বোঝানো হয়েছে বিরাট কোহলিকে

বিরাট কোহলি কিংবা অন্যান্য ভারতীয় সিনিয়র খেলোয়াড়েরা বাংলাদেশ সফরে আসবেন কিনা, এ নিয়ে চলছে এন্তার জল্পনা-কল্পনা। বিশ্বকাপ ও আইপিএলের ক্লান্তি কাটিয়ে ওঠার অভিপ্রায়ে কোহলিসহ ভারতীয় ক্রিকেট দলের বেশ কয়েকজন সিনিয়র খেলোয়াড় নাকি আগামী মাসের বাংলাদেশ সফর থেকে নিষ্কৃতি চেয়েছেন। তবে এই সফরে কোহলিসহ অন্যান্যদের বিশ্রাম দেওয়া হবে কিনা, সেটা জানা যাবে আজ বুধবারই। আজই যে মুম্বাইয়ে বসে বাংলাদেশ সফরের জন্য ভারতীয় দল চূড়ান্ত করে ফেলার কথা নির্বাচকদের।
তবে দল ঘোষণার আগে জানা গেছে বাংলাদেশ সফরে যেতে নাকি বিশেষভাবে বোঝানো হয়েছে হালের সেনসেশন বিরাট কোহলিকে। মহেন্দ্র সিং ধোনি টেস্ট থেকে অবসর নেওয়ার পর কোহলির হাতেই এখন ভারতীয় টেস্ট দলের দায়িত্ব। আর বাংলাদেশ সফর থেকেই শুরু হওয়ার কথা ভারতীয় টেস্ট ক্রিকেটের ‘কোহলি-অধ্যায়’ ব্যাপারটাকে ঐতিহাসিক চিহ্নিত করেই কোহলিকে বাংলাদেশ সফরে যাওয়ার ব্যাপারে বুঝিয়েছেন নির্বাচকেরা। তাদের মতে, শুরুতেই কোহলির অধিনায়কত্বে এই ‘ব্রেক’ তাদের কারওরই কাম্য নয়।
এ বিষয়ে কোহলির ওপর কেনো চাপ নেই, বরং ব্যাপারটা নাকি তাঁর ওপরই ছেড়ে দেওয়া হয়েছে। বিষয়টির গুরুত্ব কোহলিও অনেকটা আঁচ করতে পেরেছেন বলে জানা গেছে। তিনিও নাকি অন্তত টেস্ট ম্যাচটা খেলার বিষয়ে এই মুহূর্তে মোটামুটি রাজি। তবে সমস্যা ধোনিকে নিয়ে। ধোনি নাকি নিজের ভাবনায় অনড়। কোহলি টেস্টে খেললে ওয়ানডেতে তাঁকে বিশ্রাম দেওয়া হতে পারে। কোহলির পাশাপাশি ধোনিও যদি ওয়ানডে না খেলেন, তাহলে বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ মোটামুটি তারুণ্য নির্ভর দল নিয়ে খেলবে ভারত। তবে আগেই জানা গেছে, নির্বাচক ও ভারতীয় ক্রিকেট বোর্ডের ইচ্ছা বাংলাদেশে পূর্ণ শক্তির দল নিয়েই সফরে আসা।
শেষ অবধি কী সিদ্ধান্ত হয়, সেটা জানতে আর কিছুক্ষণ কিন্তু অপেক্ষা করতেই হচ্ছে। সূত্র: আনন্দবাজার পত্রিকা।