বোলিং নিয়েও উচ্চকণ্ঠ হাথুরুসিংহে
চন্ডিকা হাথুরুসিংহের চোখ সবার হাতেই দেখছে অপার সম্ভাবনা-
সাকিব আল হাসান: সর্বোচ্চ উইকেটশিকারি।
তাইজুল ইসলাম: এসজি বলে খুবই সফল।
মোহাম্মদ শহীদ: দারুণ পরিশ্রমী।
রুবেল হোসেনকে নিয়ে আলাদা কিছু বলেননি। তবে তিন পেসারের সম্মিলিত শক্তির কথা যখন বললেন, তখন এগিয়ে রাখলেন তাঁকেই। নবীন পেসার মুস্তাফিজুর রহমান আর জুবায়ের হোসেন প্রসঙ্গে বললেন একটু বিস্তারিত—
জুবায়ের হোসেন: ভবিষ্যতে বাংলাদেশের ক্রিকেটে অনেক বড় ব্যাপার হয়ে দাঁড়াবে ও। এ নিয়ে কোনো সন্দেহই নেই। সে উইকেট নিতে পারে। কাজেই টেস্ট ক্রিকেটে যেকোনো দলের বিপক্ষে ওকে আক্রমণের একটা অস্ত্র হিসেবে ব্যবহার করব আমরা।
মুস্তাফিজুর রহমান: বোলিং আক্রমণে একজন বাঁহাতি থাকা মানেই ভিন্ন কিছু। যেকোনো দলের জন্য এটা বাড়তি সুবিধা। টেস্ট দলে ওকে পাওয়াটা সব সময়ই ভালো।
—বাংলাদেশ দলের বোলারদের নিয়ে এই হলো কোচের মূল্যায়ন। টেস্ট সিরিজ-পূর্ব সংবাদ সম্মেলনে বিভিন্ন প্রশ্ন আর প্রসঙ্গে কারও ব্যাপারে বেশি বললেন, কারও ব্যাপারে কম। কিন্তু যাঁর যাঁর জায়গায় এক শতে এক শ দিলেন সবাইকে। কোচের চোখে বোলারদের সম্মিলিত শক্তিটাও অনেক বড়, ‘আমাদের বোলিং আক্রমণ প্রতিপক্ষের ২০ উইকেট নিতে পারে।’
প্রথম টেস্টের দল তখনো ঠিক হয়নি। মুস্তাফিজের খেলা নিয়েও দোলাচল ছিল এ প্রতিবেদন লেখা পর্যন্ত। তিন পেসার নিলে তো খেলবেনই। কিন্তু জুবায়েরকে খেলিয়ে দুই পেসার নিলে রুবেল হোসেনের সঙ্গে মুস্তাফিজ না শহীদ, এই প্রশ্নে আটকে ছিল একাদশ। কোচ, অধিনায়ক কারই অবশ্য মুস্তাফিজের ওপর আস্থার কমতি নেই—
মুশফিক: মুস্তাফিজ যেকোনো ধরনের ক্রিকেটেই ভালো করতে পারে। ওদের ব্যাটিং লাইনআপে নতুন যে চার-পাঁচজন এসেছে তারা কেউ মুস্তাফিজের বোলিং দেখেনি বা খেলেওনি। আমরা ওকে খেলালে অবাক হওয়ার কিছু থাকবে না। সেটা ওর প্রাপ্যই হবে।
হাথুরুসিংহে: টেস্ট খেলার জন্য তৈরি সে।
অভিষেক টেস্ট খেলার অপেক্ষায় থাকা মুস্তাফিজের কাছেই এত প্রত্যাশা! বাকি বোলারদের ওপর কোচ-অধিনায়কের আস্থা বোঝা যাচ্ছে তা থেকেই। হয়তো সে কারণেই যেটা কখনোই শোনা যায়নি, এবার উচ্চকিত সে আশাও—বাংলাদেশের বোলাররা প্রতিপক্ষের ২০ উইকেট নিতে পারে।
গত পাকিস্তান ও ভারত সিরিজের পর বোলারদের সমালোচনায় ক্ষতবিক্ষত করেছিলেন অধিনায়ক মুশফিকুর রহিম। ভারত সিরিজের পর তো বোলারদের রীতিমতো ধুয়েই দিয়েছিলেন। সেই মুশফিকও এবার কোচের কথায় টেবিল চাপড়াচ্ছেন। বোলারদের ওপর তাঁর এখন এমনই আস্থা যে, ২০ উইকেট নেওয়াটাকেও খুবই সম্ভব মনে করছেন, ‘ওরা যদি ওদের কাজটা ঠিকমতো করে আর ফিল্ডাররা তাদের সমর্থন দিতে পারে, আমাদের বোলারদেরও ২০ উইকেট নেওয়ার সামর্থ্য আছে।’
পাকিস্তান বা ভারতের বিপক্ষে যে আশাটুকু ছিল না, টেস্টে দক্ষিণ আফ্রিকার মতো দলের মুখোমুখি হওয়ার আগে সেই আশার ভেলায় ভাসা একটা স্বপ্নই দেখায়—জয়। কোচ বা অধিনায়ক কেউ তা সরাসরি মুখে আনছেন না। তবে প্রতিপক্ষের ২০ উইকেট নেওয়ার সামর্থ্য থাকা মানে যে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট জয়েরও সামর্থ্য আছে, সেটা কি আর বলে দেওয়ার দরকার আছে?
ওয়ানডেতে দারুণ ধারাবাহিক দলটার সামনে এখন টেস্টেও নিজেদের দুর্বার প্রমাণ করার চ্যালেঞ্জ। প্রতিপক্ষের ২০ উইকেট নেওয়ার সামর্থ্য সত্যিই থাকলে অবশ্য চ্যালেঞ্জটা খুব কঠিন হওয়ার কথা নয়।