বোলার কামরুলের ব্যাটিং রহস্য

ক্রাইস্টচার্চ টেস্টটা বাংলাদেশ ভুলেই যেতে চাইবে। পুরো একটি দিন বৃষ্টিতে ভেসে যাওয়ার পরও চতুর্থ দিনে ৯ উইকেটে হার—এই টেস্ট বাংলাদেশ কেন মনে রাখবে! তবে পেসার কামরুল ইসলামের স্মৃতিতে টেস্টটা পেতে পারে আলাদা জায়গা। সেটি যতটা না তাঁর বোলিং, তার চেয়ে বেশি ব্যাটিংয়ের কারণে।
প্রথম ইনিংসে তো রেকর্ডই গড়েছেন। ৬৩ বল খেলে করেছেন ২ রান। স্ট্রাইক রেট ৩.১৭। টেস্টে বাংলাদেশের ব্যাটসম্যানদের ৫০ বা তার বেশি বলের ইনিংসে সবচেয়ে কম স্ট্রাইক রেট এটি। তিনি যে চালিয়ে খেলতেও জানেন, বুঝিয়েছেন দ্বিতীয় ইনিংসে। তিন চার ও এক ছক্কায় ২৫ রান (২৯ বলে) করে অপরাজিত ছিলেন, যেটি তাঁর ক্যারিয়ার সর্বোচ্চ। কিউই পেসারদের একের পর এক বাউন্সার সামলেছেন। পাঁজরের দিকে ধেয়ে আসা বোল্ট-ওয়াগনারদের ভয়ংকর বলগুলো যেভাবে খেলেছেন, কামরুল ভিজছেন প্রশংসাবৃষ্টিতে। তাঁর এই অসাধারণ ব্যাটিংয়ের রহস্য কী? কামরুল বললেন, ‘এখানে এসে বাউন্সার খেলার অনেক অনুশীলন করেছি। টেল এন্ডারদের সাধারণত বাউন্সার বেশি দেওয়া হয়। বাউন্সারগুলো ছেড়ে দেওয়ায় আমার মনোযোগ ছিল। মনোযোগ ঠিক রাখতে পারলে যেকোনো বলে টিকে থাকা সম্ভব।’
কামরুলের কাছে অবশ্য দ্বিতীয় ইনিংসের চেয়ে প্রথম ইনিংসের ২ রান বেশি গুরুত্ব পাচ্ছে, ‘কোচের পরিকল্পনা অনুযায়ী ব্যাটিং করার চেষ্টা করেছি। প্রথম দিন আমার কাজ ছিল উইকেটে সময় কাটানো। অপর প্রান্তের ব্যাটসম্যানকে সঙ্গ দেওয়া। একদিন বাকি থাকায় আজ আমার আর তাসকিনের দায়িত্ব ছিল যতটা সম্ভব রান তোলা। তবে ২ রানের ইনিংসটাকে এগিয়ে রাখব। ওই ইনিংস আজ রান করতে আত্মবিশ্বাসী করেছে আমাকে।’
নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে বাংলাদেশের বিবর্ণ বোলিংয়ের মধ্যে উজ্জ্বলতম নাম কামরুল। ২ টেস্টে ৬ উইকেট—পরিসংখ্যান হয়তো আহামরি নয়। তবে সুইং, বাউন্স ও লাইন লেন্থ ঠিক রেখে প্রতিপক্ষের ব্যাটসম্যানদের চাপে রাখার কাজটা দারুণভাবে করেছেন। এটিও কামরুলকে করছে আত্মবিশ্বাসী, ‘পরিকল্পনা অনুযায়ী বোলিংয়ের চেষ্টা করেছি। ইংল্যান্ড সিরিজের (অক্টোবরে) ব্যর্থতা পুষিয়ে দেওয়ার চেষ্টা করেছি। নিউজিল্যান্ডে একেক সময় একেক রকম বোলিং করতে হয়েছে। প্রথম দিনে সুইং গুরুত্বপূর্ণ ছিল। তৃতীয় দিনে গতির ওপর জোর দিতে হয়েছে। লাইন ও লেন্থ ঠিক রাখাটাও গুরুত্বপূর্ণ ছিল। স্পোর্টিং উইকেটে একটু বাজে বল করলেই বাউন্ডারি মেরে দেয় ব্যাটসম্যানরা।’
নিউজিল্যান্ড সিরিজের এই পারফরম্যান্স কামরুলকে স্বপ্ন দেখাচ্ছে সামনের সিরিজে আরও ভালো করতে।