বোথামকে ছাড়িয়ে ব্রড
চওড়া হাসি ইয়ান বোথামের মুখে, স্টুয়ার্ট ব্রডের (ডানে) মুখেও তা-ই। ব্রড হাসছেন ছেলেবেলার নায়ককে ছাড়িয়ে যাওয়ার আনন্দে। পেছনে পড়েও বোথাম হাসছেন, কারণ যোগ্য উত্তরসূরিই যে ছাড়িয়ে গেছেন তাঁকে।
পরশু এজবাস্টনে বোথামকে ছাড়িয়ে টেস্টে ইংল্যান্ডের দ্বিতীয় সর্বোচ্চ উইকেটশিকারি হয়ে গেছেন ব্রড। উইকেট সংখ্যায় সর্বকালের অন্যতম সেরা অলরাউন্ডারকে টপকাতে ইংল্যান্ডের মাটিতে প্রথম দিবারাত্রির টেস্টে ৫ উইকেট দরকার ছিল ব্রডের। ইংলিশ পেসার তিন দিনেই শেষ হওয়া ম্যাচে উইকেট পেয়েছেন ঠিক পাঁচটি। পরশু ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় ইনিংসে শেন ডাউরিচকে বোল্ড করে বোথামের ৩৮৩ উইকেটকে ছুঁয়ে ফেলেন ব্রড। ছেলেবেলার নায়ককে পেছনে ফেলতে এরপর আর একটি বলই করতে হলো ব্রডকে। জেসন হোল্ডারকে স্লিপে অ্যালিস্টার কুকের ক্যাচ বানিয়েই ১০৭তম টেস্টে বোথামকে ছাড়িয়ে যান ব্রড। বোথাম ৩৮৩ উইকেট পেয়েছেন ১০২ ম্যাচ খেলে। ৪৯২ উইকেট নিয়ে এ দুজনের ওপরে আছেন শুধু জেমস অ্যান্ডারসন।
বোথামের চেয়ে পাঁচ ম্যাচ বেশি খেললেও বোলিং গড়ে পূর্বসূরির চেয়ে সামান্যই পিছিয়ে ব্রড। ব্রডের গড় ২৮.৪৭, বোথামের ২৮.৪০। তবে ওভারপ্রতি রান (২.৯৯) ও স্ট্রাইকরেটে (৫৬.৯) দুজনেই সমানে সমান।
২০০৭ সালে বোথামের হাত থেকেই টেস্ট ক্যাপ মাথায় তুলেছিলেন ব্রড। সেই ব্রড ছাড়িয়ে গেলেন বোথামকে। টুইটারে উত্তরসূরিকে তাৎক্ষণিক অভিনন্দন জানাতে ভোলেননি বোথাম, ‘অসাধারণ, ওর জন্য আমার খুব আনন্দ হচ্ছে।’ ছবি: রয়টার্স।