বোলারদের ব্যাটিং-আনন্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যিনি কথা বলছেন, সেই মিজানুর রহমান সাবেক পেসার। যাঁরা মনোযোগ দিয়ে তাঁর কথা শুনছেন, তাঁরাও সবাই বোলার। তবে মিরপুরের ইনডোরের কালকের এই দৃশ্যটা বোলিং প্র্যাকটিসের নয়। ব্যাট হাতে টেল এন্ডার ব্যাটসম্যানের দায়িত্বটাই রুবেল-মুস্তাফিজদের বুঝিয়ে দিচ্ছিলেন কোচ l প্রথম আলো
যিনি কথা বলছেন, সেই মিজানুর রহমান সাবেক পেসার। যাঁরা মনোযোগ দিয়ে তাঁর কথা শুনছেন, তাঁরাও সবাই বোলার। তবে মিরপুরের ইনডোরের কালকের এই দৃশ্যটা বোলিং প্র্যাকটিসের নয়। ব্যাট হাতে টেল এন্ডার ব্যাটসম্যানের দায়িত্বটাই রুবেল-মুস্তাফিজদের বুঝিয়ে দিচ্ছিলেন কোচ l প্রথম আলো

ব্যাট হাতে ডিফেন্সের শ্যাডো, সঙ্গে মুখ দিয়ে ‘টাক’ করে একটা শব্দ। চেহারায় আনন্দের ঝিলিক। মায়াবী কাটারে এই মাত্রই যেন কারও উইকেট সংহার করলেন মুস্তাফিজুর রহমান। তাই যদি হবে, শ্যাডোটা ব্যাট হাতে কেন?
কারণ মুস্তাফিজের মননে তখন ঘুরপাক খাচ্ছে শুধুই ব্যাটিং। নেটে যাওয়ার পর প্রথম বলটা ব্যাটের কানায় লেগে স্লিপের দিকে গেল। এ প্রান্ত থেকে কোচ মিজানুর রহমানের চিৎকার, ‘লেট রিঅ্যাকশন।’ পরের বলটা ব্যাটেই লাগাতে পারলেন না। কোচ কাছে গিয়ে কিছু একটা বুঝিয়ে দিয়ে এলেন। এরপর থেকে বোলিং-মেশিন থেকে ছুটে যাওয়া প্রতিটি বলেই মুস্তাফিজের ‘সলিড ডিফেন্স’। কখনো গুড লেংথ, কখনো শর্ট বল। কিন্তু মুস্তাফিজকে আর পরাস্ত করা গেল না। কোচ ততক্ষণে অন্য নেটে। চোখ তাঁর ঘুরে বেড়াচ্ছে রুবেল, জুবায়ের, আল আমিনদের ব্যাটিংয়ে।
ছুটিতে যাওয়ার আগে অনূর্ধ্ব-১৯ দলের কোচ মিজানুর রহমানকে কাজটা চন্ডিকা হাথুরুসিংহেই দিয়ে গেছেন। অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই টেস্টের সিরিজে মুস্তাফিজ-রুবেলদের মতো লেজের দিকের ব্যাটসম্যানদের ভূমিকা গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। অস্ট্রেলিয়ান পেসাররা ওই সময় নিশ্চিতভাবেই তাঁদের বাউন্সারে নাস্তানাবুদ করতে চাইবে। শেষ দিকের ব্যাটসম্যানদের ডিফেন্সে তাই উন্নতি আনতে চান হাথুরুসিংহে। যেন তাঁরা ব্যাটসম্যানদের যতটা সম্ভব সঙ্গ দিতে পারেন।
বোলারদের দিন পাঁচেকের ‘বিশেষ ব্যাটিং ক্যাম্প’টা শুরু হয়েছে গত পরশু। অন্য ক্রিকেটারদের সঙ্গে ফিটনেসের কাজ শেষ করে রুবেল-জুবায়েররা চলে যাচ্ছেন মিরপুরের ইনডোরে। প্রথম দিনের অনুশীলনে ছিলেন তাইজুল, রুবেল, জুবায়ের, শহীদ ও মুস্তাফিজ। জন্ডিস ধরা পড়ায় কাল তাইজুল না এলেও যোগ দিয়েছেন আল আমিন।
ম্যাচের মতো অনুশীলনেও বোলারদের ব্যাটিং অনুশীলন বেশির ভাগ সময় আনুষ্ঠানিকতা। নেটে ব্যাটসম্যান হিসেবে গুরুত্ব পেয়ে বল-ব্যাটের ঠুকঠুক শব্দে রোমাঞ্চিত হওয়াই স্বাভাবিক মুস্তাফিজ-জুবায়েরদের। তবে মুস্তাফিজ এটিকে গুরুত্ব দিচ্ছেন অন্য কারণেও, ‘শুধু টেস্টে নয়, ঘরোয়া ক্রিকেটেও অনেক সময় দলের প্রয়োজনে ব্যাট হাতে কিছু করতে হয়। এই প্র্যাকটিসটা সেখানেও কাজে দেবে।’
বুকের কাছাকাছি আসা বলগুলোতে সবচেয়ে বেশি সাবলীল মনে হলো শহীদকে। কোচ শুধু একবার বলে দিলেন, শরীরটাকে ব্যাটের ঠিক পেছনে রাখতে হবে। যেন বল ব্যাটে না লাগলেও শরীরে লাগে। এরপর থেকেই সত্যিকারের ব্যাটসম্যানের রূপে আবির্ভূত শহীদ। রুবেলও কোচ যা চাইলেন, তা-ই করে দেখালেন। প্রথমে গুড লেংথ বলে ডিফেন্সিভ শট, যেগুলোতে সিঙ্গেলের চেষ্টা হয়তো করা যাবে। পরে শর্ট বলে ডিফেন্স। প্রথম কয়েকটা বলে আল আমিন ডিফেন্স করেই ব্যাট সরিয়ে নিচ্ছিলেন। কোচের কাছ থেকে শটটা শেষ করার নির্দেশনা পাওয়ার পর ব্যাট করতে লাগলেন সেভাবেই। আর উচ্চতার কারণেই হয়তো উঠে আসা বলগুলোতে একটু সমস্যা হচ্ছিল জুবায়েরের। বয়সভিত্তিক ক্রিকেটে একসময় ওপেন করলেও উইকেট আর বোলিং মিলিয়ে মুখের দিকে ধেয়ে আসা বল হয়তো এর আগে কখনোই সামলাতে হয়নি। জুবায়ের চ্যালেঞ্জটা নিয়েছেন বলে মনে হলো, ‘এমনিতে তো আমাদের খুব একটা ব্যাটিং প্র্যাকটিসের সুযোগ হয় না। সুযোগ যখন পেয়েছি, চেষ্টা করব কিছু জায়গায় উন্নতি আনার।’
রুবেলেরও ঢাকার তৃতীয় বিভাগ পর্যন্ত ওপেনার হিসেবে খেলার অভিজ্ঞতা আছে। মুখে হাসি ছড়িয়ে বললেন, ‘সে তো অনেক আগের কথা!’ এরপর যোগ করলেন, ‘এখানে আমাদের কিছু নির্দিষ্ট পরিস্থিতির ব্যাটিংয়ের অনুশীলন করানো হচ্ছে। টেলএন্ডাররা এমনিতে বাজে বল পেলে মারে, ভালো বল ঠেকানোর চেষ্টা করে। তবে এখানে সবই ঠেকাতে বলা হচ্ছে। যেন আমরা আসল ব্যাটসম্যানদের সঙ্গ দিতে পারি।’
দুই দিনেই বোলারদের ব্যাটিংয়ে ভালো উন্নতি দেখছেন কোচ মিজানুর। তবে তার চেয়েও স্পষ্ট হয়ে ধরা পড়ছে বোলারদের ব্যাটিং করতে পারার আনন্দটা। হাথুরুসিংহের বেঁধে দিয়ে যাওয়া শৃঙ্খল ধুমধাড়াক্কা ব্যাটিংয়ের স্বাধীনতা দিচ্ছে না। তবে ব্যাট হাতেও দলে অবদান রাখার সম্ভাবনাই বাড়তি রোমাঞ্চের দোলা দিচ্ছে বোলারদের মনে।