বোথামকে ছাড়িয়ে অ্যান্ডারসন

এটি অনিবার্যই ছিল যে রেকর্ডটা তাঁরই হবে। ছিল শুধু অপেক্ষা। জেমস অ্যান্ডারসনের সেই অপেক্ষা ফুরোল পরশু শেষ বিকেলে, অ্যান্টিগা টেস্টের পঞ্চম দিন।
ইয়ান বোথামের ৩৮৩ উইকেট ছুঁয়েছিলেন পরশু সকালেই, মারলন স্যামুয়েলসকে গালিতে জেমস ট্রেডওয়েলের ক্যাচ বানিয়ে। এরপর ওয়েস্ট ইন্ডিজের আরও দুটি উইকেট পড়ল, কোনোটির পাশেই অ্যান্ডারসনের নাম নেই। ভিআইপি গ্যালারির একটা অংশ রীতিমতো ‘অ্যান্ডারসনস কর্নার’। সেখানে বাবা মাইকেল, মা ক্যাথরিন, স্ত্রী ড্যানিয়েলার সঙ্গে দুই কন্যা লোলা ও রুবি। শুধু কি পরিবার! অ্যান্ডারসনের কীর্তি স্বচক্ষে দেখবেন বলে সপরিবার চলে এসেছেন তাঁর অনেক বন্ধুও।
অবশেষে সেই কাঙ্ক্ষিত ক্ষণটা এল শেষ বিকেলে। জেসন হোল্ডারের সঙ্গে জুটি গড়ে ততক্ষণে ওয়েস্ট ইন্ডিজের হার এড়ানোর লক্ষ্যে অনেকটা পথ হেঁটেছেন অধিনায়ক দিনেশ রামদিন। অ্যান্ডারসন আঘাত হানলেন ঠিক সেই সময়ে। তাঁর লেগ কাটার রামদিনের ব্যাটের কানা ছুঁয়ে সোজা স্লিপে অ্যালিস্টার কুকের হাতে। বোথাম পেছনে চলে গেলেন—ইংল্যান্ডের সর্বোচ্চ টেস্ট উইকেটশিকারির নাম অ্যান্ডারসন! ক্যারিয়ারের শততম টেস্টটা চিরস্মরণীয় হয়ে থাকল তাঁর জন্য। ছুটে এসে জড়িয়ে ধরলেন সতীর্থরা, দাঁড়িয়ে গেলেন ভিআইপি গ্যালারিতে অ্যান্ডারসনের উচ্ছ্বসিত পরিবার, বন্ধুরা। তাঁদের সঙ্গে দাঁড়াল পুরো ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়াম।
দাঁড়ালেন আরও একজন। ২৯ বছর ধরে যিনি বসে ছিলেন সিংহাসনে, সেই ইয়ান বোথাম স্বয়ং। ধারাভাষ্যকেন্দ্রে বসা ইংল্যান্ড কিংবদন্তি মাইক রেখে উঠে দাঁড়ালেন। করতালি আর হাসিতে বোঝা গেল যোগ্য উত্তরসূরির হাতে রেকর্ডটা যাওয়ায় আনন্দিত তিনিও। ম্যাচ শেষে ধারাভাষ্যকেন্দ্র থেকে বেরিয়ে এসে জড়িয়ে ধরেছেন অ্যান্ডারসনকে। পরে প্রতিক্রিয়া জানাতে গিয়েও এ কথাটাই বললেন সর্বকালের অন্যতম সেরা এই অলরাউন্ডার, ‘এত বছর ধরে ওকে দেখা এবং তার ম্যাচে ধারাভাষ্য দেওয়া আমার জন্যও দারুণ আনন্দের ব্যাপার। আমি আশা করব সে ৪০০ উইকেট ছাড়িয়ে যাবে এবং রেকর্ডটাকে নতুন উচ্চতায় নিয়ে যাবে।’
আর অ্যান্ডারসন? শেষ পর্যন্ত ইংল্যান্ড টেস্টটা জিততে না পারায় একটু আক্ষেপ তো আছেই। তবে সেসব ছাড়িয়ে বড় হয়ে উঠেছে অর্জনের উচ্ছ্বাসটাই, ‘বোথামের মতো কিংবদন্তিকে ছাড়িয়ে যাওয়ার চেয়ে গর্বের ব্যাপার আর কী হতে পারে! আমি ইংল্যান্ডের হয়ে উইকেট পেতে ভালোবাসি। আর ভালো খেললে কিছু ব্যক্তিগত অর্জন তো হবেই।’
ও হ্যাঁ, দুর্দান্ত এ অর্জনের পুরস্কার হিসেবে অ্যান্ডারসনকে দামি কিছু ‘ওয়াইন’ দেবেন বলেও কথা দিয়েছেন বোথাম! ডেইলি মেইল।