ছয় মাস আগে কেট এলিয়ট নিজের বিয়ের জন্য যখন ওইহেকে আইল্যান্ড এক দিনের জন্য ‘বুক’ করে রাখেন, ভাই গ্রান্ট এলিয়ট তখন নিউজিল্যান্ড দলের বাইরে। বিশ্বকাপে সুযোগ পাওয়ার সম্ভাবনাও ছিল ক্ষীণ। কথা ছিল, বোনের জীবনের গুরুত্বপূর্ণ দিনে থাকবেন গ্রান্ট। শনিবার ড্যান প্লিউসের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসছেন কেট, কিন্তু এলিয়ট তখন থাকবেন মেলবোর্নে, বিশ্বকাপের ফাইনাল খেলতে। তবে যাওয়ার আগে বোনকে একটা উপহার দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে গেছেন গ্রান্ট। নিউজিল্যান্ডের হয়ে বিশ্বকাপ জিতলে বোনের মধুচন্দ্রিমার সব খরচ দেবেন! তবে কেট ভাইকে নিজের স্বপ্নপূরণের জন্যই বিশ্বকাপ জিতে ফিরতে বলেছেন, ‘যাওয়ার আগে আমি তাকে বলেছি, “যাও, জিতে এসো। আমার মধুচন্দ্রিমার জন্য নয়, শুধু গিয়ে সব জয় করো”।’ সেমিফাইনালে ভাইয়ের সাফল্য ছুঁয়ে গেছে বোনকেও, ‘সে সারা জীবন পরিশ্রম করেছে। তাকে খুশি দেখলেই আমি খুশি হই। গত মঙ্গলবার তার মুখে আমি সবচেয়ে চওড়া হাসিটি দেখে আবেগাপ্লুত হয়ে পড়েছিলাম।’ এলিয়ট বিশ্বকাপ জিতলে কেটের বিয়েটা নিশ্চয়ই আরও আনন্দময় হবে! দি এজ।