বোলিংয়ে দুর্দান্ত বাংলাদেশ

২০ হাজার জোনাকি একসঙ্গে দেখেছেন? এর সঙ্গে ঢেউয়ের নাচন? নির্জন কোনো দ্বীপে যেতে হবে না। বসতে হবে না সমুদ্রের ধারে। বাংলাদেশের স্বপ্নের এক টুকরো দ্বীপ এখন মিরপুর। বাংলাদেশের আশার-আবেগের উথাল-পাথাল ঢেউয়ের সমুদ্র এখন মিরপুর।
ক্রিকেটে আর সব দেশে বিরল হয়ে উঠলেও ‘মেক্সিকান ওয়েভ’টি এখনো শেরে বাংলা স্টেডিয়ামের দর্শকরা ধরে রেখেছে যতন করে। এর সঙ্গে এবার এশিয়া কাপে নিয়মিত যোগ হয়েছে মুঠোফোনটিকে জোনাক পোকা বানিয়ে ফেলা। পাকিস্তানের ইনিংসের দশ ওভারেই জ্বলে উঠল সেই হাজার হাজার জোনাক। এই আলো জ্বলে-নেভে না। জ্বলজ্বল করে।
প্রেসবক্স থেকে দেখে মনে হচ্ছিল, এই বিন্দু বিন্দু আলো যেন সেই আশার, স্বপ্নের প্রতীক। মাথাটা একটু ঘোরাতেই স্কোর বোর্ড দেখাচ্ছিল, পাকিস্তান ৩৪/৪! শুধু উইকেট সংখ্যার দিকে তাকিয়ে রানটা যেন আপনার চোখ এড়িয়ে না যায়। ১০ ওভার পরেও পাকিস্তানের রান রেট কিনা সাড়ে তিনেরও নিচে!
শোয়েব মালিক-সরফরাজের ৭০ রানের জুটিতে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও শেষ পর্যন্ত ৭ উইকেটে ১২৯ রানেই থামল পাকিস্তান। প্রথমে ব্যাটিং করে ১৩০-এর নিচে আটকে গিয়ে টি-টোয়েন্টিতে একবারই জিতেছে তারা। এই পরিসংখ্যান সাক্ষী মানলে এশিয়া কাপের ফাইনালে এক পা দিয়েই রেখেছে বাংলাদেশ। দ্বিতীয় পা-টিও সেখানে তুলে দেওয়ার দায়িত্ব এখন ব্যাটসম্যানদের।
বাংলাদেশের বোলিং নিয়ে কোনো আক্ষেপ থাকার কথা নয়। তবে শুরুটার মতো শেষটা অমন দুর্দান্ত হলো না। প্রথম ১৩ ওভারে পাকিস্তান তুলতে পেরেছিল মাত্র ৫৪, শেষ সাত ওভারে তারাই তুলল ৭৫। সরফরাজ ৫৮ রানের অপরাজিত ইনিংস খেলে দলকে ম্যাচের মাঝ পথেই ছিটকে যাওয়ার হাত থেকে বাঁচালেন। শোয়েব মালিকের ৪১ ছাড়া পাকিস্তানের বলার মতো রান করতে পারেননি আর কেউ।
এবারের এশিয়া কাপে লো স্কোরিং ম্যাচেও অনেক উত্তেজনা ছড়াচ্ছে। সেদিক দিয়ে দেখলে ১৩০-এর লক্ষ্যটা কঠিন মনে হতে পারে। কিন্তু আজ মিরপুরে খেলা হচ্ছে একেবারে ন্যাড়া উইকেটে। এই উইকেট রানপ্রসবা জন্যই টসে জিতে ব্যাটিং নিতে দ্বিতীয়বার ভাবেননি আফ্রিদি, এমনকি ডিউ ফ্যাক্টরও তাঁকে ভাবাতে পারেনি।
এবারের এশিয়া কাপে প্রায় সবার কণ্ঠেই উইকেট নিয়ে আপত্তি। ওয়াকার ইউনুস থেকে শুরু করে মহেন্দ্র সিং ধোনি কিংবা লাসিথ মালিঙ্গা। টুর্নামেন্টটির এসিসির হলেও উইকেটের দায়িত্বে বাংলাদেশের প্রধান কিউরেটর গামিনি সিলভা। এই প্রথম এশিয়া কাপে আজ এমন পাটা উইকেটে খেলা হচ্ছে। আর সেখানেই ব্যাটিং করতে নেমে পাকিস্তানের এমন হাঁসফাঁস!
মুস্তাফিজুর রহমানের অনুপস্থিতি পুষিয়ে দিতে বাংলাদেশের বোলাররা সবাই কাঁধ মিলিয়ে লড়লেন। ২৫ রানে ৩ উইকেট নিয়ে আল আমিন আবারও দলের সেরা বোলার। কিন্তু তাসকিনের কথা আলাদা করে বলতে হবে। প্রথম ৩ ওভারে মাত্র ২ রান দিয়েছিলেন। ১৯তম ওভারে ১২ রান দিয়ে না ফেললে কত দুর্দান্তই দেখাত তাঁর বোলিং ফিগার! এই ডেথ ওভারেই আসলে মুস্তাফিজের অভাবটা একটু হলেও টের পেয়েছে বাংলাদেশ। শ্রীলঙ্কা ম্যাচেও মুস্তাফিজ শেষের দিকে করা ২ ওভারে মাত্র ৮ রান দিয়েছিলেন বলেই ম্যাচ থেকে ছিটকে গিয়েছিল শ্রীলঙ্কা।
শেষটা থেকে নয়, বাংলাদেশ প্রেরণা নেবে শুরু থেকে। চাপে কোণঠাসা হয়ে যাওয়া পাকিস্তান পাওয়ার প্লেতে তুলতে পারল মাত্র ২০, সেটিও ৩ উইকেট হারিয়ে। টুর্নামেন্টে শুরু থেকেই বাংলাদেশের বোলাররা দুর্দান্ত বোলিং করলেও আজই প্রথম ৬ ওভারে প্রতিপক্ষ দলের রান ২০-এর মধ্যেই আটকে ফেলতে পারল। বাংলাদেশের নিয়ন্ত্রিত বোলিংয়ের সাক্ষী হয়ে থাকল এই তথ্য—পুরো ২০ ওভারে একটিও অতিরিক্ত রান নেই। নো-ওয়াইড তো দূরের কথা, এমনকি কোনো বাই রানও নিতে পারেনি পাকিস্তান।
টানা পাঁচটি ডট দিয়ে শুরু করা তাসকিস যে চাপ তৈরি করেছিলেন, সেটারই ফসল পরের ওভারের প্রথম বলেই পেলেন আল আমিন। টুর্নামেন্টের মূল আসরের সেরা বোলার পরে আফ্রিদি আর আনোয়ার আলীকেও ফিরিয়েছেন। মুস্তাফিজের বদলে সুযোগ পাওয়া আরাফাত সানি প্রথম ওভারে ফিরিয়েছেন সার্জিলকে। পরে মালিক-সরফরাজের জুটিটাও ভেঙেছেন সানিই। যদিও ২ উইকেট নিতে রানটা দিয়ে ফেলেছেন ৩৫।
মাশরাফিও নিজের প্রথম ওভারে হাফিজকে ফেরালেও পরে রাশ আলগা করে ফেলেছেন ৪ ওভারে ২৯ রান দিয়ে। ২৬ রানে উইকেটশূন্য সাকিব ব্যাটিং দিয়ে পুষিয়ে দেবেন নিশ্চয়ই। তবে তিনি বেশি করে চাইবেন, ব্যাট হাতে নামতেই যেন না হয়!
মুঠোফোনে জ্বলে ওঠা জোনাকি পাকিস্তানি ব্যাটসম্যানদের আপত্তির মুখে নিভিয়ে ফেলতে হয়েছে দর্শকদের। কিন্তু নানা কারণে ২০১২ সালের সেই ফাইনালটির স্মৃতি আবার ফিরে আসা বাংলাদেশ এবার আশার আলো নেভাতে চায় না। আসল জোনাক-উৎসব করতে চায় ফাইনাল নিশ্চিত করেই। সবাই যে মুঠোফোন ফুল চার্জ দিয়েই ঢুকেছে মাঠে!