বোলারদের আজ বড় পরীক্ষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দ্বিতীয় দিন শেষে
বাংলাদেশ ১ম ইনিংস: ৩৩২
পাকিস্তান ১ম ইনিংস: ২২৭/১
মুমিনুলের ‘তত্ত্ব’ তাহলে অসার প্রমাণিত হতে যাচ্ছে! সাকিবের দাবিও।
প্রথম ইনিংসে তিন শ রানই লিড নেওয়ার জন্য যথেষ্ট ঘোষণা করেছিলেন মুমিনুল। বাংলাদেশ ৩২ রান বেশি করল। লিড নেওয়ার সম্ভাবনা তাতেও সুদূর পরাহত। পাকিস্তান ১০৫ রানে পিছিয়ে বটে, তবে হাতে এখনো ৯ উইকেট। নাটকীয় কিছু না ঘটলে উল্টো পাকিস্তানই বরং বড় লিড নিয়ে বাংলাদেশকে খাদের কিনারায় দাঁড় করিয়ে দেওয়ার পথে এগোচ্ছে।
মোহাম্মদ হাফিজ যেভাবে খেলছেন, আশঙ্কা জাগছে দুবার এক শ নব্বইয়ের ঘরে আউট হওয়ার দুঃখ না এখানেই ঘুচিয়ে ফেলেন! দুবার ‘নতুন জীবন’ পাওয়ার সৌজন্যে আজহার আলীও জমে গেছেন উইকেটে। এর চেয়েও ভয়ের ব্যাপার, উইকেটে নামার অপেক্ষায় থাকা দুই ব্যাটসম্যান ইউনিস খান ও মিসবাহ-উল-হক।
ভয়ের কথা বললে আর একটিও বলে নেওয়া ভালো। টেস্ট ম্যাচের উইকেট দ্বিতীয় ও তৃতীয় দিনই ব্যাটসম্যানদের দিকে তাকিয়ে সবচেয়ে বেশি প্রশ্রয়ের হাসি হাসে। প্রথম দিনের উইকেটে স্ট্রোক খেলা যতটা দুরূহ মনে হয়েছিল, কাল পাকিস্তানের ব্যাটিংয়ের সময় তা মনে হয়নি। আজ সেটি বোলারদের আরও বড় পরীক্ষাই নেবে।
সেই পরীক্ষায় পাস-ফেল শুধু এই টেস্টের ভাগ্যই নয়, সাকিবকে তাঁর দাবিটা গিলে ফেলতে হবে কি না, এটিরও নির্ধারক। টেস্ট সিরিজ শুরুর আগে সাকিব দাবি করেছিলেন, বাংলাদেশের বোলিং পাকিস্তানের চেয়ে ভালো। মুমিনুলের মতো অতটা না হলেও বিস্ময়ের স্কেলে এটিও কাছাকাছিই ছিল। যে পাকিস্তান সর্বশেষ দুই সিরিজে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ টেস্টের তিনটিই জিতেছে, তাদের চেয়ে বাংলাদেশের বোলিং ভালো!
সাকিবের মাথায় হয়তো সদ্য সমাপ্ত ওয়ানডে সিরিজটাই ঘুরছিল। দুটির পার্থক্য তিনি নিজেই সবচেয়ে ভালো টের পেলেন। তাঁর বলে ছক্কা মেরেই পাকিস্তানের অপরাজিত দুই ব্যাটসম্যানের হাফ সেঞ্চুরি। এটি নিছকই একটা তথ্যের বদলে প্রতীকী হয়ে উঠছে উইকেটশূন্য ১২ ওভারে সাকিব ৫৭ রান দেওয়ায়।
দুই দলের দুই অলরাউন্ডারের লড়াইকেও কালকের দিনটির প্রতীকী হিসেবে দেখতে পারেন। যাতে মোহাম্মদ হাফিজের ভূমিধস জয়। ওয়ানডে সিরিজের তিন ম্যাচে ৪, ০ ও ৪। একমাত্র টি-টোয়েন্টিতে ২৬। এই সফরে আগের চার ইনিংসে ৩৪ রান ভুলিয়ে দিয়ে হাফিজ ফিরিয়ে আনলেন সর্বশেষ দুই টেস্টের চার ইনিংসের স্মৃতি—৯৬, অপরাজিত ১০১, ১৯৭ ও ২৪। এর পাশে কালকের অপরাজিত ১৩৭ রাখুন। টেস্ট ক্রিকেটে ব্যাটসম্যান হাফিজের সেরা সময়টা দেখা হয়ে যাবে।
বোলার হাফিজও কাল একই রকম প্রভাবশালী। মুশফিক ও সৌম্যর জুটিটি যখন মাত্র জমে উঠেছে, সৌম্যকে আউট করে বাংলাদেশের ইনিংসে পতনের সূচনা তাঁর হাতেই। ব্যাটসম্যান দিয়ে দল ভারী করার অযৌক্তিকতা প্রমাণ করে মাত্র ২৭ রানেই পড়ে গেল বাংলাদেশের শেষ ৫ উইকেট।
সিরিজে বাংলাদেশের জন্য প্রথম নিরানন্দ দিনটির পূর্বাভাস দেওয়ার কাজটি অবশ্য এর আগেই করে গেছেন সাকিব। দিনের চতুর্থ ওভারেই জুলফিকার বাবরকে আগে বেড়ে মারতে গিয়ে লেগ স্লিপে ক্যাচ। আগের দিন পাঁচটি ক্যাচ ফেলা পাকিস্তান এ দিন ক্যাচিংয়েও দুর্দান্ত। কাভার থেকে ওয়াইডিশ মিড অফে দৌড়ে গিয়ে আসাদ শফিক যে ক্যাচটি নিয়ে সৌম্যকে ফেরালেন, সেটি তো রীতিমতো দর্শনীয়।
পাকিস্তানের ইনিংসে উল্টো ‘দর্শনীয়’ভাবে দুটি ক্যাচ পড়ল। দুটিই ফেললেন মুশফিকুর রহিম এবং দুটিরই সুবিধাভোগী আজহার আলী। প্রথমবার ১১ রানে। দ্বিতীয়বার আজহার ২৮। প্রথমটি সাকিবকে বঞ্চিত করল। দ্বিতীয়টি মোহাম্মদ শহীদকে প্রথম টেস্ট উইকেট থেকে। শহীদের দ্বিতীয় স্পেলের সেটি প্রথম ওভার।
দ্বিতীয় স্পেল, অথচ মাত্র দ্বিতীয় ওভার! নতুন বলে এক ওভার বোলিং করার পরই যে বিস্ময়করভাবে তাঁকে আক্রমণ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। টেস্টে পেসারদের ছন্দ পেতেই কয়েক ওভার লেগে যায়, এখানে আবার বোলারের টেস্ট অভিষেক। ক্রিকেটীয় যুক্তিতে মুশফিকুরের ওই সিদ্ধান্তের কোনো ব্যাখ্যা মেলে না। যা মেলে, তা হলো পেসারদের প্রতি তাঁর চির-অনাস্থার প্রমাণ।
যেমন ব্যাখ্যা মেলে না দিনের শেষ ৫ ওভারের চারটিই খণ্ডকালীন বোলারদের দিয়ে বোলিং করানোর। উইকেট নেওয়ার জন্য মরণকামড় দিতে যেখানে দলের সেরা দুই বোলারকে ৪-৫ ওভারের স্পেল দেওয়া উচিত, সেখানে কি না রুবেলকে আনা হলো শেষ ওভারে! এর আগের চারটি ওভার করলেন মুমিনুল, মাহমুদউল্লাহ ও সৌম্য!
এর দায় অবশ্য মুশফিকের নয়। তখন তো তিনি মাঠেই নেই। দ্বিতীয়বার ক্যাচ ফেলার সময়ই ডান হাতের অনামিকায় চোট পেয়েছেন। শেষ পানিপানের বিরতির সময় মাঠ ছেড়ে বেরিয়ে এক্স-রে করাতে গেছেন হাসপাতালে। তাতে সুসংবাদই পেয়েছেন, আঙুল ভাঙেনি। ব্যথা না থাকলে আজ শুরু থেকেই মাঠে থাকবেন।
মুশফিক বেরিয়ে যাওয়ার আগে অনেকের মনেই ছিল না যে, টেস্ট দলের সহ-অধিনায়ক তামিম ইকবাল। টেস্ট আর ওয়ানডেতে দুই অধিনায়ক ঠিক আছে, কিন্তু দুই সহ-অধিনায়ক কেন, এই পুরোনো প্রশ্নটাও আবার মাথা চাড়া দিল। ওয়ানডের সহ-অধিনায়ক সাকিব আল হাসানের টেস্টে দলে জায়গা নিয়ে সংশয় থাকলেও নাহয় একটা কথা ছিল। প্রশ্নটা আরও বড় হয়ে উঠছে, কাজ চালানোর মতো অধিনায়কত্বও যে এখনো তাঁর আয়ত্ত হয়নি, এক ঘণ্টাতেই তামিম তা বুঝিয়ে দেওয়ায়।
ব্যাখ্যাতীত ব্যাপার আরও আছে। এই সিরিজে ডিআরএস আছে, অথচ স্নিকোমিটার নেই! যার অর্থ, টিভি আম্পায়ার পল রাইফেলকে রাইফেল দেওয়া হয়েছে ঠিকই, কিন্তু তাতে গুলি নেই! রিভিউগুলো তাই সংশয় দূর করার চেয়ে সংশয় বাড়ানোর কাজটাই বেশি করল। দীর্ঘ সময় খেলা বন্ধ রেখে বিরক্তির জন্ম তো দিলই।
টেস্ট ক্রিকেটে প্রতিটি দিনই নতুন দিন। প্রথম দিনের পাকিস্তান যেমন দ্বিতীয় দিনটিকে অন্য রঙে রাঙিয়ে দিল, আজ বাংলাদেশও তেমন কিছু করতে পারলেই রক্ষা। নইলে দিনটি বড় দীর্ঘ হতে যাচ্ছে!