বোর্ডারের তোপ ক্রিকেট অস্ট্রেলিয়াকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাবেক অস্ট্রেলিয়ান অধিনায়ক অ্যালান বোর্ডারের নতুন বই ক্রিকেট অ্যাজ আই সি ইট।
সাবেক অস্ট্রেলিয়ান অধিনায়ক অ্যালান বোর্ডারের নতুন বই ক্রিকেট অ্যাজ আই সি ইট।

বিখ্যাত খেলোয়াড়েরা বই লিখবেন আর তাতে বিতর্কিত কিছু থাকবে না, তা হয় নাকি! খেলোয়াড়ি জীবনে যাবতীয় বিতর্কের ঊর্ধ্বে থাকা শচীন টেন্ডুলকারও ঝড় তুলেছেন সম্প্রতি প্রকাশিত তাঁর আত্মজীবনী প্লেয়িং ইট মাই ওয়ে-তে বিস্ফোরক সব তথ্য দিয়ে। সেই রেশ থাকতে থাকতেই বাজারে আসছে সাবেক অস্ট্রেলিয়ান অধিনায়ক অ্যালান বোর্ডারের নতুন বই ক্রিকেট অ্যাজ আই সি ইট। যথারীতি প্রকাশের আগেই সেটার কিছু চুম্বক অংশও চলে এসেছে সংবাদমাধ্যমে। তাতে দেখা যাচ্ছে, বছর ছয়েক আগে অস্ট্রেলিয়া-ভারত টেস্ট সিরিজে সিডনির কুখ্যাত সেই ‘মাঙ্কিগেট কেলেঙ্কারি’র সময় নিজেদের খেলোয়াড়দের পাশে না দাঁড়ানোয় ক্রিকেট অস্ট্রেলিয়াকে তোপ দেগেছেন বোর্ডার।
২০০৮ সালে সিডনি টেস্ট চলাকালে অস্ট্রেলিয়ান অলরাউন্ডার অ্যান্ড্রু সাইমন্ডস অভিযোগ করেছিলেন, ভারতীয় স্পিনার হরভজন সিং তাঁকে ‘বানর’ বলেছেন। পরে ওই ম্যাচের রেফারি মাইক প্রক্টর বর্ণবাদের দায়ে তিন টেস্টের জন্য নিষিদ্ধ করেছিলেন হরভজনকে। সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করেছিল ভারত, হুমকি দিয়েছিল সিরিজের মাঝপথেই দেশে ফিরে যাওয়ার। আপিলের পর অবশ্য ম্যাচ ফির ৫০ শতাংশ জরিমানা দিয়েই পার পেয়ে যান হরভজন। নিজের বইয়ে সেই ঘটনাটি উল্লেখ করে বোর্ডার দাবি করেছেন, আর্থিক লোকসানের ভয়েই ওই সময় ভারতের সঙ্গে আপস করেছিল ক্রিকেট অস্ট্রেলিয়া। আর তার ফলেই বদলে যায় হরভজনের শাস্তি। লিখেছেন, ‘গোপনে আপস করে ফেলা হলো। ক্রিকেট অস্ট্রেলিয়া সেদিন একটা বাণিজ্যিক সিদ্ধান্ত নিয়েছিল, নৈতিক নয়।’ বোর্ডারের দাবি, এই সিদ্ধান্তের কারণে ক্রিকেট অস্ট্রেলিয়ার ওপর আস্থা হারিয়েছিলেন সাইমন্ডস৷ আর সেটাই তাঁর ক্যারিয়ারকে ঠেলে দিয়েছিল শেষের দিকে। ফক্স স্পোর্টস।