বোলাররাই মাশরাফি-মুশফিকের নায়ক

২৮ ওভারে নিউজিল্যান্ড তুলে ফেলেছিল ১ উইকেটে ১৫৬ রান। কিউইদের ৩০০ পেরোনো কঠিন কিছু ছিল না। কিন্তু বাংলাদেশের বোলাররা ছন্দ ফিরে পেয়েছেন এরপরই। বাংলাদেশের নিয়ন্ত্রিত বোলিংয়ে নিউজিল্যান্ডের স্কোরটা থেমেছে ২৭০ রানে। যেটি বাংলাদেশ পেরিয়ে গেছে ৫ উইকেট হাতে রেখে।
বিদেশের মাটিতে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম জয়ে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা ও ম্যাচের নায়ক মুশফিকুর রহিম বড় কৃতিত্ব দিচ্ছেন বোলারদের। ম্যাচশেষে পুরস্কার বিতরণী মাশরাফি বললেন, ‘বোলিংয়ের শুরুটা খুব একটা ভালো ছিল না। তবে ওদের ইনিংসের মাঝে খুব ভালো বোলিং করেছি, আটকে রেখেছি। বোলাররা ব্যাটসম্যানদের জন্য মঞ্চটা সাজিয়ে দিয়েছে।’
৩৮.২ ওভারে ১৯৯ রানে ৫ উইকেট হারানোর পর বাংলাদেশের সামনে যখন পরাজয়ের চোখ রাঙানি, দলকে তখন জয়ের প্রান্তে পৌঁছে দিয়েছে মাহমুদউল্লাহ-মুশফিকের ৬০ বলে ৭২ রানের জুটি। ৪৫ বলে ৪৫ রান করা মুশফিকের হাতে উঠেছে ম্যাচসেরার পুরস্কার। তবে ম্যাচের নায়ক কৃতিত্ব দিচ্ছেন বোলারদের, ‘বোলাররা দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে। বিশেষ করে শেষ ১০ ওভারে। একটা সময় ভেবেছিলাম ওরা ৩০০ করবে। বোলারদের কৃতিত্ব তাই দিতেই হবে।’
এই জয়ে বাংলাদেশ শ্রীলঙ্কাকে টপকে প্রথমবারের মতো উঠেছে ওয়ানডে র্যাঙ্কিংয়ে ছয়ে। তবে এখানেই থামতে চান না মাশরাফি, অধিনায়কের চোখ আরও দূরে, ‘আমরা ধীরে ধীরে ওপরে উঠছি। আশা করি দল আরও ভালো করবে। এখনো আমাদের অনেক দূরে যেতে হবে। দেখা যাক কী হয়..।’
বিদেশে প্রথমবার নিউজিল্যান্ডকে হারানো, র্যাঙ্কিংয়ে উন্নতি তো আছেই, মুশফিককে তৃপ্তি দিচ্ছে আরও একটি বিষয়। শক্তিশালী দলকে হারানোর আত্মবিশ্বাস নিয়ে চ্যাম্পিয়নস ট্রফিতে যাচ্ছে বাংলাদেশ। মুশফিক তাই বলছেন, ‘খুব ভালো প্রস্তুতি নিয়ে চ্যাম্পিয়নস ট্রফিতে যাচ্ছি। নিউজিল্যান্ডের মতো বড় দলকে হারিয়ে যাচ্ছি। অন্যরকম ভালো লাগা কাজ করছে। তবে আরও কিছু বিষয়ে উন্নতি করতে হবে। আমাদের খেলোয়াড়েরা আশা করি আরও উদ্যম নিয়ে চ্যাম্পিয়নস ট্রফি শুরু করবে।’
চ্যাম্পিয়নস ট্রফিতে আয়ারল্যান্ড সফরের সাফল্যজাত আত্মবিশ্বাসটা এখন ভালোভাবে কাজে লাগাতে পারলেই হয়।