এর আগে কখনো পাঁচে ব্যাট করেননি, তা নয়। তবে সংখ্যাটা অনেক কম। এই টেস্টের আগে ৫৯ ইনিংসে মাত্র ১০ বার। ক্যারিয়ারজুড়ে ছয়-সাত, এমনকি আটে নেমে দলকে উদ্ধারের কাজই বেশি করতে হয়েছে জনি বেয়ারস্টোকে। তা কাল যখন শুনতে পেলেন পাঁচে নামছেন, অবস্থাটা কী ছিল ইংলিশ উইকেটকিপার-ব্যাটসম্যানের?
‘ওর চোখ জ্বলজ্বল করছিল খুশিতে’—উত্তরটা অধিনায়ক অ্যালিস্টার কুকই দিয়েছেন।
তা পাঁচে নেমেও দলকে উদ্ধারের কাজটাই করতে হলো বেয়ারস্টোকে। তাঁর ৮৯ রানই প্রথম দিন শেষে যা একটু স্বস্তিতে রেখেছে কুকদের। খামখেয়ালি ব্যাটিংয়ের মূল্য দিয়ে ইংল্যান্ড দিন শেষ করেছে ৮ উইকেটে ২৬৮ রান নিয়ে।
দিন শুরুর ইঙ্গিতটা ভারতের জন্যই নেতিবাচক ছিল। ম্যাচের আগে চোটে পড়েন লোকেশ রাহুল। ধীরে ধীরে স্পিনবান্ধব হয়ে যায়, তাতে টসও হারে ভারত। তারপর প্রথম ঘণ্টায় ভারতীয় ফিল্ডাররা কুকের ক্যাচই ফেলে দিলেন দুবার। পরিস্থিতিটা বদলাতে শুরু করে প্রথম সেশনের পানিবিরতির পর। ১ উইকেটে ৫১ রানে বিরতি, ফিরে এসে পরপর দুই ওভারে ব্যাটিংয়ের দুই স্তম্ভ কুক ও রুটকে হারায় ইংল্যান্ড। দুজনই ভালো শুরু করে আউট, দুটি বাজে শটে।
জস বাটলার ও বেয়ারস্টো ছাড়া কাল সব ইংল্যান্ড ব্যাটসম্যানেরই দোষ এটি, ভালো শুরু করেও আউট দশ-বিশের ঘরে। ভারতীয় বোলাররাও কৃতিত্বটা দাবি করতে পারেন। দিনজুড়েই লাইন-লেংথ ঠিক রেখে বল করে গেছেন অশ্বিন-শামিরা।
তাঁদের সঙ্গে পাল্লা দিয়ে যা একটু লড়েছেন বেয়ারস্টোই। সেঞ্চুরি শেষ পর্যন্ত পাননি, তবে ১৭৭ বলের ধৈর্যশীল ইনিংসটিতে ইংল্যান্ডকে পথ দেখাচ্ছিলেন। ১৪৪ রানে ৫ উইকেট পড়ার পর ষষ্ঠ উইকেটে বাটলারের (৪৩) সঙ্গে তাঁর জুটি ইংল্যান্ডকে বড় কিছুর স্বপ্নও দেখাচ্ছিল। কিন্তু ৬৯তম ওভারে বাটলারের পর ৮৪তম ওভারে ফিরে যান বেয়ারস্টোও। বড় ধাক্কা হয়ে এসেছে ৮৯তম ওভারে শেষ স্বীকৃত ব্যাটসম্যান ক্রিস ওকসের আউটও।
তিন শ এখন ইংল্যান্ডের জন্য অনেকটা ঝাপসা স্বপ্ন। ক্রিকইনফো।