বোর্ডের সঙ্গে মেজাজ দেখিয়ে চাকরি হারাচ্ছেন ল্যাঙ্গার
অস্ট্রেলিয়ান ক্রিকেটের খুবই গুরুত্বপূর্ণ সময়ে জাতীয় দলের কোচের ভার নিয়েছিলেন। দক্ষিণ আফ্রিকায় বল–বিকৃতি কাণ্ডে বিপর্যস্ত জাতীয় দলকে নিয়ে গত তিন বছরে অনেক কঠিন পথ পাড়ি দিতে হয়েছে জাস্টিন ল্যাঙ্গারকে। সে পরিশ্রমের ফল অবশেষে পেতে শুরু করেছেন। অস্ট্রেলিয়াকে টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের অচেনা স্বাদ এনে দিয়েছেন সাবেক ওপেনার। ঘরের মাঠে অ্যাশেজকে তাঁর দল ইংল্যান্ডকে রীতিমতো হেনস্তা করেছে।
সেই ল্যাঙ্গারকেই কিনা ছাঁটাই করতে যাচ্ছে অস্ট্রেলিয়ান ক্রিকেট বোর্ড। ক্রিকেট অস্ট্রেলিয়ার সঙ্গে এক মিটিংয়ে মেজাজ হারানোতেই নাকি তাঁর ভাগ্য নির্ধারণ হয়ে গেছে।
অস্ট্রেলিয়ার কোচ হিসেবে ল্যাঙ্গারের ভিত্তি এমনিতেই নড়ে উঠেছে গত কিছুদিনে। গত আগস্টে খেলোয়াড় ও সহকারী কোচদের বিদ্রোহে একবার চাকরি হারাতে বসেছিলেন। কিন্তু সে বাধা পার করে বিশ্বকাপ ও অ্যাশেজ কাটিয়ে দিয়েছেন। এরপর চুক্তি নবায়ন নিয়ে বোর্ডের সঙ্গে গত শুক্রবার আলোচনায় বসেছিলেন ল্যাঙ্গার।
যেভাবে খেলোয়াড়দের সামলানোর চেষ্টা করেন এই কোচ, তা নিয়ে দলের মধ্যে সন্তোষ আছে। এই অবস্থায় ল্যাঙ্গার চাইছিলেন পূর্ণকালীন দায়িত্ব। বোর্ডের প্রধান নির্বাহী নিক হকলি ও হাই পারফরম্যান্স বিভাগের প্রধান বেন ওলিভারের সঙ্গে বসেছিলেন কোচ। সে আলোচনার কিছু অংশ সংবাদমাধ্যমে ফাঁস হয়ে গেছে।
হকলি ও ওলিভার এই আলোচনা শেষে বোর্ডের কাছে একটি প্রতিবেদন জমা দেবে এবং সে অনুযায়ী চুক্তি নবায়ন করার সিদ্ধান্ত নেবে বোর্ড। আগামী শুক্রবার সে সিদ্ধান্ত নেওয়ার কথা। এ ব্যাপারে ক্রিকেট অস্ট্রেলিয়ার মুখপাত্র বলেছেন, ‘এ বছরের মাঝ পর্যন্ত ল্যাঙ্গার দলের প্রধান কোচ হিসেবে চুক্তিবদ্ধ। ছেলেদের অ্যাশেজ শেষ হওয়ার পর থেকে ভবিষ্যতে তাঁর ভূমিকা কী হবে, তা নিয়ে নিয়মিত আলোচনা করছি। গোপনীয় ব্যাপারে আমাদের আপাতত কোনো মন্তব্য নেই।’
এদিকে ফক্স স্পোর্টস বলছে, স্বল্পমেয়াদি আর কোনো চুক্তি করতে রাজি নন ল্যাঙ্গার। আর চুক্তি দীর্ঘমেয়াদি নবায়ন না করা হলে ফেব্রুয়ারিতে পাকিস্তান সফর না যাওয়ার হুমকিও দিয়েছেন। ল্যাঙ্গারের এমন আচরণ বোর্ডের সিদ্ধান্তে প্রভাব রাখতে পারে। গত তিন বছর তাঁর এমন মেজাজ খেলোয়াড়দের সঙ্গে সম্পর্কে অবনতি টেনেছে। যদিও বোর্ড এখনো আশাবাদী পাকিস্তান সফরেও কোচ হিসেবে থাকবেন ল্যাঙ্গার। যদিও দল থেকে অন্য কিছু জানানো হচ্ছে।
খেলোয়াড় হিসেবে ল্যাঙ্গার যা অর্জন করেছেন, তাতে তাঁকে সম্মান করেন দলের ক্রিকেটাররা। কিন্তু অভিজ্ঞ অধিকাংশ ক্রিকেটারই নাকি বলছেন, দল থেকে ল্যাঙ্গারকে যত দূরে রাখা যায়, তত ভালো। আগস্টে খেলোয়াড় বিদ্রোহের পর এমনিতেই দলে ল্যাঙ্গার একটু ব্যাকফুটে ছিলেন। সহকারী দুই কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড ও মাইকেল ডি ভেনুটোই বিশ্বকাপ ও অ্যাশেজে মূল ভূমিকা রেখেছেন।
এ দুজনের অধীনে দল অনেক নির্ভার ছিল এবং এ কারণেই বেশি ভালো খেলেছে দল।
দলের অনেকেই ভাবছে, ল্যাঙ্গারকে আবার চুক্তিবদ্ধ করলে ম্যাকডোনাল্ড ও ডি ভেনুটো দল ছেড়ে চলে যেতে পারেন। এর মধ্যে পাকিস্তান সফরও এগিয়ে এসেছে। তিন টেস্টের এই সিরিজের আগে বোর্ডের সামনে মেজাজ হারিয়ে নিজের ভাগ্য নির্ধারণ করে ফেলেছেন ল্যাঙ্গার?