
একটা ধাক্কা তো আগেই এসেছিল। প্রস্তুতি ম্যাচে চোট পেয়ে পেসার ধাম্মিকা প্রসাদের ছিটকে যাওয়ার সেই ধাক্কাটা সামলে ওঠার আগেই আরেকটা বড় আঘাত। ডোপ পরীক্ষায় পজিটিভ হয়ে দেশে ফিরতে হচ্ছে শ্রীলঙ্কান উইকেটকিপার-ব্যাটসম্যান কুশল পেরেরাকেও। নিউজিল্যান্ডের বিপক্ষে ডানেডিনে আগামীকাল শুরু দুই টেস্ট সিরিজের প্রথমটির আগে শ্রীলঙ্কা নড়বড়ে এই জোড়া আঘাতে।
পেরেরার পজিটিভ হওয়ার খবরটি পরশু জানা গেলেও পরীক্ষাটা হয়েছিল মাস পাঁচেক আগে। পাকিস্তানের শ্রীলঙ্কা সফরের সময় দৈবচয়ন ভিত্তিতে পরীক্ষা নেয় আইসিসি। ওই পরীক্ষাতেই নিষিদ্ধ দ্রব্যের উপস্থিতি ধরা পড়েছে পেরেরার নমুনায়। খবরটা নিশ্চিত হওয়ার পর নিউজিল্যান্ডের সফরের তিন ফরম্যাটেই দলে থাকা পেরেরাকে দেশে ডেকে পাঠিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। অন্তর্বর্তীকালীন শ্রীলঙ্কান কোচ জেরোম জয়ারত্নে অবশ্য কাল জানিয়েছেন, পায়ের চোট থেকে সেরে উঠতে কিছু ওষুধ নিয়েছিলেন পেরেরা। কিন্তু সেটির কোনো উপাদান যে আইসিসি নিষিদ্ধ দ্রব্যের তালিকায় ছিল, সেটা তিনি জানতেন না। ব্যাপারটা ইচ্ছাকৃত নয়।
যে কারণেই হোক, বাস্তবতা হচ্ছে এই সফরটা পেরেরাকে ছাড়াই খেলতে হবে শ্রীলঙ্কার। এটি যে কত বড় ধাক্কা, তা বোঝা যাবে জয়ারত্নের কথা শুনলেই, ‘আমার মনে হয় এর বড় প্রভাব পড়বে সিরিজে। কারণ সে শুধু আমাদের এক নম্বর উইকেটকিপারই ছিল না, ৭ নম্বরে আক্রমণাত্মক ব্যাটসম্যানও, যে ম্যাচ ঘুরিয়ে দিতে পারত।’
জয়ারত্নেই জানিয়েছেন, পেরেরার জায়গায় উইকেটকিপিং করবেন দিনেশ চান্ডিমাল, আর দেশ থেকে দলে যোগ দিতে আসছেন ওপেনার কৌশল সিলভা।
এই দুটি অঘটনের আগ পর্যন্ত শ্রীলঙ্কা বেশ চনমনেই ছিল। মাস দেড়েক আগেই সর্বশেষ সিরিজে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২-০ ব্যবধানে জয়ের স্মৃতি নিয়ে নিউজিল্যান্ড গেছে তারা। অন্যদিকে টানা ৭টি সিরিজ অপরাজিত থাকার পর সর্বশেষ সিরিজে অস্ট্রেলিয়ার কাছে হেরেছে নিউজিল্যান্ড। শ্রীলঙ্কার সর্বশেষ নিউজিল্যান্ড সফরের স্মৃতি অবশ্য মোটেই সুখকর নয়। বছর খানেক আগের সেই সফরে ট্রেন্ট বোল্ট ও টিম সাউদির তোপে ২-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হয়েছিল লঙ্কানরা। বোল্ট-সাউদি মিলে নিয়েছিলেন ১৯ উইকেট।
নিজেদের কন্ডিশনে আরও একবার শ্রীলঙ্কাকে পেয়ে সাউদির চোখ যেন চকচক করছে, ‘আমরা চেনা মাঠ, চেনা কন্ডিশনে ফিরেছি। ডানেডিনের সেই পরিচিত আবহাওয়া...আমাদেরই ঠান্ডা লাগছে, শ্রীলঙ্কার অবস্থা তো আরও খারাপ হতে বাধ্য।’ এএফপি।