বোর্ডারের কাছে অচিন্তনীয়

নতুন আর্থিক কাঠামো নিয়ে বোর্ডের সঙ্গে বিরোধে জড়িয়ে পরশু বাতিল হয়েছে অস্ট্রেলিয়া ‘এ’ দলের দক্ষিণ আফ্রিকা সফর। অ্যালান বোর্ডার ভাবতেই পারেননি ব্যাপারটা এত দূর গড়াবে। অস্ট্রেলিয়াকে প্রথম বিশ্বকাপ জেতানো অধিনায়ক এটাও ভাবতে পারছেন না যে বোর্ড-ক্রিকেটার দ্বন্দ্বে অ্যাশেজ বাতিল হতে পারে।
৯৩ টেস্টে অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দেওয়া বোর্ডার মনে করছেন দুই পক্ষের কারোরই সমস্যা সমাধানের সদিচ্ছা নেই। পরশু অস্ট্রেলিয়ার ফক্স স্পোর্টস নিউজকে দেওয়া সাক্ষাৎকারে বোর্ডার বলেছেন, এক পক্ষকে নমনীয় হতেই হবে, ‘দুই পক্ষই যদি বালুতে মুখ গুঁজে পড়ে থাকে আর একে অপরের সঙ্গে কথা বলতে রাজি না থাকে তাহলে আর উপায় কী? খেলোয়াড়দের বয়কটে অ্যাশেজ হবে না, তা আমি চিন্তাও করতে পারি না। অ্যাশেজ বয়কট করাটা ভয়ানক হবে। তাদের (সিএ ও এসিএ) উচিত এখনই একটি কক্ষে আলোচনায় বসা।’
গত সপ্তাহে বেশ কয়েক দফা আলোচনা হয়েছে বলে ক্রিকেট অস্ট্রেলিয়া যে দাবিটা করছে, সেটি নিয়েও সংশয় আছে বোর্ডারের, ‘এই মুহূর্তে মনে হচ্ছে তারা একে অপরের সঙ্গে কথা বলছে না। এই ব্যাপার নিয়ে তাদের চিন্তাভাবনা পুরো বিপরীত মেরুতে। আলোচনাও করতে চাইছে না তারা। বিষয়টা নিয়ে সবাই রং চড়িয়ে কথা বলছে।’ ক্রিকবাজ।