বোলিংয়ে চিন্তার ছাপ কোথায়?

টসে হেরে বোলিং পেয়ে খুশি হয়েছিলেন মাশরাফি বিন মুর্তজা। সকালে রোদ ছিল না হ্যাগলি ওভালে। ছিল কনকনে হাওয়া। এমন কন্ডিশনে আগে ব্যাটিং করতে চাননি বাংলাদেশ অধিনায়ক।
কিন্তু প্রথমে বোলিং করে লাভ হলো কী? ৭ উইকেটে ৩৪১ করেছে নিউজিল্যান্ড। বাংলাদেশের বিপক্ষে ওয়ানডেতে এটাই তাদের সর্বোচ্চ। সেঞ্চুরি করেছেন ওপেনার টম ল্যাথাম। ৪৭ ওয়ানডের ক্যারিয়ারে মাত্র দুটি সেঞ্চুরির মধ্যে আজকেরটিই বড়। পঞ্চম উইকেটে কলিন মানরোর সঙ্গে ১৫৮ রানের জুটি গড়েছেন। বাংলাদেশের বিপক্ষে যে কোনো উইকেট জুটিতে নিউজিল্যান্ডের নতুন রেকর্ড এটি। এত ‘সর্বোচ্চে’র দিনে মুনরোই আর বসে থাকবেন কেন? ৬১ বলে ৮৭ রানের ঝোড়ো ইনিংসটি এখন পর্যন্ত ওয়ানডেতে তাঁরও সর্বোচ্চ।
হ্যাগলি ওভালের উইকেটে রান আছে আগেই বোঝা গিয়েছিল। তাই বলে রান–বন্যা! নিউজিল্যান্ডের মাঠের আকৃতি তুলনামূলকভাবে ছোট হলেও হ্যাগলি ওভালের দুই পাশের বাউন্ডারি যথেষ্ট বড়। কিন্তু ল্যাথাম-মানরো যতক্ষণ উইকেটে ছিলেন, সামনে-পেছনে, ডানে-বাঁয়ে কোনো দিককেই ব্যতিক্রম মনে হয়নি। বাংলাদেশি বোলারদের বারবার আছড়ে ফেলেছেন মাঠের বাইরে। ল্যাথাম তো সেঞ্চুরিও পূর্ণ করলেন তাসকিন আহমেদের শর্ট বলে মিড উইকেট দিয়ে ছক্কা মেরে। সেটিসহ ল্যাথামের ছক্কা চারটি, সমান ছয় মানরোরও।
উইকেটের ব্যাটিং-বন্ধুতা কাজে লাগিয়েছেন নিউজিল্যান্ডের ব্যাটসম্যানরা। কিন্তু এ রকম উইকেটে বোলিংটা যেমন হওয়া উচিত, সেটা কি করতে পেরেছেন বাংলাদেশের বোলাররা? ইনিংসের ষষ্ঠ ওভারে ওপেনার মার্টিন গাপটিলকে কাটারে ফিরিয়েছেন মোস্তাফিজুর রহমান। দীর্ঘ চোট কাটিয়ে ফেরা বাঁহাতি পেসার কিছুটা হলেও আশা জাগিয়েছিলেন তখন।
১৫৮ রানে নিউজিল্যান্ডের ৪ উইকেট ফেলে দেওয়ার পর পর্যন্ত সব ঠিকই ছিল। কিন্তু এরপর যখন রাশটা টেনে ধরার কথা, উল্টো নিয়ন্ত্রণ হারাতে থাকেন বোলাররা। এক সাকিব ছাড়া কারও বোলিংয়েই চিন্তার ছাপ ছিল না। এ ধরনের উইকেটে ব্যাটসম্যানরা ভুল না করলে বোলারদের সাফল্য পাওয়া কঠিন। কিন্তু ব্যাটসম্যানদের ভুলের ফাঁদে তো ফেলতে হবে। সেই চেষ্টটাই দেখা যায়নি কারও মধ্যে।
তাসকিনের করা ৪৯তম ওভারটির কথা ধরুন। কী দুর্দান্ত বোলিং–বৈচিত্র্য। কখনো শর্ট পিচ, কখনো ফুল লেংথ, কখনো স্লোয়ার, কখনো বাউন্সার। এই বৈচিত্র্যের কথা শুরুর স্পেলের দিকে তাসকিনের যেন মনেই থাকে না। শুধু আজকের বোলিংয়ে নয়, গত কয়েক ম্যাচেই দেখা গেছে ব্যাপারটা। মাঠ আর উইকেট যখন প্রতিকূল, তখনই তো মাথার ব্যবহার করতে হবে আরও বেশি। তাসকিনকে কেবল উদাহরণ হিসেবে নেওয়া। না হলে আজ বাংলাদেশের চার বোলার দিয়েছেন ৬০-এর ওপরে রান।
চেনা কন্ডিশনে নিউজিল্যান্ডের ব্যাটসম্যানদের চিন্তাটাই বরং ঠিক ছিল। সকালের কনকনে হাওয়া আর মেঘলা সময়টুকু তাঁরা পার করেছেন উইকেট বোঝার কাজে। খেলা শুরুর ঘণ্টা খানেক পর ওঠা রোদে আস্তে আস্তে উইকেট শুকোতে থাকে। খোলস থেকে বের হতে থাকেন ব্যাটসম্যানরাও।
সুযোগটা অবশ্য বাংলাদেশের ব্যাটসম্যানদের সামনেও আছে। উইকেটে ব্যাটিংটা এখন বরং আরও সহজ হওয়ার কথা। কিন্তু নিউজিল্যান্ডের বোলিং আক্রমণের সামনে কাজটা কি আসলেই সহজ হবে?
এরই মধ্যে ফিরে গেছেন ইমরুল কায়েস। যাওয়ার আগে সঙ্গে করে নিয়ে গেছেন বরাদ্দ একমাত্র রিভিউটিও।