বোনারের নয় ঘন্টার প্রদর্শনীতে নাকাল ইংল্যান্ড

শতক তুলে নেন এনক্রুমা বোনারছবি: এএফপি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টিতে ২০১১ সালে আন্তর্জাতিক অভিষেক এনক্রুমা বোনারের। মাত্র ৩ রান করেন সে ম্যাচে। বোলিংয়ে ২ ওভারে ১৮ রান।

ছয় মাস পর অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় ম্যাচেও ভালো করতে পারেননি। ৩৪ বলে ২৭ রান করেছিলেন। এরপর বাদ পড়লেন। ২০১২ থেকে ২০১৯ সালের মধ্যে প্রথম শ্রেণির ক্রিকেটে শতক পাননি বোনার।

তবে ২০১৯ সালেই জ্যামাইকার হয়ে ৯৭ রানের ইনিংসের পর তাঁর রানের দুয়ার খুলে যায়। ২০১৯ সাল পর্যন্ত বোনারের ক্যারিয়ার গড় ছিল ২৪.০৫। কিন্তু এ সময়ের ব্যবধানে ইংল্যান্ডের বিপক্ষে ১২৩ রানের ইনিংস খেলে ফেরার পথে সেই গড়টাই বেড়েছে দ্বিগুণের বেশি—৪৯.৫৩!

ধৈর্য ও একাগ্রতায় ইনিংসটি খেলেন বোনার
ছবি: এএফপি

অ্যান্টিগা টেস্টে নিজেদের প্রথম ইনিংসে ৯ উইকেটে ৩৭৩ রান তুলে তৃতীয় দিনের খেলা শেষ করেছে ওয়েস্ট ইন্ডিজ। আগের দিন ৩৪ রানে অপরাজিত থাকা বোনার টেস্ট ক্যারিয়ারের দ্বিতীয় শতক তুলে নেন। ৯ ঘণ্টা ১৮ মিনিটের ‘ম্যারাথন’ ইনিংসে ৩৫৫ বল খেলেন বোনার। ২০১৪ সালে সেন্ট ভিনসেন্টে বাংলাদেশের বিপক্ষে ২১২ রানের ইনিংস খেলার পথে ৪৪৭ বল খেলেন ক্রেগ ব্রাফেট।

তারপর টেস্টে ওয়েস্ট ইন্ডিজের হয়ে বোনারই সর্বোচ্চ বল খেললেন এক ইনিংসে। বোনারের দৃঢ়তায় ৪ উইকেটে ১২৭ থেকে শেষ পর্যন্ত ৬২ রানের লিড নিয়ে দিন শেষ করতে পেরেছে ওয়েস্ট ইন্ডিজ।

ওয়েস্ট ইন্ডিজের হয়ে ৪৫ রান করেন জেসন হোল্ডার। বেন স্টোকসের বলে তিনি আউট হওয়ার পর ক্যারিবিয়ানদের স্কোর দাঁড়ায় ৫ উইকেটে ২০৬। ২১৫ বলে ৭৯ রানের জুটি গড়েন বোনার-হোল্ডার জুটি।

এরপর জশুয়া ডি সিলভার সঙ্গে ১৬০ বলে ৭৩ রানের জুটিও গড়েন বোনার। ৮৯ বলে ১৫ রান করা কেমার রোচকে নিয়ে অষ্টম উইকেটে ১৭৩ বলে ৪৪ রানের জুটিতে ইংল্যান্ড ফিল্ডারদের মাথার ঘাম পায়ে ফেলেছেন বোনার। এখানেই শেষ না। নবম উইকেটে ভিরাস্বামী পেরমলকে নিয়ে ১৬২ বলে ৪৬ রানের জুটি গড়েন তিনি।

স্টোকস ও ক্রেগ ওভারটন ২টি করে উইকেট নেন। পেরমল ২৬ রানে অপরাজিত, অন্য প্রান্তে তাঁর সঙ্গী জেডেন সিয়েলস।