
স্পিন-বান্ধব হিসেবেই পরিচিত ডমিনিকার উইন্ডসর পার্ক। সেই উইকেটেই পরশু রাজত্ব করলেন পেসাররা। ওয়েস্ট ইন্ডিজ ও অস্ট্রেলিয়ার প্রথম টেস্টের প্রথম দিনে উইকেট পড়েছে ১৩টি। এর ১০টিই গেছে পেস বোলারদের পকেটে। বোলারদের দাপটের দিনে ওয়েস্ট ইন্ডিজ চা-বিরতির আগেই অলআউট হয়েছে ১৪৮ রানে। ব্যাটিংয়ে এসে ৩ উইকেটে ৮৫ রান নিয়ে দিন শেষ করা অস্ট্রেলিয়া কাল এ রিপোর্ট লেখা পর্যন্ত করেছে ৯ উইকেটে ২৬০ রান। ডমিনিকায় বোলারদের রাজত্বের মধ্যেও ব্যতিক্রম অভিষিক্ত অ্যাডাম ভোজেস। প্রথম টেস্ট খেলতে নেমে কাল সেঞ্চুরি করেছেন। ১৮৭ বলে ৯টি চার ও ১টি ছয়ে তিন অঙ্কের ছোঁয়ায় ভোজেস অপরাজিত ছিলেন ১০৪ রানে। উইকেটে তাঁর সঙ্গী হ্যাজলউড করেছেন ৬*। লেগ স্পিনার দেবেন্দ্র বিশু ৭৪ রানে নিয়েছেন ৬ উইকেট।
ভালো পেস বোলিংয়ের সঙ্গে দুর্দান্ত সব ক্যাচ—এই দুয়ে মিলেই প্রথম দিনটাকে নিজেদের করে নিয়েছে অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার তিন ফাস্ট বোলার মিচেল জনসন (৩/৩৪), জশ হ্যাজলউড (৩/৩৩) ও মিচেল স্টার্ক (২/৪৮) মিলেই ধসিয়ে দিয়েছেন স্বাগতিকদের। অন্য ২টি উইকেট ভাগাভাগি করেছেন দুই স্পিনার নাথান লায়ন ও স্টিভেন স্মিথ। ওয়েস্ট ইন্ডিজ ইনিংসের সর্বোচ্চ ৩৬ রান তরুণ ওপেনার শাই হোপের। এফপি, টেন ক্রিকেট।