বোর্ড সভায় উঠছে প্রিমিয়ার লিগও
পরিচালনা পর্ষদের মহাগুরুত্বপূর্ণ এক সভা আজ মিরপুরের বিসিবির কার্যালয়ে। আলোচ্যসূচির ১৮টি বিষয়ের মধ্যে কী নেই! জাতীয় দলের কোচিং স্টাফের চুক্তির মেয়াদ বাড়ানো এবং নির্বাচক কমিটি ও নির্বাচক প্যানেলের কার্যপরিধি অনুমোদন থেকে শুরু করে তাতে আছে চলতি প্রিমিয়ার লিগ-সংক্রান্ত আলোচনাও।
প্রিমিয়ার লিগের আলোচনায় আসবে আম্পায়ারিং ও ভেন্যু বিতর্ক। আবাহনী-প্রাইম দোলেশ্বরের স্থগিত ম্যাচের ভবিষ্যৎও নির্ধারিত হতে পারে এই সভায়। এ ছাড়া আলোচনা হওয়ার কথা খেলোয়াড়দের বকেয়া টাকা নিয়েও।
অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়ের মধ্যে আছে আন্তর্জাতিক ক্রিকেট-কাঠামো নিয়ে আইসিসির প্রস্তাব ও দ্বিস্তরবিশিষ্ট টেস্ট, বিসিবি-নিম্বাস মামলার সর্বশেষ অবস্থা, বোলিং অ্যাকশন রিভিউ কমিটি গঠন, ইংল্যান্ড ও নিউজিল্যান্ড সিরিজ, আগামী ফেব্রুয়ারিতে বাংলাদেশ দলের ভারত সফর, চ্যাম্পিয়নস ট্রফি ও তার আগে আয়ারল্যান্ড সফর নিয়ে আলোচনা। এ ছাড়া পেসার রুবেল হোসেনকে নতুন করে চুক্তির আওতায় আনারও সিদ্ধান্ত হতে পারে আজ।
জাতীয় দলের মনোবিদ ফিল জনসির পারিশ্রমিক হিসেবে ১৫ হাজার ৮৬৬ অস্ট্রেলিয়ান ডলারসহ বেশ কিছু আর্থিক বিষয়েরও অনুমোদন হওয়ার কথা দুপুর দুইটায় শুরু এই সভায়। হওয়ার কথা পূর্বাচলে আন্তর্জাতিক মানের ক্রিকেট স্টেডিয়াম নির্মাণ এবং বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়াম ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় মাঠের সংস্কার-সংক্রান্ত আলোচনাও।