বোর্ড সভাপতির কাছে কলাবাগানের নালিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রিমিয়ার লিগের ১১তম রাউন্ডের খেলা শেষ হয়ে যাওয়ার কথা ছিল গতকালই। কিন্তু পরশু হঠাৎ করেই সিসিডিএম জানায়, ফতুল্লার গাজী গ্রুপ ক্রিকেটার্স-ভিক্টোরিয়ার ম্যাচটি কালকের পরিবর্তে হবে আজ। সুনির্দিষ্ট কারণ না দেখিয়ে সিসিডিএমের এমন সিদ্ধান্তকে সন্দেহের চোখে দেখছে কলাবাগান ক্রীড়াচক্র। বিসিবি সভাপতির কাছে তাই ঘটনার তদন্ত দাবি করে চিঠি দিয়েছে ক্লাবটি।
শেষ রাউন্ডের আগে ষষ্ঠ দল হিসেবে সুপার লিগে যাওয়ার সম্ভাবনা ছিল কলাবাগানসহ ৫টি ক্লাবের। সে জন্যই শেষ তিনটি ম্যাচ একই দিনে হওয়া জরুরি ছিল বলে মনে করেন কলাবাগান ক্রীড়াচক্রের ক্রিকেট সম্পাদক রিয়াজ আহমেদ। তাঁর অভিযোগ, ‘সিসিডিএম চেয়ারম্যানের দল গাজী গ্রুপ ক্রিকেটার্সকে অন্যায় সুবিধা দিতেই ভিক্টোরিয়ার বিপক্ষে তাদের ম্যাচটি এক দিন পিছিয়ে দেওয়া হয়েছে। যেন অন্য দুটি ম্যাচের ফলাফল দেখে তারা খেলতে পারে। আমরা এ ঘটনার তদন্ত ও সুবিচার দাবি করে বোর্ড সভাপতির কাছে চিঠি দিয়েছি।’