বোলিং সমন্বয় নিয়ে বিপাকে পাকিস্তান

পাকিস্তান দলে অন্যতম ভরসা সাঈদ আজমল। কিন্তু অবৈধ বোলিং অ্যাকশনের অভিযোগে নিষিদ্ধ হওয়ায় বিশ্বকাপ খেলা হচ্ছে না এ অফস্পিনারের। ওদিকে আরেক বোলিং ভরসা মোহাম্মদ হাফিজও একই কারণে নিষিদ্ধ। বিশ্বকাপে বোলিং সমন্বয় তাই কঠিন হয়ে পড়েছে পাকিস্তান দলের।
বিশেষ করে আজমলের অনুপস্থিতি বেশি ভোগাতে পারে পাকিস্তানকে। দলের বোলিং পরামর্শক মুশতাক আহমেদ বললেন, ‘চাহিদামতো জিনিস যখন আপনি পাবেন না, তখন অন্য কিছুর ওপর নির্ভর করতেই হবে। এত বড় টুর্নামেন্টে আপনি নিশ্চয় তরুণ স্পিনারের ওপর নির্ভর করতে পারেন না। যা হোক, আমাদের যা আছে, তাতেই আস্থা রাখতে হবে। ’
আজমলের উপস্থিতি পাকিস্তানের জন্য কতটা প্রয়োজন ছিল, সেটি ১৯৯২-এ পাকিস্তানের বিশ্বকাপজয়ী দলের সদস্য ব্যাখ্যা দিলেন এভাবে, ‘আজমলকে নিয়েই দল গঠনে অভ্যস্ত। সে আমাদের কিংবদন্তি, এক নম্বর বোলার। তাকে ছাড়া বোলিং সমন্বয় খুব কঠিন। ’
তবে মুশতাক প্রেরণা মানতে চাইলেন ১৯৯২ বিশ্বকাপকেই। সাবেক এ লেগস্পিনার বললেন, ‘চোটের কারণে ১৯৯২ বিশ্বকাপের আগেই দেশে ফিরে এসেছিল ওয়াকার ইউনিস। সেটি ভাবলে আজমলের বিষয়টি সমস্যা হওয়া উচিত নয়। আজমলকে ধন্যবাদ দিতে চাই। কারণ, সে সব সময়ই বলে, দল কখনো ব্যক্তিগত নৈপুণ্যে জেতে না। সবাই একতাবদ্ধ হয়ে পারফর্ম করলেই জেতে। তবে আমরা তার অনুপস্থিতি অনুভব করব। তরুণ খেলোয়াড়দের নিজেদের কাজ সঠিকভাবে করতে হবে। আমরা যদি একতাবদ্ধ হয়ে খেলতে পারি, আশা করি দারুণ কিছু করতে পারব। ’ তথ্যসূত্র: ক্রিকইনফো।