বোলারদেরই বেশি দায় দেখেন মুশফিক

প্রতিপক্ষ যখন ভারত, টেস্ট ড্র করাটাও বাংলাদেশ দলের জন্য বড় পাওয়া। তা বৃষ্টির আশীর্বাদেই হোক কিংবা মাথা উঁচু করে খেলে। কিন্তু ফতুল্লায় পাওয়া কালকের ড্রয়ের পর বাংলাদেশ অধিনায়ক মুশফিকুর রহিমের সংবাদ সম্মেলনটা যেন হয়ে গেল ‘হারে’র ব্যাখ্যার মঞ্চ। ড্রয়ের আনন্দ সেখানে কোথায়!
মূলত ব্যাটিং-ব্যর্থতাই এর কারণ। যদিও মুশফিক বারবার বোলারদের ব্যর্থতাকেই টেনে আনলেন। বোঝাতে চাইলেন, বোলিংটা আরেকটু ভালো হলে ভারতের জন্য রান করাটা কঠিন হতো, স্কোরটাও অত বড় হতো না। ১৮ মিনিটের সংবাদ সম্মেলনে অন্তত বার চারেক বোলারদের সমালোচনা করলেন টেস্ট অধিনায়ক।
ব্যাটসম্যানদের ব্যর্থতা নিয়ে প্রশ্ন হলেও উত্তরের একাংশে বোলারদের রীতিমতো ধুয়ে দিলেন অধিনায়ক, ‘বোলিংয়ে অনেক জায়গায় উন্নতি করা দরকার। ভালো জায়গায় বোলিং করা দরকার। এত সহজে যদি ৪৫০-৫০০ রান হয়ে যায়, যেকোনো দলকে যদি প্রথম বা দ্বিতীয় দিনেই এই রান দিয়ে দেন, তাহলে ফেরা কঠিন। প্রতিপক্ষ এক দিনেই ৩০০-৪০০ রান করে ফেললে ওই টেস্টে সব সময়ই আপনি পেছনে থাকবেন। ব্যাটিংয়ের চেয়ে বোলিংয়ে অনেক বেশি উন্নতি করতে হবে।’ পরে আরেক প্রশ্নের উত্তরেও একইভাবে সমালোচনা করলেন বোলারদের, ‘আমাদের যে পরিকল্পনা ছিল সে অনুযায়ী বোলিং হয়নি। উইকেটে সহায়তা থাকুক না-থাকুক, একজন বোলারকে তো ভালো জায়গায় বল করতে হবে। ভালো জায়গায় বোলিংয়ের জন্য ফিল্ডিং সাজিয়েও আপনি খাটো লেন্থে বল করলে বা ফুলটস দিলে অধিনায়ককেই বোকা মনে হবে, মনে হবে দল এটা কী পরিকল্পনা করছে!’ বোলাররা যে ভালো জায়গায় বল ফেলতে পারছে না, সেটা নিয়ে পরেও আক্ষেপ করেছেন মুশফিক।
টেস্ট জয়ের প্রথম শর্তই হলো প্রতিপক্ষের ২০ উইকেট নেওয়া। সেই শর্ত পূরণের শর্ত হিসেবে মুশফিক অগ্রাধিকার দিতে চান বোলিং দক্ষতার উন্নতিতে, ‘যখন লম্বা সময় ধরে কোনো উইকেট পড়ে না বা বোলাররা সুযোগ তৈরি করতে পারে না, তখন একটা শর্ট বা ফুলটস বলেই খেলোয়াড়দের শরীরী ভাষায় পরিবর্তন চলে আসে। আমি বলছি না বোলাররা ইচ্ছে করে এমন বল করে। কিন্তু টেস্টে কিছু করতে হলে বোলারদের ২০টি উইকেট নিতেই হবে। সে জন্য তাদের দক্ষতায় উন্নতি আনতে হবে।’
তবে এক পেসার নিয়ে খেলার সমালোচনাটা কাল যেন অধিনায়কও মেনে নিলেন, ‘আমাদের পরিকল্পনা খারাপ ছিল না। হয়তো আরেকটা পেসার খেলালে ভালো হতে পারত। তবে আমরাও মানুষ, আমাদেরও ভুল হতে পারে। আর এটা কখনোই টিম ম্যানেজমেন্টের একক সিদ্ধান্ত নয়। প্রতিপক্ষের শক্তি বিবেচনা করে সবাই একসঙ্গে বসেই সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করি।’
বাংলাদেশের কাল প্রথম লক্ষ্য ছিল ফলোঅন এড়ানো। এরপর যতটা সম্ভব ব্যাটিং করে যাওয়া, রানটাকে নিয়ে যাওয়া ভারতের প্রথম ইনিংসে করা স্কোরের কাছাকাছি। আট ব্যাটসম্যান নিয়ে সেটা পারাই উচিত ছিল বলে মনে করেন অধিনায়ক। কিন্তু মাত্র ৭ রানের জন্য পূরণ হয়নি প্রথম লক্ষ্যটাই। দায়টা ব্যাটসম্যানদেরই দিলেন মুশফিক, ‘কিছু ব্যাটসম্যান একটু ভালো খেললেও সেট হয়ে আউট হয়ে গেছে, এটা অস্বাভাবিক। এমন উইকেটে সেট হয়ে আউট হয়ে গেলে কঠিন হয়ে যায়। চতুর্থ বা পঞ্চম দিনের উইকেটে হরভজনকে খেলা সহজ ছিল না। কিন্তু এর চেয়ে আরেকটু ভালোভাবে সামলানোর সামর্থ্য আমাদের ছিল।’ তবে অন্য ব্যাটসম্যানদের সঙ্গে লিটন দাসকে মিলিয়ে ফেলাটা অন্যায়ই হতো। সেটা করেনওনি মুশফিক। অভিষেক টেস্ট খেলতে নামা এই ব্যাটসম্যানের প্রশংসাই ঝরেছে তাঁর কণ্ঠে।
ভারতের বিপক্ষে টেস্ট শেষ, আপাতত শেষ মুশফিকের অধিনায়কত্ব পর্বও। দক্ষিণ আফ্রিকা সিরিজের দুই টেস্টেও তিনিই অধিনায়ক থাকবেন কি না, সেটা সময়ই বলবে। তবে সংবাদ সম্মেলন শেষে ড্রেসিংরুমে ফেরার পথে জানালেন, তিনি নিজে থেকে অন্তত এই মুহূর্তে সেটা থেকে সরে আসার চিন্তা করছেন না। বরং ভারতের বিপক্ষে ওয়ানডেতেই আবার উইকেটকিপিংয়ে ফিরে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হতে চান নিজের পূর্ণ শক্তি নিয়েই। সেখানে অবশ্যই নিজের ব্যাটিং পারফরম্যান্সের গ্রাফটাও আরও উঁচুতে তুলতে চাইবেন।