
দক্ষিণ আফ্রিকার ভাগ্য, ভারনন ফিল্যান্ডার ছিলেন। তাঁর ব্যাটের কল্যাণেই ইংল্যান্ডের প্রথম ইনিংসের লিডটা এক শর নিচে ছিল। দক্ষিণ আফ্রিকার দুর্ভাগ্য, ফিল্যান্ডার ছিলেন না। ডানহাতি এই অলরাউন্ডার বল করতে পারেননি বলেই হয়তো অনেক ঘাম ঝরিয়েও দ্রুত ব্রেক থ্রু পায়নি সফরকারীরা।
লর্ডসে প্রথম ইনিংসে ইংল্যান্ডের ৪৫৮ রানের জবাবে ব্যাট করতে নেমে কাল বেশ বিপদেই পড়ে দক্ষিণ আফ্রিকা। ২৪৮ রানে হারিয়ে ফেলে ৭ উইকেট। কুইন্টন ডি ককের সঙ্গে মিলে এই অবস্থা থেকে দলকে টেনে তোলেন ফিল্যান্ডার। অষ্টম উইকেটে তোলেন ৬৬ রান। ফিফটি করে ডি কক আউট হয়ে গেলেও উইকেটে ছিলেন ৯ নম্বরে নেমে ব্যাটসম্যান হয়ে ওঠা ফিল্যান্ডার। দশম ব্যাটসম্যান হিসেবে আউট হওয়ার আগে তুলে নেন টেস্ট ক্যারিয়ারের ষষ্ঠ ফিফটি (৫২)। প্রথম ইনিংসে অলআউট হওয়ার আগে ৩৬১ রান করে দক্ষিণ আফ্রিকা। ইংল্যান্ড লিড পায় ৯৭ রানের।
ফিল্যান্ডার আউট হয়ে ফিরতে একটি অস্বস্তিও ছড়িয়ে পড়ে দক্ষিণ আফ্রিকার ড্রেসিংরুমে। ব্যাটিংয়ের সময় জেমস অ্যান্ডারসনের একটি বল তাঁর ডান হাতের আঙুলে আঘাত করেছিল। সেটির জন্য এক্স-রে করাতে ফেরার পরপরই হাসপাতালে যেতে হয় তাঁকে। দক্ষিণ আফ্রিকা এই ভেবে খানিক স্বস্তি পেতে পারে যে ফিল্যান্ডারের আঙুলে কোনো চিড় ধরা পড়েনি। তবে কাল আর বোলিং করেননি তিনি।
প্রথম ইনিংসে ১৭ রানের মধ্যে ইংল্যান্ডের দুই ওপেনারকেই ফিরিয়েছিলেন ফিল্যান্ডার। তিনি না থাকাতেই কিনা দ্বিতীয় ইনিংসে ব্রেক থ্রু পেতে ৮০ রান পর্যন্ত অপেক্ষা করতে হয় দক্ষিণ আফ্রিকাকে। ৩৩ রান করা কিটন জেনিংসকে ফিরিয়েছেন মরনে মরকেল। দিনশেষে ১ উইকেট হারিয়ে ইংল্যান্ডের ১১৯ রান তুলেছ ইংল্যান্ড। লিড ২১৬ রানের। অ্যালিস্টার কুক ৫৯ ও গ্যারি ব্যালান্স ২২ রান নিয়ে উইকেটে আছেন।
ইংল্যান্ড প্রথম ইনিংসে সাড়ে চার শর বেশি রান করতে পেরেছে মূলত মঈন আলী আর স্টুয়ার্ট ব্রডের কল্যাণে। চার বছরের মধ্যে প্রথম ফিফটি পেয়েছেন ব্রড। আর ৮৭ রান করার পথে টেস্টে দুই হাজার রানের মাইলফলকে পৌঁছে গেছেন মঈন। বল হাতেও সফল ছিলেন মঈন। ৫৯ রানে নিয়েছেন ৪ উইকেট। পরশু পাওয়া দুই উইকেটে ছুঁয়ে ফেলেছেন ১০০ উইকেটের মাইলফলক। সূত্র: স্টার স্পোর্টস ২।