বোলারদের পাশে দ্রাবিড়
প্রায় প্রতিটি ম্যাচেই রানের বন্যা। ব্যাটসম্যানদের দাপটে মাঝেমধ্যে খুব অসহায় মনে হচ্ছে বোলারদের। আর ওয়ানডে ক্রিকেটের প্রায় সব নিয়মই তো ব্যাটিংবান্ধব। ফলে বিশ্বকাপের বেশির ভাগই ম্যাচই হয়েছে একতরফা। নিজে ব্যাটসম্যান ছিলেন। তবু ব্যাটসম্যানদের এই দাপট ভালো লাগছে না সাবেক ভারতীয় অধিনায়ক রাহুল দ্রাবিড়ের। বিশ্বকাপের পর তাই এসব ব্যাটিংবান্ধব নিয়ম পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছেন তিনি।
বোলারদের প্রায় অসহায় করে দেওয়া এ রকমই একটা নিয়ম, ৩০ গজ বৃত্তের মধ্যে সব সময় অন্তত পাঁচজন ফিল্ডার রাখা। ব্যাটসম্যানরা তাই সহজেই উড়িয়ে মারতে পারছেন। বিশ্বকাপে গ্রুপ পর্বের ম্যাচগুলোয় তাই ১৭ বার শেষ ১০ ওভারে এক শর বেশি রান উঠেছে। গত বিশ্বকাপের গ্রুপ ম্যাচে যা দেখা গিয়েছিল মাত্র ৬ বার। এরই মধ্যে ৩৮৮টি ছক্কা হয়ে গেছে এ বিশ্বকাপে। অথচ গত বিশ্বকাপ সব মিলিয়ে দেখেছিল ২৫৮টি ছক্কা। ইএসপিএনক্রিকইনফোকে এক সাক্ষাৎকারে দ্রাবিড় বলেছেন, ‘এত রান হচ্ছে, সব ম্যাচই আমার কাছে একতরফা মনে হচ্ছে। এই যে সব সময় বৃত্তের মধ্যে ৫ ফিল্ডার রাখার নিয়ম, এটা আসলে পুনর্বিবেচনা করা উচিত।’ ক্রিকইনফো।