বোর্ড সভাপতিও বললেন...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিতর্কিত ‘প্লেয়ারস বাই চয়েস’ বা ‘প্লেয়ার ড্রাফট’-এর ব্যাপারে এবার নেতিবাচক মনোভাব তুলে ধরেছেন স্বয়ং বিসিবি সভাপতি নাজমুল হাসানও। কাল ‘প্লেয়ার ড্রাফট’ শেষে তিনি বলেছেন, খেলোয়াড় দলবদলের জন্য এমন পদ্ধতি আদর্শ নয়।
‘আগে বলেছি, পরিস্থিতির কারণে এবার এভাবে হচ্ছে। তবে এটা স্থায়ী হতে পারে না। আমি এখনো মনে করি, এটা আদর্শ পন্থা নয়’—সাংবাদিকদের বলেছেন বোর্ড সভাপতি। তাঁর মতে, খেলোয়াড় দলবদলের ব্যাপারটা খেলোয়াড় এবং ক্লাবগুলোর ওপরই ছেড়ে দেওয়া উচিত। তবে সভাপতির আশা, যেভাবেই দলবদল হোক, এখন থেকে লিগে খেলোয়াড়দের সঙ্গে ক্লাবগুলোর লিখিত চুক্তি থাকবে। লিখিত চুক্তি থাকার নিয়মটি এবারই প্রথম করল বিসিবি।
খেলোয়াড়দের স্বাধীনতা তো হরণ হয়-ই, ‘প্লেয়ার্স বাই চয়েসে’র মতো চাপিয়ে দেওয়া পদ্ধতি খেলোয়াড় দলবদলের উত্তাপটাও দেয় কমিয়ে। আগের নিয়মে দলবদলের সময় খেলোয়াড়দের কাছেই সবাই জানতে চাইত কে কোন দলে খেলছেন। অনেক খেলোয়াড়ের ক্ষেত্রে শেষ মুহূর্ত পর্যন্তও বলার উপায় থাকত না কে কোথায় খেলবেন। আর এখন উল্টো খেলোয়াড়েরাই ফোন করে খবর নেন, ‘ভাই, আমাকে কোন দল ডাকল?’
ক্লাবগুলোর আর্থিক সংকটের কারণে ২০১২-১৩ মৌসুমে প্রথমবারের মতো প্রিমিয়ার ক্রিকেট লিগের দলবদল ‘প্লেয়ারস বাই চয়েস’ পদ্ধতিতে হয়। মাঝে এক মৌসুম আগের নিয়মে হয়ে এবারের দলবদলে আবারও ফিরেছে বিতর্কিত পদ্ধতিটি।