বোলিংয়ে স্বপ্নের এক দিন

তখন চা-বিরতি। স্টেডিয়ামের বৃত্তাকার পথে জমে থাকা শেওলা ধরা পানি মাড়িয়ে দুদ্দাড় ছুটে এল চার কিশোর। ভেতরে ঢোকার পথ খুঁজছে। কিসের এত তাড়া? ‘বাংলাদেশের ব্যাটিং দেখব’—মুখে লাজুক হাসির মধ্যে গভীর একটা আশাও লুকিয়ে। এদের বলতে হয় পৃথিবীর সবচেয়ে ‘জঙ্গি’ ক্রিকেট দর্শক। ‘আমাদের মুস্তাফিজ আছে না, দেখবেন ওরা দ্রুতই অলআউট হয়ে যাবে। বাংলাদেশ আজই ব্যাটিং করবে।’ মুখে ঝকমকে হাসি নিয়ে কিশোরের দলটা ঢুকে গেল গ্যালারিতে। আর দুই ওভার পরেই ঘটল সেই ম্যাজিক কিংবা মিরাকল। ঘটালেন সেই বিস্ময় বালক মুস্তাফিজুর রহমান।
প্রথম বলে হাশিম আমলা কট বিহাইন্ড। এক বল পর এলবিডব্লু জেপি ডুমিনি, ডিআরএসের অনিবার্য বিচারে। হ্যাটট্রিক বলটি কোনোমতে ঠেকালেন কুইন্টন ডি কক, পরের বলেই তাঁর অফ স্টাম্পটা ছিটকে কয়েক হাত দূরে। চার বলে তিন উইকেট! টেস্টেও স্বপ্নের অভিষেক বাংলাদেশের ক্রিকেট যাত্রাকে স্বপ্নডানায় বয়ে নিয়ে যাওয়া এক স্বপ্নচারীর। ১৩৮ বছর বয়সী টেস্ট ইতিহাসের পৃষ্ঠাগুলো উল্টে দেখা যাচ্ছে, এর আগে অভিষেকেই চার বলে তিন উইকেট নেওয়ার ঘটনা মাত্র তিনটি। মুস্তাফিজের তিন পূর্বসূরি ইংল্যান্ডের মরিস অ্যালম, অস্ট্রেলিয়ার জনি মার্টিন ও ভারতের রবি শাস্ত্রী।
প্রথম দিনের খেলা শেষে যে মুস্তাফিজকে পাওয়া গেল, তাঁর মুখে সারল্যমাখা হাসি। কী ঘটিয়ে ফেলেছেন, তা যেন উপলব্ধিতেই আসেনি। একের পর এক বিস্ময়কর কাণ্ডকীর্তি করেও যে ‘অবুঝ’ কিশোর!
তবে এবার এটি অন্তত বুঝতে পারলেন, তাঁর বোলিং টেস্ট শিরোমণি দলটিকে ফেলে দিয়েছে বেশ বড় এক গাড্ডায়। যেখানে দাঁড়িয়ে হাশিম আমলাদের নতুন করে কষতে হচ্ছে যুদ্ধের ছক। ওয়ানডে সিরিজে হারের পর টেস্টের অগৌরবও যে তাদের নীল রক্ত সইতে পারবে না!
মুস্তাফিজ ছিলেন বাংলাদেশের সেরা বোলিং অস্ত্র, এটি সর্বৈব সত্যি। তবে গোটা বোলিং তূণের সবগুলো তির কাল লক্ষ্যভেদী হওয়াতেই তো দক্ষিণ আফ্রিকা অলআউট ২৪৮ রানে। এর মধ্যে সর্বোচ্চ ৫৪ রান করতে পারলেন মাত্রই তৃতীয় টেস্ট খেলতে নামা একটি ছোটখাটো শরীর—টেম্বা বাভুমা। দ্বিতীয় সর্বোচ্চ ৪৮ রান ফ্যাফ ডু প্লেসির, তৃতীয় সর্বোচ্চ ৪৭ ওপেনার ডিন এলগারের, তারপর ৩৪ আরেক ওপেনার স্টিয়ান ফন জিলের। বড় ইনিংস আসবে কী করে? ওদের ব্যাটিংকে যে প্রায় ফাঁস আটকে রেখেছিলেন বাংলাদেশের বোলাররা! বল্গাহীন ঘোড়ায় চেপে ছুটে চলা প্রোটিয়াদের রানটা একটু থামে মাহমুদউল্লাহ তাঁর অফ স্পিনে ফন জিলকে আউট করে ৫৮ রানের ওপেনিং জুটি ভেঙে দেওয়ার পর। আসল কাজটা শুরু হয় লাঞ্চের পর। এক প্রান্তে বাঁহাতি পেসে আগুন ঝরাতে থাকেন মুস্তাফিজ, আরেক প্রান্ত থেকে লেগ স্পিনের জাদু দেখাতে থাকেন জুবায়ের হোসেন। এই চাপে অতিষ্ঠ হয়েই একটু পর দুই বাঁহাতি স্পিনারের তিন বলের মধ্যে ২ উইকেট। এলগারকে তুলে নেন তাইজুল। ডু প্লেসিকে সাকিব আল হাসান। আপাত খটখটে নিষ্প্রাণ উইকেটে রান তোলা হঠাৎই তখন পৃথিবীর কঠিনতম এক কাজ। ৩ উইকেটে ১৬৫ রান নিয়ে চা-বিরতিতে যায় দক্ষিণ আফ্রিকা। তারপরই মুস্তাফিজ-ম্যাজিকে ১৭৩ রানে আরও তিন উইকেট নেই! ‘রান্নাঘরে আরও’ ছিল এক লেগ স্পিনার। পরপর ভারনন ফিল্যান্ডার, সাইমন হার্মার ও ডেল স্টেইনকে তুলে নেন জুবায়ের, দক্ষিণ আফ্রিকা ৯ উইকেটে ২৩৯। বাভুমাকে এক শর্ট বলের ফাঁদে ফেলে ইনিংস মুড়িয়ে দিয়েছেন ওই মুস্তাফিজই। বাংলাদেশের বোলাররা কাজ করেছেন যেন সমবায় ভিত্তিতে। মুস্তাফিজের চার উইকেটের পাশে জুবায়েরের তিন উইকেট, সাকিব ও তাইজুল নিয়েছেন একটি করে উইকেট। তবে দুর্ভাগা আসলে মোহাম্মদ শহীদ। প্রায় বোলিং মেশিনের মতো বল করে যাওয়া এই পেসারের নামের পাশে কোনো উইকেট নেই। স্লিপে ইমরুল কায়েস ক্যাচ না ফেললে বাভুমা ও ফিল্যান্ডারের উইকেট দুটি তিনিই পেতেন। তবে দিন শেষে নিশ্চয়ই সেই দুঃখ তিনি ভুলে গেছেন বাংলাদেশের স্বপ্নময় এক বোলিংয়ের দিনে।
দিন শেষে পুরো বাংলাদেশ দলের অন্তঃপুরে একটা ঝকঝকে হাসি না থেকেই পারে না। দিনটাই যে শুরু হয়েছিল সূর্যের ঝকঝকে হাসিতে। বৃষ্টি উধাও, মেঘ দেশান্তরি। টস জিতে ব্যাটিং নিয়ে হাসতে শুরু করেছিল হাশিম আমলার দলও। অবশেষে তাদের সেই হাসিটাকে মুছে দেওয়া গেছে। এবার বাংলাদেশের ব্যাটিং-পরীক্ষা। ২ ওভার থেকে ৭ রান তুলে আজ যেটি শুরু করবেন দুই ওপেনার তামিম ইকবাল ও ইমরুল কায়েস।
আনন্দের পাশে অবশ্য প্রায় সময়ই লুকিয়ে থাকে একটা দুঃখের কাঁটা। সেই কাঁটাকে নিশ্চয়ই সন্তর্পণে এড়িয়ে চলতে চাইবে বাংলাদেশ। মনে কি নেই ২০০৮ সালের মিরপুর টেস্টের কথা! যেখানে দক্ষিণ আফ্রিকাকে ১৭০ রানে অলআউট করেও পুড়তে হয়েছিল হারের হতাশায়। দিন শেষে বাভুমা আবার প্রচ্ছন্ন হুমকিই দিয়ে গেলেন। নিচু বাউন্স আর মন্থর এই উইকেট ব্যাটিংয়ের জন্য ক্রমেই কঠিনতর হয়ে উঠবে। মুশফিক, এটি আপনারাও নিশ্চয়ই জানেন!
প্রথম দিনের শেষে: দ. আফ্রিকা ১ম ইনিংস: ২৪৮; বাংলাদেশ ১ম ইনিংস: ৭/০