বোলিংয়ের প্রশংসায় বাভুমা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এর আগে খেলেছেন মাত্র দুটি টেস্ট। তবু আমলা-ডু প্লেসিদের ছাপিয়ে নিজের তৃতীয় টেস্টের প্রথম দিনে টেম্বা বাভুমাই নায়ক হয়ে গেলেন দক্ষিণ আফ্রিকা দলের।
তবে দিন শেষের সংবাদ সম্মেলনে এসে যত না তিনি দক্ষিণ আফ্রিকার ব্যাটিংয়ের কথা বললেন, তার চেয়ে অনেক বেশি বললেন বাংলাদেশের বোলিং আর বোলারদের কথা। দক্ষিণ আফ্রিকার ব্যাটিংয়ের অংশটুকুও স্বাভাবিকভাবেই ঢাকা পড়ল বাংলাদেশের বোলারদের কৃতিত্বের আবরণে।
মাত্র ২৪৮ রানে প্রথম ইনিংস শেষ হয়ে যাওয়ার কারণ হিসেবে প্রথমে আনলেন জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের উইকেটকে, ‘উইকেট একটু মন্থর ছিল। মানিয়ে নেওয়া কঠিন ছিল এখানে। রান করাও সহজ ছিল না।’ নতুন বল দ্রুত ব্যাটে এলেও বল পুরোনো আর নরম হওয়ার সঙ্গে সঙ্গে রান করা কঠিন হয়ে পড়ছিল বলে জানালেন বাভুমা। তবে এরপরই তাঁকে চলে যেতে হলো স্বাগতিক বোলারদের প্রশংসায়, ‘বাংলাদেশ ভালো বোলিং করেছে। ওরাই আমাদের কাজটা কঠিন করে তুলেছিল।’
দক্ষিণ আফ্রিকাকে ১৭৩ রানে রেখেই বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমান তুলে নিয়েছেন তিন-তিনটি উইকেট। ওখানেই ইনিংসটা পথ হারিয়ে ফেলেছে বলে মানছেন বাভুমাও, ‘এক ওভারে তিন উইকেট অবশ্যই টার্নিং পয়েন্ট। তখন থেকেই আমরা ছন্দ হারাতে শুরু করি। ওরাও আমাদের ওপর চাপ বাড়াতে থাকে। সেখান থেকে আমরা আর ঘুরে দাঁড়াতে পারিনি। মুস্তাফিজের ওই ওভারটি ছিল দুর্দান্ত। ও বিশ্বমানের বোলার।’
এটা জানাই ছিল যে, ভারত সিরিজের পর তরুণ এই পেসারকে নিয়ে দক্ষিণ আফ্রিকা শিবিরে কম গবেষণা হবে না। তা যে হয়েছেও, সেটি ফুটে বেরোল বাভুমার কথায়, ‘ওর বোলিং নিয়ে ওয়ানডে দলে থাকা খেলোয়াড়দের সঙ্গে কথা বলেছি, ওকে বুঝতে চেষ্টা করেছি। বিশেষ করে দ্রুতগতির কাটারগুলো নিয়ে কীভাবে খেলব, তা নিয়ে কাজ করেছি। ওকে বুঝতে অনেক সময় লেগেছে।’
ওয়ানডে সিরিজ হারায় প্রথম টেস্টের আগে মানসিকভাবে কিছুটা হলেও পিছিয়ে ছিল দক্ষিণ আফ্রিকা। তৃতীয় টেস্টে প্রথম ফিফটির দেখা পাওয়া বাভুমার মুখেও সেই স্বীকারোক্তি, ‘আমরা ম্যাচের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করেও পারিনি। মানসিকভাবেই হয়তো যথেষ্ট শক্ত ছিলাম না।’
তবে এটাকে তিনি ক্রিকেটীয় বাস্তবতা বলেই মেনে নিচ্ছেন। পরিকল্পনা কাজে লাগানোর ব্যর্থতা স্বীকার করে বলেছেন, ‘দিনটি আমাদের সেরা দিন ছিল না। আজ (গতকাল) বাংলাদেশের পারফরম্যান্সই ছিল সেরা।’ তবে দক্ষিণ আফ্রিকা পেশাদার দল। ‘চোকার’ হিসেবে তাদের বদনাম যেমন আছে, খাদের কিনারা থেকে ফিরে আসার উদাহরণও কম নেই। আর এখানে তো দক্ষিণ আফ্রিকা খাদের কিনারায় দাঁড়িয়ে নয়। প্রথম দিনটি বাংলাদেশের হলেও ম্যাচের এখনো অনেক সময় বাকি। হয়তো নাটকেরও।
যতই সময় গড়াবে, উইকেট ব্যাটিংয়ের জন্য আরও কঠিন হবে, এটাই গতকালের পূর্বানুমান। আর স্টেইন-ফিল্যান্ডার-মরকেলদের যেকোনো উইকেটেই জ্বলে ওঠার ক্ষমতা আছে। চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিনটা তাই নতুন চ্যালেঞ্জ নিয়ে আসছে বাংলাদেশের সামনে।