বোলিংয়ে ভারতকে ধসানোর পর হেসেখেলে জয় শ্রীলঙ্কার
কাজ যা করার, সেটি বল হাতেই করে রেখেছিল শ্রীলঙ্কা। ব্যাট হাতে এরপর শুধু দেখেশুনে খেলে যেতে পারলেই হতো। তা-ই করেছে শ্রীলঙ্কা। সিরিজ নির্ধারণী তৃতীয় টি-টোয়েন্টিতে আজ শ্রীলঙ্কার জয়ের জন্য লক্ষ্য ছিল মাত্র ৮২ রানের, ৭ উইকেট আর ৩৩ বল হাতে রেখেই লক্ষ্যটা পেরিয়ে গেছে লঙ্কানরা। আগের ম্যাচে জিতে সিরিজে সমতা ফেরানো শ্রীলঙ্কা টি-টোয়েন্টি সিরিজটা জিতে গেছে ২-১ ব্যবধানে।
ইনিংসে ছোট্ট একটা ধাক্কা অবশ্য খেয়েছে শ্রীলঙ্কা। উদ্বোধনী জুটিতে ২৩ রান আসার পর ভারতের লেগ স্পিনার রাহুল চাহার ধাক্কাটা দিয়েছিলেন শ্রীলঙ্কাকে। ৪ ওভারে মাত্র ১৫ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন চাহার, তাতে একপর্যায়ে ৫৬ রানে ৩ উইকেট হারায় লঙ্কানরা। কিন্তু লক্ষ্য যেখানে এত ছোট, এমন ধাক্কায় আর কী-ইবা হয়! চতুর্থ উইকেটে ধনাঞ্জয়া ডি সিলভা (২০ বলে ২৩) ও বানিন্দু হাসারাঙ্গা (৯ বলে ১৪) শ্রীলঙ্কাকে জিতিয়েই মাঠ ছাড়েন।
এর আগে ভারতকে বল হাতেও ভুগিয়েছেন এই হাসারাঙ্গাই। আজ ২৪তম জন্মদিন তাঁর, জন্মদিনের উপহারটা নিজেকেই নিজে দিয়েছেন লঙ্কান লেগ স্পিনার। বল হাতে ৪ ওভারে মাত্র ৯ রান দিয়ে নিয়েছেন ৪ উইকেট! শ্রীলঙ্কার হয়ে ভারতের বিপক্ষে এর আগে কখনোই কোনো বোলার এত কম রান দিয়ে এত উইকেট নেননি। তাতেই ভারতের ব্যাটিং বিপর্যয়!
করোনাভাইরাসও ভারতের ব্যাটিং বিপর্যয়ের পেছনে বড় একটা কারণ। করোনাভাইরাসে আক্রান্ত ক্রুনাল পান্ডিয়ার সংস্পর্শে আসায় ভারতের আরও আটজন ক্রিকেটারকে যেতে হয়েছে আইসোলেশনে। একাদশের ভারসাম্য রাখতে হিমশিম খাওয়া ভারত আগের ম্যাচেই হেরেছিল ১৩২ রানে গুটিয়ে গিয়ে। ভুবনেশ্বর কুমারকেও আসতে হয়েছে ছয়ে ব্যাট করতে। এবার তারা ফিরিয়ে আনল টি-টোয়েন্টিতে নিজেদের সর্বনিম্ন স্কোরের স্মৃতি।
৬৩ রানেই আজ ৮ উইকেট হারানোর পর নিজেদের সর্বনিম্ন ৭৪ রানের স্কোরের রেকর্ডটা ভাঙতে বসেছিল ভারত। শেষ পর্যন্ত কুলদীপ যাদবের ২৮ বলে ২৩ রানের অপরাজিত ইনিংসে সেটি এড়িয়েছে বটে। তবে ৮১ রানে ইনিংস শেষ করেছে ভারত, যা টি-টোয়েন্টিতে ভারতের তৃতীয় সর্বনিম্ন স্কোর।
নিজেদের একটা রেকর্ড আজ ঠিকই ভেঙেছে শিখর ধাওয়ানের দল। ২০ ওভার ব্যাট করে এর আগে কখনোই এত কম রানে আটকে যায়নি তারা। সর্বশেষ ২০০৯ টি-টোয়েন্টি বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নটিংহ্যামে ২০ ওভার ব্যাট করেও ভারত তুলতে পেরেছিল ১১৮ রান। সেবারও ৮ উইকেট হারিয়েছিল তারা।
সব মিলিয়ে ২০ ওভার ব্যাট করে সবচেয়ে কম রান তোলার রেকর্ডটি ইরানের। গত বছর সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে পুরো ওভার খেলেও ৬১ রানের বেশি তুলতে পারেনি তারা। অবশ্য আইসিসির পূর্ণ সদস্যদেশগুলোর মাঝে এমন রেকর্ডে ভারতের ওপর আছে শুধু ওয়েস্ট ইন্ডিজ। ২০১০ সালে পোর্ট অব স্পেনে জিম্বাবুয়ের বিপক্ষে ক্যারিবীয়রা আটকে গিয়েছিল ৭৯ রানেই।
ভারতের হয়ে আজ দুই অঙ্ক ছুঁয়েছেন মাত্র তিনজন। সর্বোচ্চ জুটিটিও ১৯ রানের—ষষ্ঠ উইকেটে ভুবনেশ্বর কুমার ও কুলদীপের। সর্বোচ্চ স্কোর কুলদীপের ২৩ রান। হাসারাঙ্গার উজ্জ্বল দিনে ২০ রানে ২টি উইকেট নিয়েছেন অধিনায়ক দাসুন শানাকা। একটি করে নিয়েছেন দুষ্মন্ত চামিরা ও রমেশ মেন্ডিস। এ ছাড়া ৪ ওভারে মাত্র ১১ রান দিয়েছেন আকিলা দনাঞ্জয়া।