বোলারদের র‍্যাঙ্কিংয়ে সেরা দশে মাশরাফি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাশরাফি, বোলিংয়ের নিভৃত নায়ক। ছবি: প্রথম আলো
মাশরাফি, বোলিংয়ের নিভৃত নায়ক। ছবি: প্রথম আলো

নেতৃত্বের কারণে আড়ালে চলে গেছেন। তা ছাড়া আগের সেই আগুন ঝরানো গতিও চোখে পড়ে না। না হলে বোলার মাশরাফি বিন মুর্তজাও কিন্তু ধারাবাহিকভাবেই দলে অবদান রেখে চলেছেন। এরই স্বীকৃতি পেলেন আইসিসির ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে। বোলারদের সেরা দশে উঠে এসেছেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক। ২০০৯ সালের পর প্রথম সেরা দশে এলেন এই পেসার।

দলের মূল বোলারের ভূমিকা থেকে সরে গেছেন আগেই। কিন্তু বাস্তবতা হলো, ক্যারিয়ারের শুরু থেকে নিত্যসঙ্গী হয়ে থাকা চোটের প​রও এই ৩৩ বছর বয়সেও দলের মূল বোলার হিসেবেই কিন্তু অনেকটা নীরবে কাজ করে যাচ্ছেন। ২০১৪ সালের জুন থেকে এ পর্যন্ত ৩৩ ইনিংসের ৩১টিতেই উইকেট পেয়েছেন মাশরাফি। মাত্র দুবার উইকেট পাননি।
সর্বশেষ সিরিজেও আদিল রশিদের (১০) পর সবচেয়ে বেশি উইকেট তাঁর (৮টি)। বাংলাদেশের বোলারদের মধ্যে তো বটেই, দুই দলের পেসার মিলিয়েই সর্বোচ্চ উইকেট নিয়েছেন এই সিরিজে।
আলাদা করে চোখে পড়ার মতো বোলিং খুব বেশি ম্যাচে করতে পারেননি হয়তো। কিন্তু যে বিশ্বকাপ দিয়ে ওয়ানডেতে বাংলাদেশ নিজেদের অন্যভাবে চিনিয়েছে, সে সময় থেকে এ পর্যন্ত ২২ ম্যাচে ৩৩ উইকেট তাঁর। সেটি মোস্তাফিজুর রহমানের ​আবির্ভাবের পরেও। এই ধারাবাহিক বোলিংয়েরই পুরস্কার হিসেবে ৬২৩ রেটিং পয়েন্ট নিয়ে নয়ে উঠে এলেন মাশরাফি। আটে থাকা কাগিসো রাবাদার সঙ্গে পার্থক্যও বেশি নয়। মাত্র ৫ রেটিং পয়েন্ট নিয়ে এগিয়ে আছেন তরুণ প্রোটিয়া পেসার। মাশরাফির ক্যারিয়ার সেরা রেটিং পয়েন্ট অবশ্য ৬৫৩, সেটি সেই ২০০৯ সালের।
৭৩১ রেটিং পয়েন্ট ​নিয়ে নিউজিল্যান্ডের ট্রেন্ট বোল্ট শীর্ষে। ছয়ে থাকা সাকিবের রেটিং পয়েন্ট এখন ৬৬০। সাকিব দুই ধাপ নেমেছেন। আগে ছিলেন চারে। গত ম্যাচে সাকিবকে পেরিয়ে ওয়ানডেতে সবচেয়ে বেশি উইকেট নেওয়া বাংলাদেশি বোলারও হয়ে গেছেন মাশরাফি। গত সিরিজের ৮ উইকেট ১৫ থেকে ৯ নম্বরে তুলে আনল মাশরাফিকে।