বোলিং নিয়ে চিন্তিত নন সাকিব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাকিবের মুখে মিষ্টি হাসি; যেন বোঝাতে চাইলেন বোলিং নিয়ে চিন্তিত নন তিনি। ছবি: প্রথম আলো
সাকিবের মুখে মিষ্টি হাসি; যেন বোঝাতে চাইলেন বোলিং নিয়ে চিন্তিত নন তিনি। ছবি: প্রথম আলো

ওয়ানডেতে সাকিব আল হাসানের ২০০ উইকেট দেখবে বলে বেশ কদিন ধরেই প্রতীক্ষায় বাংলাদেশের দর্শকেরা। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম দুই ওয়ানডেতেই সুযোগ ছিল আবদুর রাজ্জাকের পর দ্বিতীয় বাংলাদেশি বোলার হিসেবে ২০০ উইকেটের মাইলফলক ছোঁয়ার। কিন্তু সাকিব অপেক্ষা বাড়িয়েই চলেছেন। তবে বোলিং যে খারাপ করছেন, তা নয়। তবুও উইকেট যেন সোনার হরিণ হয়ে দাঁড়িয়েছে সাকিবের কাছে!
বিশ্বকাপে হ্যামিল্টনে নিউজিল্যান্ডের বিপক্ষে সাকিব পেয়েছিলেন ৫৫ রানে ৪ উইকেট। এরপর নয় ওয়ানডেতে পেয়েছেন মাত্র ৯ উইকেট। ক্যারিয়ারে সাকিবের বোলিং গড় যেখানে ২৮.৬১, সেখানে গত নয় ম্যাচে ৩৮.২২। প্রতিপক্ষ ব্যাটসম্যানরা এ সময় সাকিবের ওপর খুব চড়াও হয়েছেন, তাও নয়। ইকোনমি বলছে যথেষ্ট মিতব্যয়ী ছিলেন—৪.৩৯। তবে ব্যাট হাতে ব্যর্থ নন; নয় ম্যাচে ৪৩.৮০ গড়ে দুই ফিফটিতে করেছেন ২১৯ রান। কিন্তু সাকিব মানেই তো অলরাউন্ড পারফরম্যান্স। গত কটা বছর নিজের ভাবমূর্তিটা সেভাবেই তৈরি করেছেন।
তবে বোলিং নিয়ে মোটেও চিন্তিত নন সাকিব। বরং সিরিজের শেষ ম্যাচে জ্বলে ওঠার প্রত্যাশা তাঁর, ‘অনেক সময় শেষ ম্যাচে ভালো বোলিং করেছি। সব সময়ই বোলিং নিয়ে ব্যক্তিগতভাবে সন্তুষ্ট ছিলাম। সত্যি কথা, নিজের কাছেও মনে হয়েছে, যেভাবে চেয়েছি সেভাবে বোলিং করতে পেরেছি। উইকেট-পুরস্কার পেলে তো অবশ্যই ভালো লাগে। তবে এসব নিয়ে বেশি চিন্তিত নয়। ভালো বোলিং করছি, দলে অবদান রাখছি, তাতেই খুশি।’
গত মাসে ফতুল্লা টেস্টে ভারতের বিপক্ষে ৪ উইকেট নেওয়ার পর জানিয়েছিলেন, অ্যাকশনে পরিবর্তন আনতে কাজ করছেন। তবে আজ সংবাদ সম্মেলনে জানিয়েছেন বোলিংয়ে খুব বেশি পরিবর্তন আসেনি। উইকেট পাওয়াকে স্রেফ ভাগ্যের ওপর ছেড়ে দিয়েছেন বিশ্বসেরা এ অলরাউন্ডার, ‘আগে যেমন ছিল, এখনো সেটা আছে। মনে হয় না খুব বেশি পরিবর্তন এসেছে বোলিংয়ে। প্রতিপক্ষের ব্যাটসম্যানরা অত বেশি চড়াও হয় না। যদি সে ধরনের পিচ না হয়, স্বাভাবিকভাবেই ওয়ানডে ম্যাচে উইকেট পাওয়া কঠিন। সব সময় মনে করি, উইকেট পাওয়া নির্ভর করে ভাগ্যের ওপর। কিন্তু ভালো বল করাটা আমার হাতে। সব সময়ই চেষ্টা করি ভালো বোলিং করতে।’