসব প্রস্তাব আকারে আসবে। এ ছাড়া জরুরি ভিত্তিতে কোনো সিদ্ধান্ত বদলাতে হলে প্লেয়ার ড্রাফটের আগেই সভাপতির অনুমোদন নিতে হবে।’
বোর্ড সভাপতি একবার এসব বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দিয়ে দেওয়ার পরও সিসিডিএমের সভায় নতুন করে প্রস্তাব আসার যৌক্তিকতা কতটুকু, সে প্রশ্ন উঠছেই। তা ছাড়া সভাপতির ওই সিদ্ধান্তের আগে পুরো বিষয়টি নিয়ে বিস্তারিত কাজ করেছে বিশেষ কমিটি। এ নিয়ে নিজেদের মধ্যে বেশ কয়েকটি সভা করেছে সিসিডিএমও।
এত আনুষ্ঠানিকতা সেরে আসার পরও কী কারণে সিদ্ধান্ত বদলাতে হবে, তা বিস্ময়করই। বোর্ড পরিচালকদের নিয়ে করা বিশেষ কমিটির সুপারিশ, এমনকি বোর্ড সভাপতির সিদ্ধান্তও তাহলে বিসিবিতে শেষ কথা নয়?