বোথামের চেয়েও ভালো স্টোকস!

ইংল্যান্ডের ইতিহাসে সর্বকালের সেরা অলরাউন্ডার তো অবশ্যই। ইয়ান বোথাম আসলে ক্রিকেট ইতিহাসেরও অন্যতম সেরা। সেখানে বেন স্টোকসের বছর তিনেকের ক্যারিয়ার, টেস্ট খেলেছেন মাত্র ২১টি। এখনই দুজনের তুলনা করা ঠিক হচ্ছে কি না, সেটা নিয়ে তাই প্রশ্ন উঠতেই পারে।
তবে ব্রিটিশ সংবাদমাধ্যম কিন্তু এরই মধ্যে স্টোকসের মধ্যে ‘নতুন বোথাম’কে খুঁজে পেয়েছে। যাতে সানন্দে সায় দিয়েছেন স্বয়ং বোথামও। শুধু তা-ই নয়, স্টোকসের এখন যা বয়স, সেই ২৪ বছর বয়সে তিনি নিজেও এত ভালো ছিলেন না বলে মনে করেন ইংলিশ কিংবদন্তি!
দুজনকে নিয়ে কথাবার্তার এই উপলক্ষটাও কিন্তু স্টোকসই তৈরি করেছেন। কেপটাউনে ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকা সিরিজের দ্বিতীয় টেস্টে মাত্র ১৬৩ বলে ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরি করেছেন। টেস্টে দ্রুততম ডাবল সেঞ্চুরির মালিক নাথান অ্যাস্টলকে (১৫৩ বল) পেছনে ফেলতে পারেননি। তবে বোথামকে পেছনে ফেলে ইংল্যান্ডের হয়ে দ্রুততম ডাবল সেঞ্চুরির মালিক এখন স্টোকসই। ১৯৮২ সালে ভারতের বিপক্ষে বোথাম ডাবল সেঞ্চুরি করেছিলেন ২২০ বলে।
স্কাই স্পোর্টসের ধারাভাষ্যকার হিসেবে মাঠে বসেই নিজের রেকর্ডটা ভেঙে যেতে দেখেছেন বোথাম। সেদিনই স্টোকসের প্রশংসায় পঞ্চমুখ হয়েছিলেন। এবার কথা বললেন তাঁর সঙ্গে স্টোকসের তুলনার বিষয়টি নিয়েও। ক্যারিয়ারের এই পর্যায়ে স্টোকসকেই এগিয়ে রাখছেন তিনি, ‘খেলোয়াড় হিসেবে ২৪ বছর বয়সে আমি যা ছিলাম, ও সম্ভবত আমার চেয়ে ভালো অবস্থায় আছে। আমি যা করেছি, সেটা অতীত হয়ে গেছে। সে যা করছে, সেটাই বর্তমান।’
পরিসংখ্যান বিবেচনায় নিলে অবশ্য মনে হবে একটু বেশি উদারতা দেখিয়েছেন বোথাম। ২৪তম জন্মদিন পালন করার আগে ২১টি টেস্ট খেলেছিলেন বোথাম। স্টোকসের ২১তম টেস্ট অবশ্য ২৪ পেরোনোর পর। তা প্রথম ২১ টেস্টে দুজনের পারফরম্যান্স পাশাপাশি রাখলে কেমন দেখায়?
বোথামের নামের পাশে ছিল ৪টি টেস্ট সেঞ্চুরি, স্টোকসের আছে ৩টি। ব্যাটিং গড় ও মোট রানে অবশ্য স্টোকসই এগিয়ে। ৩৩.৭৩ গড়ে ১২৮২ রান তাঁর, বোথাম করেছিলেন ৩৩.৫৪ গড়ে ১০৩৫। তবে স্যার বোথাম যেখানে অনেক এগিয়ে, সেটা হলো বোলিং। অবিশ্বাস্য সেই পরিসংখ্যান। প্রথম ২১ টেস্টেই ১৯.৬০ গড়ে ১০৭ উইকেট পেয়ে গিয়েছিলেন বোথাম, ইনিংসে ৫ উইকেট নিয়েছিলেন ১০ বার! সেখানে স্টোকস ৪৭ উইকেট পেয়েছেন ৪১.৯৩ গড়ে, ৫ উইকেট মাত্র ২ বার। বোথামের ক্যাচ ছিল ৩৩টি, স্টোকসের ১৪টি।
তবে এসব পরিসংখ্যান দূরে সরিয়ে রেখেই স্টোকসকে নিয়ে মুগ্ধতার কথা বললেন বোথাম, ‘এমন নয় যে, সে সবকিছুই পারে কিন্তু কোনোটিতেই খুব ভালো না। যে তিনটি জিনিস আপনার দরকার—ব্যাটিং-বোলিং-ফিল্ডিং, এই তিনটিতেই ও অসাধারণ। ওর বোলিং আরও ভালো হবে, কারণ তাঁর গতি আছে, সুইং-রিভার্স সুইং করাতে পারে। যেকোনো জায়গায় সে অসাধারণ একজন ফিল্ডারও।’
স্টোকসের আরও পরিণত হয়ে উঠতে ইংল্যান্ড অধিনায়কের ভূমিকাটাকে খুব গুরুত্বপূর্ণ মনে করেন বোথাম, ‘তাকে তার মতোই খেলতে দেওয়া উচিত। মাইক ব্রিয়ারলি আমাকে সেই স্বাধীনতাই দিয়েছিলেন। আমি খুব বেশি ভাবতাম না। অ্যালিস্টার কুকের দলেও স্টোকস খুব গুরুত্বপূর্ণ খেলোয়াড়। সে যদি ভালো খেলতে থাকে, কুক সুযোগ পাবে অন্য দুজন খেলোয়াড়কে নিয়ে পরীক্ষা-নিরীক্ষার। স্টোকস হচ্ছে সত্যিকারের সম্পদ।’ ক্রিকইনফো।