বোলিং অ্যাকশন পরীক্ষার শুদ্ধতা নিয়েই উঠল প্রশ্ন

আইসিসি যুদ্ধে নেমে পড়েছে ভালো কথা। ঢাল-তলোয়ার সব ঠিক আছে তো? অবৈধ বোলিং অ্যাকশনের বোলারদের বিরুদ্ধে আইসিসির এই যুদ্ধ এভাবেই প্রশ্নবিদ্ধ করেছে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া বিশ্ববিদ্যালয় (ইউডব্লিউএ)। ইউডব্লিউএর বিশেষজ্ঞরা বলছেন, যে নতুন পদ্ধতিতে বোলারদের অ্যাকশন পরীক্ষা করা হচ্ছে, তা ‘হাস্যকর’। যে একাধিক খেলোয়াড়কে এরই মধ্যে নিষিদ্ধ করা হয়েছে, সেই প্রক্রিয়ার বিশ্বাসযোগ্যতা নিয়েও প্রশ্ন আছে তাদের। ইউডব্লিউএর সমালোচনাকে গুরুত্ব দিতেই হবে। কারণ ২০ বছর ধরে এই প্রতিষ্ঠানের ওপরই আইসিসি নির্ভর করে এসেছে বোলারদের অ্যাকশন পরীক্ষা করার ওপর।
বিশ্বকাপের মাত্র চার মাস আগে আইসিসির ‘চাকার-নিধন’ মিশন নিয়ে এমনিতেই প্রশ্ন ছিল। সেই বিতর্কের মধ্যেই এবার পদ্ধতি নিয়ে ওঠা এই প্রশ্ন বিষয়টিকে আরও ঘোলাটে করে তুলবে। এরই মধ্যে পাকিস্তানের সাঈদ আজমল, বাংলাদেশের সোহাগ গাজী এবং শ্রীলঙ্কার সচিত্র সেনানায়েককে নিষিদ্ধ করা হয়েছে। প্রশ্নবিদ্ধ হয়েছে ওয়েস্ট ইন্ডিজের সুনীল নারাইনের মতো বোলারের অ্যাকশনও।
আইসিসি এখন ব্রিসবেন, কার্ডিফ ও চেন্নাইয়ের তিনটি নতুন গবেষণাগারে এই নতুন পরীক্ষাগুলো করছে। কিন্তু ইউডব্লিউএর মতে, তুলনামূলক অনভিজ্ঞদের দিয়ে পরীক্ষাগুলো করা হচ্ছে, যাঁদের যথেষ্ট প্রশিক্ষণও নেই। আইসিসির বর্তমান উদ্যোগকেও তারা বলেছে ‘নজিরবিহীন’। ইউডব্লিউএর বিশেষজ্ঞদের আশঙ্কা, এই পরীক্ষাগুলো অনির্ভরযোগ্য উপাত্তের ভিত্তিতে করা হচ্ছে। আইসিসি যে নতুন পদ্ধতি অনুসরণ করছে, সেটি যথাযথ নির্ভুল কি না, এ ব্যাপারেও প্রশ্ন আছে ইউডব্লিউএর বিশেষজ্ঞদের। অ্যাকশনটি বৈধ নাকি অবৈধ, সেটি পরীক্ষার জন্য বোলারের শরীরের যে অংশে মার্কারগুলো বসানো হয়, সেটির পদ্ধতি নির্ভুল কি না, এ ব্যাপারেও সন্দিহান ইউডব্লিউএ।
আইসিসি অবশ্য নিজেদের অবস্থানে অটল। তাদের দাবি, যথাযথ নির্ভুল প্রক্রিয়া অনুসরণ করেই বোলারদের অ্যাকশন পরীক্ষা করা হচ্ছে। কিন্তু বোলারদের অ্যাকশন পরীক্ষায় সবচেয়ে অভিজ্ঞ সংস্থাটি যখন প্রশ্ন তোলে, তখন এ নিয়ে বিতর্ক উঠতে বাধ্য। সূত্র: ক্রিকইনফো।