বোলারদের ব্যাটসম্যান হওয়ার সিরিজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টেল এন্ডারদের ব্যাটিং দেখার আনন্দ আধুনিক ক্রিকেটে সেই কবেই ‘ডায়নোসর’ হয়ে গেছে। কোথায় সেই ওয়ালশ-অ্যামব্রোস-ম্যাকগ্রা! কিংবা খুব সাম্প্রতিককালের ক্রিস মার্টিনও কোথায়! এখন তো আট থেকে এগারোর খাঁটি টেল এন্ডারদেরও ব্যাটিং করতে জানতে হয়। আর এই সময়ে যে দুটি দলের ‘লেজ’ সবচেয়ে শক্ত আর লম্বা—সেই ভারত-ইংল্যান্ড যখন মুখোমুখি; ‘আসল’ ব্যাটিং তো নিচের দিকেই হওয়ার কথা!

চেন্নাই টেস্টেও আট-নয়ে নামা দুই ব্যাটসম্যানের ৬০-এর ঘরের দুটি ইনিংস দেখা গেল কাল। আর এ কারণে প্রথম সেশনে ৩৭ রানের মধ্যে দ্রুত তিনটি উইকেট হারিয়েও ইংল্যান্ড প্রথম ইনিংসে তুলল ৪৭৭। ৩২১ রানে ৭ উইকেট চলে যাওয়ার পর আরও ১৫৬ রান! এই রানের বোঝা মাথায় নিয়ে যেমন শুরু দরকার ছিল, সেটাই করেছে ভারত। দ্বিতীয় দিন শেষে ভারতের রান বিনা উইকেটে ৬০। কাঁধে চোট পাওয়ায় ওপেনিংয়ে নামতে পারেননি মুরালি বিজয়। তাই ১৫৮ ওভার উইকেটকিপিং করে ব্যাট হাতে নেমে পড়তে হয়েছে পার্থিব প্যাটেলকে, অপরাজিত তিনি ২৮ রানে। ৩০ রানে ব্যাট করছেন লোকেশ রাহুল।

দিনের শুরুতে ভারত ৬ ওভারের মধ্যে তুলে নিয়েছিল স্টোকস ও বাটলারকে। মঈনও আর ২৬ যোগ করে ১৪৬ রানে ফিরেছেন উমেশ যাদবের শর্ট পিচ বলের শিকার হয়ে। এরপর অষ্টম উইকেটে ডসন-রশিদ জুটি গড়েন ১০৮ রানের। ইংল্যান্ডের হয়ে টেস্ট অভিষেকে আটে নেমে সর্বোচ্চ রানের নতুন রেকর্ড গড়েছেন লিয়াম ডসন, সঙ্গীর অভাবে ৬৬ রানে অপরাজিত থেকে ফিরেছেন। রশিদ ৬০ রান করে ফিরলেও ডসন শেষ দুই ব্যাটসম্যানকে নিয়ে যোগ করেছেন আরও ৪৮ রান। এই সিরিজে বোলারদের সবচেয়ে কঠিন পরীক্ষা তো বোলাররাই নিচ্ছেন! যখন টপাটপ উইকেট পাওয়ার কথা, তখন এমন জুটি গড়ে ওঠাটা প্রতিপক্ষের জন্য হতাশার।

টেস্ট ক্যারিয়ারে একটি সেঞ্চুরি আর ১০ ফিফটি করা স্টুয়ার্ট ব্রড এই সিরিজে তেমন রান পাননি। পেলে বোলারদের ‘ব্যাটসম্যান’ হয়ে ওঠার সিরিজটায় পরিসংখ্যান আরও স্বাস্থ্যবান দেখাত। তবে এখন পর্যন্ত যা আছে, তাও চমকে দেওয়ার মতো। এই সিরিজে প্রথম পাঁচ উইকেট জুটিতে রান উঠেছে ৩৩০৬, শেষ পাঁচ জুটিতে রান ২০২৬। ব্যাটিং অর্ডারের পাঁচ ব্যাটসম্যানের মোট রান ৩৩৩১। ছয় থেকে এগারোতে ব্যাটিং করাদের মোট রান ১৮১৫। আট থেকে এগারোতে নামা টেল এন্ডাররাও ৯৬৫ রান এনে দিয়েছেন! জয়ন্ত যাদব তো ৪ ইনিংস ব্যাটিং করেই ২২১ রান করেছেন, তবু বাদ পড়েছেন এই টেস্টের দল থেকে!